রপ্তানির নতুন বাজার হতে পারে আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য নতুন বাজার হতে পারে আফ্রিকা মহাদেশ। ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের ওষুধ, বস্ত্র, কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য ও পাদুকার ব্যাপক চাহিদা রয়েছে। অথচ প্রতি বছর বাংলাদেশের মোট রপ্তানির মাত্র ১ শতাংশ হয়ে থাকে আফ্রিকায়। তবে সেসব দেশে পণ্য রপ্তানি বাড়াতে হলে সরাসরি বিমান যোগাযোগ চালু করাসহ বাংলাদেশে আফ্রিকার দেশগুলোর দূতাবাস স্থাপন এবং শুল্ক ছাড় দিতে হবে। একই সঙ্গে ওই সব দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ে জোর দিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং ডিসিসিআইর যৌথভাবে আয়োজিত সপ্তাহব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের পঞ্চম দিনে গতকাল শনিবার ‘বাংলাদেশ ও আফ্রিকার মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) তারিকুল ইসলাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আফ্রিকার দেশগুলোতে পণ্য রপ্তানিতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কেনিয়া, ইথিওপিয়া, কঙ্গো, রুয়ান্ডা ও দক্ষিণ সুদানে প্রচুর জমি আছে। সেখানে । অ্যাগ্রি–বিজনেস তথা কৃষিবাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সুযোগ বাংলাদেশের উদ্যোক্তাদের নেওয়া উচিত। তিনি বলেন, ওষুধ, বস্ত্র, কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও পাদুকা পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে। আফ্রিকা অঞ্চলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের আরও সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নীতি–সহায়তার আশ্বাস দেন তিনি।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের মোট রপ্তানির মাত্র ১ দশমিক ০২ শতাংশ আফ্রিকার দেশগুলোতে হয়ে থাকে। তিনি বলেন, আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশ প্রধানত তুলা আমদানি করে। বর্তমানে বাংলাদেশের বস্ত্র, কৃষি, মৎস্য, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে আফ্রিকার বিনিয়োগ ৩০ কোটি ডলার। তিনি আফ্রিকা ও বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে সরাসরি বিমান যোগাযোগ চালু, বাংলাদেশে আফ্রিকার দেশগুলোর দূতাবাস স্থাপন, এফটিএ ও পিটিএ সইয়ের বিষয়ে তাগিদ দেন।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বলেন, আফ্রিকায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ইপিবি পাঁচটি বাণিজ্য মেলা আয়োজনের পরিকল্পনা করছে।