রিহ্যাবের আবাসন মেলা শুরু বৃহস্পতিবার
পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় থাকবে ২২০টি স্টল। তার মধ্যে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণসামগ্রীর স্টল থাকছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আরও উপস্থিত থাকবেন গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লা নূরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে উদ্বোধনের দিন মেলায় প্রবেশ করা যাবে বেলা দুইটায়। মেলায় একবার প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। আর পাঁচবার প্রবেশের জন্য মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা। আর উপস্থিত ছিলেন প্রথম সহসভাপতি কামাল মাহমুদ, লায়ন শরীফ আলী খান প্রমুখ।
মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘সাম্প্রতিক সময়ে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও প্রস্তাবিত ড্যাপ নিয়ে আমরা শঙ্কিত। আমাদের আশঙ্কা, নির্মাণসামগ্রী, বিশেষ করে রড-সিমেন্টের মূল্যবৃদ্ধি ও প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফ্ল্যাটের দাম বাড়বে।
স্বাস্থ্যসম্মত উপায়ে বসবাস করার জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। এ জন্য রিহ্যাব আয়োজিত এবারের মেলা হতে পারে ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ, এখনো আবাসন প্রতিষ্ঠানগুলো আগে থেকে শুরু করা প্রকল্পগুলোতে তুলনামূলক বিশেষ দামে ফ্ল্যাট দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। আগামীতে বিভিন্ন কারণে সে সুযোগ কমে আসবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সোহেল রানা বলেন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ৫০০ টাকা বেড়েছে। অবশ্য মেলায় এমন অনেক প্রকল্প আসবে, যেগুলোর নির্মাণকাজ অনেকখানি সম্পন্ন আছে। সে ক্ষেত্রে ক্রেতারা তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।