মাঠজুড়ে মরিচের লাল চাদর

পঞ্চগড় জেলায় এ বছর মরিচের ভালো ফলন হয়েছে। কৃষকেরা এখন মরিচ শুকাতে ব্যস্ত। দাম ভালো মিলছে। ফলে তাঁরা খুশি বলে জানান।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে এক সবুজ মাঠে পাকা মরিচ শুকানো হচ্ছে। এ বছর বৃষ্টি কম হওয়ায় মরিচের ফলন ভালো হয়েছে। কৃষকেরা ভালো দামও পাচ্ছেনছবি: তৌহিদ পারভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে বড় একটি সবুজ মাঠের দিকে তাকাতেই মনে হয় যেন অনেকগুলো টকটকে লাল চাদর বিছিয়ে রাখা হয়েছে! আসলে ওগুলো চাদর নয়, তপ্ত রোদে পাকা মরিচ শুকানো হচ্ছে। কাছাকাছি যেতেই মরিচের কড়া ঘ্রাণ নাকে এসে লাগে। সেই সঙ্গে অবশ্য চোখও জ্বালা করতে শুরু করে। ফলে যাঁরা এতে অভ্যস্ত নন তাঁদের পক্ষে সেখানে বেশিক্ষণ থাকা কঠিন।

সম্প্রতি সরেজমিনে মাঠে গিয়ে কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেল, প্রতিবছর গ্রীষ্মকালে এখানে মাস দুয়েক কড়া রোদে মরিচ শুকানোর কাজ চলে। মরিচের ভালো ফলন হলে মাঠের পাশাপাশি রাস্তা বা বাড়ির উঠোনেও মরিচ শুকানো হয়। সাধারণত প্রতি হেক্টর জমিতে ২ মেট্রিক টনের মতো মরিচের ফলন পাওয়া যায়। আর প্রতি মণ শুকনো মরিচ মান অনুসারে ৪ হাজার ৩০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়ে থাকে। অবশ্য মৌসুমের শেষ দিকে দাম কিছুটা বৃদ্ধি পায় বলে জানান তাঁরা।

এক সবুজ মাঠে পাকা মরিচ শুকানো হচ্ছে, মির্জাপুর, আটোয়ারী, পঞ্চগড়
ছবি: তৌহিদ পারভেজ

মির্জাপুরের মাঠে এখন নারী-পুরুষ মিলেমিশে কাজ করছেন। কেউ খেত থেকে পাকা মরিচ তুলে বস্তা ভরে নিয়ে আসছেন। আবার কেউ পলিথিন বিছিয়ে সেই মরিচ শুকাতে দিচ্ছেন এবং একটু পরপর মরিচ নাড়াচাড়া করছেন। এ সময় নষ্ট বা পচা মরিচ বাছাই করে আলাদাভাবে রাখা হয়। তবে মাঝেমধ্যে আকাশে কালো মেঘ দেখা দিলে, অর্থাৎ বৃষ্টির আশঙ্কা থাকলে দ্রুত প্লাস্টিক দিয়ে মরিচ মুড়িয়ে রাখা হয়। তখন কৃষকেরা রোদ ওঠার অপেক্ষায় মাঠে বসে থাকেন। আকাশে রোদ উঁকি দিতেই আবার তাঁরা ওই পলিথিন বিছিয়ে মরিচ শুকাতে ব্যস্ত হয়ে পড়েন। শুকানো হয়ে গেলে মাঠ থেকেই বা বাড়ি হয়ে মরিচ বিক্রি করতে বাজারে ছোটেন কৃষকেরা। এবারের ফলন ও দামে তাঁরা ভীষণ খুশি বলে জানান।

এবার পঞ্চগড় জেলায় মোট ৪৩৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। মরিচের ফলন হতে পারে ৪০ হাজার মেট্রিক টন। বৃষ্টি কম হওয়ায় এ বছর পচন রোগ কম হয়েছে। ফলে কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।
মিজানুর রহমান, উপপরিচালক, কৃষি বিভাগ, পঞ্চগড়।
পঞ্চগড় জেলায় মোট ৪৩৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।
ছবি: তৌহিদ পারভেজ

ওই এলাকার অধিকাংশ কৃষকই মরিচ চাষ করেন। মাঠেই কথা হয় মরিচচাষি অনীক হোসেনের সঙ্গে। প্রথম আলোকে জানান, বাপ-দাদার আমল থেকেই মরিচ চাষের সঙ্গে যুক্ত তাঁরা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় খারাপ ফলাফলের পর তিনি আর পড়াশোনা করেননি। মরিচসহ অন্যান্য কৃষিকাজে জড়িত হয়েছেন। এবার ঝড়বৃষ্টি কম হওয়ায় মরিচের ফলন বেশ ভালো হয়েছে। তিন বিঘা জমিতে মরিচ চাষে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। আশা করছেন, মোট ৩০ মণ মরিচ পাওয়া যাবে। তা বিক্রি করে মিলবে দেড় লাখ টাকার মতো।

অনীক বলেন, ‘কাঁচা মরিচের দাম কম। তাই মরিচ পাকাই। কারণ, পাকা মরিচের চাহিদা ভালো। বড় বড় প্রতিষ্ঠান ট্রাক নিয়ে এখানে মরিচ কিনতে আসে। সে জন্য এ সময় মির্জাপুর এলাকা কর্মচঞ্চল থাকে।’ মণপ্রতি প্রায় ৫ হাজার টাকা করে পান অনীক।

জেলার কৃষি বিভাগ থেকে জানা গেল, পঞ্চগড়ে স্থানীয় জাতের পাশাপাশি বাঁশগাইয়া, মল্লিকা, বিন্দু, হট মাস্টার, সুরক্ষাসহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের মরিচের আবাদ করা হয়। ফলন ভালো হওয়ায় কৃষকেরা সাধারণত উঁচু জমিতেই মরিচের আবাদ করেন। এই জেলার পাঁচ উপজেলাতেই কমবেশি মরিচ চাষ হয়ে থাকে। তবে আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলায় মরিচের চাষ বেশি হয়।

স্থানীয় কৃষি বিভাগের উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, এবার পঞ্চগড় জেলায় মোট ৪৩৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। মরিচের ফলন হতে পারে ৪০ হাজার মেট্রিক টন। বৃষ্টি কম হওয়ায় এ বছর পচন রোগ কম হয়েছে। ফলে কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।