গবেষণা প্রবন্ধের পর্যবেক্ষণ
সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীগুলোই প্রণোদনা ঋণ বেশি পেয়েছে
সরকার ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে, যা জিডিপির তুলনায় প্রতিবেশী দেশগুলোর চেয়ে কম।
দেশে তথ্য–উপাত্তের অভাবে সময়োচিত নীতি প্রণয়ন করা হচ্ছে না। একান্তই অনুমান-নির্ভরতা ও অ্যাডহক ভিত্তিতে প্রণীত হচ্ছে নীতি। ঠিক এ কারণে কোভিড–১৯–এর প্রভাব মোকাবিলায় যে ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেগুলো থেকে সবচেয়ে সুবিধা বেশি পেয়েছে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীগুলো। আর অনানুষ্ঠানিক খাতের অনেক জায়গায় নীতি–সহায়তা পৌঁছায়নি। এর অন্যতম কারণ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এ পরিস্থিতিতে এখন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো দরকার।
গতকাল শনিবার এশিয়া ফাউন্ডেশন, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টেগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথভাবে আয়োজিত ‘কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ: প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহি’ শীর্ষক এক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে।
সুবিধা কারা পাবে, তা চিহ্নিত করার ক্ষেত্রে প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তবে পরে সেগুলো ঠিক করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য সমস্যা সমাধান করা।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সেমিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মো. কাওসার আহমেদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুজ্জামান মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।
প্রবন্ধে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ঘোষিত ২৮টি প্রণোদনা প্যাকেজে নানা ধরনের সমস্যা দেখা গেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় এসব প্যাকেজের বরাদ্দের পরিমাণ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় কম। প্যাকেজগুলোয় যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, তা জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। অথচ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে এ হার আরও অনেক বেশি। যেমন ভুটান ১৮, ভারত ১৬, ফিলিপাইন ৯, পাকিস্তান ৮ ও ভিয়েতনাম ৮ শতাংশ।
বাংলাদেশে প্যাকেজ বাস্তবায়নের গতি ধীর ছিল বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। এতে বলা হয়, মোট বরাদ্দের ৮০ শতাংশই ছিল বিভিন্ন ধরনের ঋণসহায়তা। আবার ৫৪ শতাংশ বরাদ্দই বৃহৎ ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য। প্যাকেজগুলোতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (সিএমএসএমই) জন্য বরাদ্দ করা হয় ২৭ শতাংশ। আর নগদ ও খাদ্যসহায়তা বাবদ বরাদ্দ করা হয়েছে মাত্র ৪ শতাংশ। আবার গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ, কৃষিকাজ যান্ত্রিকীকরণ ও কৃষি ভর্তুকি—এ তিনটি প্যাকেজের বরাদ্দ করা হয় ৭ দশমিক ৭ শতাংশ, যেগুলো প্রণোদনার তালিকায় দেখানোর দরকার ছিল না।
কাদের জন্য এবং কী পরিমাণ প্রণোদনা—এ ব্যাপারে দুবর্লতা ছিল উল্লেখ করে মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মহামারি শুরুর দুই বছর হতে চললেও দারিদ্র্য ও কর্মসংস্থানের ওপর নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্ভাব্য উপকারভোগীদের চিহ্নিত করে ২০১৭-১৮ সময়ে প্রায় সাড়ে ৩ কোটি খানার ওপর তথ্য সংগ্রহ করা হলেও তথ্যভান্ডারটি এখনো তৈরি হয়নি। নীতিসুবিধা কার প্রয়োজনে তা চিহ্নিত করার কাজটি ঠিকভাবে হয়নি প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যেকোনো জরুরি বা সংকটময় পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধ উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। করোনার ক্ষেত্রে সরকার সেটিই করেছে। অবশ্যই ব্যাংক খাতের মাধ্যমে করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশও তা–ই করেছে। সুবিধা কারা পাবে, তা চিহ্নিত করার ক্ষেত্রে প্রথম দিকে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তবে পরে সেগুলো ঠিক করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য সমস্যার সমাধান করা।
ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ বলেন, শুধু সক্ষমতা বাড়ালে হবে না, প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে হবে। তারা যাতে ক্ষুদ্র ও অতিক্ষুদ্রদের পাশে দাঁড়ায়, সে ব্যবস্থা করতে হবে।
সমস্যা এড়িয়ে প্রশংসা করলেন যাঁরা
পরিকল্পনা কমিশনের সদস্য কাওসার আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তাব্যবস্থার উন্নতির জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যথাযথভাবে পরিচালিত হচ্ছে। এগুলো আরও অন্তর্ভুক্তিমূলক হবে।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সবার জন্য পেনশন, কর্মস্থলে দুর্ঘটনার জন্য বিমা ব্যবস্থা চালু হবে। আর কোভিডকালে অনানুষ্ঠানিক খাতে যাঁরা সুবিধা পাননি, তাঁদের সুবিধা দেওয়ার কাজ চলছে।
র্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ বলেন, সরকারের প্রণোদনা প্যাকেজগুলোর কারণে অর্থনৈতিক পুনরুদ্ধার সহজ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগকে কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে এখন কাজ করা দরকার।
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক নূরুল আলম বলেন, ঋণঝুঁকি মোকাবিলার ব্যবস্থা এখন জরুরি।
ইস্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বলেন, প্রণোদনা প্যাকেজের বড় অংশ যেহেতু ব্যাংক খাতের মাধ্যমে দেওয়া হচ্ছে, ফলে ব্যাংকগুলোর ঝুঁকি প্রশমনে একটি উদ্যোগ থাকা দরকার। নইলে প্রাতিষ্ঠানিক আগ্রহ কমে যেতে পারে।
অগ্রণী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা পূরণ করছে এবং কম ঝুঁকি বিবেচনা করেই গ্রাহক নির্বাচন করছে।
এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ বলেন, সরকার করোনার প্রভাব মোকাবিলায় যেসব প্রণোদনা প্যাকেজ নিয়েছে, সেগুলো খুবই সময়োপযোগী।
ইআরএফের সভাপতি শারমিন রিনভীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।