রাজনীতির চেয়ে ব্যবসা গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
প্রথম আলো ফাইল ছবি

ব্যবসা ও উন্নয়ন কার্যক্রমের বিবেচনায় চীন বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার। রপ্তানি পণ্যের কাঁচামাল, সরঞ্জামসহ (অ্যাকসেসরিজ) বিভিন্ন ক্ষেত্রে চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। ফলে দুই দেশের সম্পর্কে রাজনীতির চেয়ে ব্যবসার গুরুত্ব বেশি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ বিতরণ উপলক্ষে রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

প্রথমবার বিসিসিসিআই ও ইআরএফ যৌথভাবে এ ধরনের অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। বিজয়ী প্রতিবেদকদের ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা, ইআরএফ সভাপতি শারমীন রিনভীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীটাই ব্যবসার ওপর ভিত্তি করে চলছে। বৈশ্বিক রাজনীতি এখন অর্থনৈতিক রাজনীতি। প্রধানমন্ত্রী বলে থাকেন, শুধু রাজনৈতিক কূটনীতিতে হবে না। ব্যবসা-বাণিজ্যের বিষয়ে কূটনীতি করতে হবে। সেই কূটনীতিতে যে সফল হবে, সে-ই প্রকৃত সফল।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জাতিসংঘের ৭৬তম অধিবেশনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, চীন বৈশ্বিক উন্নয়নে কাজ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।