রাজশাহীতে হঠাৎ করে মরিচের দাম ২০০ টাকা কেজি
রাজশাহীর বাজারে গতকাল শুক্রবার হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়েছে। প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। অথচ এক সপ্তাহ আগেও এই শহরে মাত্র ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। এক দিন আগে বৃহস্পতিবারও নগরের লক্ষ্মীপুর বাজারে ১৬০ টাকা আর সাহেববাজারে ১৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।
তবে গতকাল জেলার অন্যান্য উপজেলার বাজারে দাম এর চেয়ে বেশ কম ছিল। মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে ১২৫ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।
হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় হকচকিয়ে গেছেন ক্রেতারা। নগরের লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার তিনি ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছেন। এক দিনের ব্যবধানে মরিচের দাম ২০০ টাকায় উঠে যাওয়ায় রীতিমতো বিস্মিত তিনি।
নগরের সাহেববাজার থেকে ছাত্রাবাসের জন্য নিয়মিত বাজার করেন পল্লব কুমার পাল। তিনি বলেন, তিন দিন আগে সাহেববাজার থেকে ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছেন তিনি। তারও তিন দিন আগে কিনেছেন মাত্র ৪০ টাকা কেজি দরে।
রাজশাহীর সবচেয়ে বড় মরিচের পাইকারি বাজার বসে পবা উপজেলার খড়খড়ি বাইপাসে। রাস্তার দুই পাশে আড়তদারেরা কাঁচা মরিচের স্তূপ সাজিয়ে রাখেন। ব্যবসায়ীরা জানান, সেখানে প্রতিদিন দেড় থেকে তিন হাজার মণ কাঁচা মরিচ কেনাবেচা হয়। সেখানকার মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে যায়। গতকাল এই পাইকারি বাজারে ১৩০ থেকে ১৩২ টাকা কেজি দরে মরিচ কেনাবেচা হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের মরিচচাষি আফসার উদ্দিন জানান, কোরবানির ঈদের পর ২০-২৫ টাকা কেজি দরে মরিচ বিক্রি করতে হয়েছে। এক সপ্তাহ আগেও মরিচের বাজার ভালো ছিল না। তবে গতকাল খড়খড়ি বাজারে ১৩০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছেন তিনি। এই বর্ষায় তাঁর কিছু গাছ নষ্ট হয়েছে। তবে এখন ভালো দাম পেলে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনজুর হোসেন জানান, বর্ষার সময় মরিচের ডাইব্যাক রোগ হয়। এতে গাছ বাঁচানো কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তখন মরিচের সরবরাহ কমে যায়, এ জন্য দামও বেড়ে যায়। প্রতিবছর এই সময় মরিচের দাম বেড়ে যায়। এই সংকট মোকাবিলায় তিনি কাঁচা মরিচ গুঁড়া করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। যখন মরিচের কেজি ১০ টাকায় নামে, তখন বেশি পরিমাণে মরিচ কিনে গুঁড়া তৈরির পরিকল্পনা আছে তাঁর। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না। গুঁড়ার প্যাকেট বাজারে থাকলে হঠাৎ করে ব্যবসায়ীরাও মরিচের বাজারে আগুন লাগাতে পারবেন না। মনজুর হোসেন বলেন, করোনার কারণে কর্মী পাওয়া যাচ্ছে না, তাই গুঁড়া উৎপাদনে যেতে পারছেন না তিনি।