লুবনানের ভ্যাট ফাঁকি সাড়ে চার কোটি টাকা
দেশীয় পোশাক ব্র্যান্ড লুবনানের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত বিক্রি পর্যায়ে ভ্যাট, বাড়িভাড়াসহ বিভিন্নভাবে সাড়ে চার কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভ্যাট গোয়েন্দাদের এক তদন্তে প্রতিষ্ঠানটির রাজধানীসহ সারা দেশে ১০৮টি বিপণিকেন্দ্রে ভ্যাট বা মূসক (মূল্য সংযোজন কর) ফাঁকির এমন তথ্য উদ্ঘাটিত হয়েছে।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ইতিমধ্যে লুবনানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করেছে। সংস্থাটি গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
লুবনানের তিনটি ব্র্যান্ড হলো রিচম্যান অ্যাপারেলস, ইনফিনিটি মেগা মল ও লুবনান এথনিক উইয়ার। রাজধানীর বড় বড় শপিং মলসহ সারা দেশে প্রতিষ্ঠানটির ১০৮টি বিপণিকেন্দ্র আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ফেব্রুয়ারি মাসে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলামের নেতৃত্বে লুবনানের অফিস ও কারখানায় তদন্ত পরিচালিত হয়। তদন্ত দল তল্লাশি করে প্রতিষ্ঠানটির ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ১০৮টি শাখার ভ্যাটের হিসাব, বাড়িভাড়ার চুক্তিপত্র, নিরীক্ষা প্রতিবেদন, করপোরেট চালানের অনুলিপি ও ঋণপত্রের যাবতীয় তথ্য জব্দ করে। দীর্ঘ তদন্ত শেষে ভ্যাট গোয়েন্দা দল প্রতিষ্ঠানটির মূসক ফাঁকির প্রমাণ পেয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, বিক্রির ওপর যেমন ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে, তেমনি ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে প্রকৃত বাড়িভাড়াও গোপন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হলে সুদসহ ভ্যাট আদায় করা হবে।
যোগাযোগ করা হলে লুবনানের পরিচালক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলার বিষয়ে ভ্যাট কার্যালয় থেকে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংবাদমাধ্যম থেকেই মামলার বিষয়ে জানতে পেরেছি। মাসখানেক আগে ভ্যাট কর্মকর্তারা আমাদের কাছ থেকে তথ্যাদি নিয়ে যান। এরপর আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মামলা করা হয়েছে।’
ভ্যাট গোয়েন্দাদের তদন্ত অনুসারে, ওই চার বছরে বিক্রির বিপরীতে প্রতিষ্ঠানটি ৩৯ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৫৬৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির ভ্যাট দেওয়ার কথা ছিল ৪১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৪২৮ টাকা। এই ফাঁকি দেওয়া ভ্যাটের ওপর ৯৫ লাখ ২০ হাজার ৯২৯ টাকা সুদ আরোপ হবে।
এদিকে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি স্থান ও স্থাপনার ভাড়ার বিপরীতে ৪ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৩৬৮ টাকার ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু ভ্যাট দেওয়ার কথা ছিল ৪ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৮০ টাকা। এ ক্ষেত্রে ভ্যাট ফাঁকির পরিমাণ ১ লাখ ১৩ হাজার ৭১২ টাকা। এর ওপর সুদ হবে ৭৫ হাজার ১৮ টাকা। এ ছাড়া উৎসে কর হিসেবে ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৭১৫ কোটি টাকা ফাঁকি দেওয়া হয়েছে। এর সঙ্গে সুদ যোগ হবে ১৪ লাখ ৬৫ হাজার ৬৪০ টাকা।