রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় করা কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির ওপর করোনা মহামারির অব্যাহত নেতিবাচক প্রভাবের কারণে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় করা কঠিন হবে বলে মনে করছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। সেই সঙ্গে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা চ্যালেঞ্জ হবে বলেও মনে করছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সংস্থাটি।

আইসিএবির সভাপতি মাহমুদউল হাসান খসরু বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) বাস্তবায়নে এনবিআর এবং আইসিএবির যৌথ উদ্যোগ লক্ষ্য অনুযায়ী আয় অর্জনে সহায়তা করবে। আমরা আরও বিশ্বাস করি যে এই উদ্যোগ আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহি আনবে।’

বাজেটে দক্ষতা বিকাশ, হালকা প্রকৌশল খাতে ছাড়, কৃষিভিত্তিক শিল্পকে ছাড় এবং মেড ইন বাংলাদেশের নতুন ধারণাকে আলোকিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির দিকে দৃষ্টি দেওয়ায় সাধুবাদ জানান মাহমুদউল হাসান। তবে চলমান কোভিড-১৯-এর কারণে দারিদ্র্য স্তরের নিচে নেমে আসা মানুষের কথা বিবেচনা করে সামাজিক সুরক্ষা নেটের জন্য বাজেট বরাদ্দ অপ্রতুল বলে মনে করেন তিনি।

বাজেটে করপোরেট করের হার ২.৫ শতাংশ হ্রাস এবং ওয়ান পারসন কোম্পানির (ওপিসি) ওপর ২৫ শতাংশ কর নির্ধারণ, স্থানীয় শিল্পায়নের জন্য অর্থাৎ বাংলাদেশে তৈরি, মোটরগাড়ি (২০ বছর), গৃহ সরঞ্জাম (১০ বছর), হালকা প্রকৌশলের (১০ বছর) জন্য কর ছাড়ের প্রস্তাব, কমপক্ষে তৃতীয় লিঙ্গের ১০০ মানুষের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ করের ছাড়কে সাধুবাদ জানিয়েছে আইসিএবি।

তবে ফিন্যান্স অ্যাক্টে বিদ্যমান মহামারি পরিস্থিতি বিবেচনা করে স্বতন্ত্র করদাতার বোঝা হ্রাস করা উচিত ছিল বলে মনে করছে তারা।

সংস্থাটি মনে করছে, উৎসে কর ছাড়ের প্রস্তাবিত বৃদ্ধি পণ্য সরবরাহকারী এবং অবকাঠামো সংস্থার ওপর বিরূপ প্রভাব ফেলবে।