গ্যাসের মূল্যবৃদ্ধি হবে, এমন কথা আগে বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল। তাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফিংয়ে এলে তাঁর কাছে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের একটা প্রশ্ন থাকতই। অর্থমন্ত্রীও বলছিলেন, তাঁর কাছে কোনো প্রস্তাব বা সুপারিশ আসেনি। যখন আসবে, তখন বলবেন।
গতকাল বুধবার অর্থমন্ত্রী অবশেষে এ নিয়ে বললেন এবং গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে মুখ খুললেন। তাঁর মতে, দাম বৃদ্ধির যৌক্তিকতা হচ্ছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও গ্যাসের মূল্যবৃদ্ধির সুপারিশ কেন?
জবাবে অর্থমন্ত্রী প্রশ্নকারী সাংবাদিককের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি আমার জায়গায় হলে কী করতেন? আপনি যা করতেন, আমি তাই করব। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হবে, তা কি কখনো ভেবেছি আমরা?
অর্থনীতি তো এমনই। নিশ্চিত-অনিশ্চিত সব ধরনেরই পরিস্থিতি আছে। চ্যালেঞ্জিং হিসেবে যখন যেটা সামনে আসবে, তখন সেটা মোকাবিলা করব।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী সোজাসাপটা বলে দেন, ‘অবশ্যই এটি যুদ্ধের প্রভাবে।’
দেশে পেট্রোবাংলার পাইকারি গ্যাসের দাম ৩৩ শতাংশের বেশি বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গঠিত কারিগরি কমিটি।