দেশের দরিদ্র মানুষকে প্রায় আট লাখ শৌচাগার বা টয়লেট তৈরি করে দিতে চায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। এ ছাড়া তারা বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, হাটবাজার ও বিনোদন পার্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে আরও প্রায় পাঁচ হাজার শৌচাগার নির্মাণ করতে আগ্রহী।
সারা দেশে এই শৌচাগার নির্মাণের জন্য ‘গ্রামীণ স্যানিটেশন’ শিরোনামের একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে ডিপিএইচই। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭১৮ কোটি টাকা। পুরো টাকা সরকারের কোষাগার থেকে চেয়েছে সংস্থাটি।
অবশ্য দরিদ্র মানুষের মধ্যে কারা শৌচাগার পাবেন, সেই তালিকা এখনো তৈরি করা হয়নি। কোন কোন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, হাটবাজার, বিনোদন পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানে শৌচাগার নির্মাণ করা হবে, সেই তালিকাও হয়নি। দরিদ্র মানুষের সংজ্ঞা কীভাবে নির্ধারিত হবে এবং কাদের বাছাই করা হবে, সে সম্পর্কে প্রকল্প প্রস্তাবে কিছুই উল্লেখ করা হয়নি।
বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হলো প্রকল্প নেওয়ার যৌক্তিকতা কতটুকু, সেটা আগে খতিয়ে দেখা। এরপর সমীক্ষা, অনুমোদন ও অর্থায়ন। অথচ আমাদের দেশে হচ্ছে ঠিক উল্টো।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন এ রকম যেনতেনভাবে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে তা অনুমোদন করিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। পরে বারবার ব্যয় ও মেয়াদ বাড়ানোর ঘটনা ঘটে। শৌচাগার তৈরি করে দেওয়া হলে তা দরিদ্র মানুষেরা পাবে কি না, সেই সন্দেহও তৈরি হয়েছে। অতীতে সরকারি এ ধরনের সুবিধাপ্রাপ্তদের তালিকায় সচ্ছলদের নাম চলে আসা ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এসেছে।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মামুন আল রশীদ বলেন, ‘আমরা একটা নীতিমালা ঠিক করে দেব, যাতে সত্যিকারের গরিব মানুষ শৌচাগার পায় এবং তালিকায় সচ্ছল ব্যক্তিরা ঢুকতে না পারে।’
শৌচাগার নির্মাণের জমি পাওয়াটাও যে একটা চ্যালেঞ্জ, সেটি প্রকল্প সারপত্রে স্বীকার করেছে ডিপিএইচই। এর আগে সংস্থাটি বিচ্ছিন্নভাবে যেসব জায়গায় শৌচাগার নির্মাণ করতে গেছে, সেখানে পদে পদে জটিলতায় পড়েছে আগে তালিকা না করার কারণে। যেমন ২০১৮ সালে চা-বাগানের শ্রমিকদের জন্য শৌচাগার নির্মাণের একটি প্রকল্প নেওয়া হলেও স্থান চূড়ান্ত করতে না পারায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। শৌচাগার নির্মাণের পর সুবিধাভোগীদের কাছ থেকে কিছু টাকা নেওয়ার কথা থাকলেও তা আদায়ের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। যে কারণে প্রকল্পটির মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, দেখা গেল এমন জায়গায় টয়লেট নির্মাণ করা হয়েছে, যেখানে মানুষ যেতে চায় না। তখন অনেক টয়লেট অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে।
প্রকল্প প্রস্তাবে কারা দরিদ্র মানুষ বাছাই করবে, তার একটি ধারণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিয়নের পানি ও পয়োনিষ্কাশন কমিটি (ওয়াটসান) এই তালিকা করবে। ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা বিভাগ) আরিফ আনোয়ার খান বলেন, স্থানীয় ওয়াটসান কমিটি তালিকা করলে অনিয়মের সুযোগ থাকবে না।
দরিদ্রদের জন্য একেকটি শৌচাগার নির্মাণে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। নির্মাণ করে দেওয়ার পর সুবিধাভোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রকল্প প্রস্তাবে।
ডিপিএইচইর তথ্য অনুযায়ী প্রকল্পটির আওতায় চার শ্রেণিতে সারা দেশে শৌচাগার নির্মাণ করা হবে। প্রথম শ্রেণিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৬৪ জেলায় (ইমপ্রুভ ল্যাট্রিন) শৌচাগার স্থাপিত হবে ৭ লাখ ২৫ হাজার ৮৬৭টি। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৭৭ কোটি টাকা। দ্বিতীয় শ্রেণিতে দুর্গম ও দুর্যোগপ্রবণ এলাকার দরিদ্রদের জন্য ইমপ্রুভমেন্ট ল্যাট্রিন বা শৌচাগার স্থাপিত হবে ৮০ হাজার ৬৫২টি, ব্যয় হবে ৬৫২ কোটি টাকা। তৃতীয় শ্রেণিতে হাটবাজার ও বিনোদনকেন্দ্রে পাবলিক টয়লেট (টাইপ-১) নির্মাণ করা হবে ২ হাজার ৪৬০টি। ব্যয় ধরা হয়েছে ৪১৮ কোটি টাকা। চতুর্থ শ্রেণিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, গ্রোথ সেন্টারে পাবলিক টয়লেট (টাইপ-২) নির্মাণ করা হবে ২ হাজার ৪৬০টি। এ জন্য ব্যয় হবে ১৯৭ কোটি টাকা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, দেশে ১ দশমিক ৩ শতাংশ মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করে। বাকিদের বিভিন্ন মানের শৌচাগারের ব্যবস্থা আছে।
বেসরকারি সংস্থা পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাপী স্বীকৃতি পদ্ধতি হলো প্রকল্প নেওয়ার যৌক্তিকতা কতটুকু, সেটা আগে খতিয়ে দেখা। এরপর সমীক্ষা, অনুমোদন ও অর্থায়ন। অথচ আমাদের দেশে হচ্ছে ঠিক উল্টো। ফলে যে উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয়, সেটা অর্জিত হয় না। অর্থ খরচে এই জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।’ তিনি বলেন, করোনার সময় দেশে রাজস্ব আদায় কমে গেছে। এখন কোন ধরনের প্রকল্পে অগ্রাধিকার দিতে হবে, সেটা নীতিনির্ধারকদের ভাবা উচিত।