মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের পঞ্চম বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এটি হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ)। এখন পর্যন্ত দেশটির সঙ্গে চারটি চুক্তি হয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়ার সঙ্গে ১৯৭৭ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, ১৯৮৩ সালে সমুদ্র পরিবহন চুক্তি, ১৯৯২ সালে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি এবং ১৯৯৪ সালে দ্বৈত কর পরিহার চুক্তি হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) : চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক অনলাইন সভায় বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান।

বিএমসিসিআই সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সভায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিম। এতে আরও বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার, বিএমসিসিআইয়ের বিদায়ী সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আবরার আনোয়ার, বিএমসিসিআইয়ের সহসভাপতি আনোয়ার শহীদ প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও উন্নত করার অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে মালয়েশিয়া।