সাক্ষাৎকার
সব বয়সীদের দুধ পান জরুরি
দুধের পুষ্টিগুণ, পানের সময়, দুধ পানের উপযোগী করার প্রক্রিয়া—এসব নিয়ে নানা প্রশ্ন আমাদের আছে। বিষয়গুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বারডেম হাসপাতালের সাবেক চিফ নিউট্রিশন অফিসার ও বিভাগীয় প্রধান আখতারুন নাহার আলো। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।
প্রথম আলো: সব বয়সে কেন দুধ পান করা জরুরি? ফ্যাট ফ্রি, লো ফ্যাট বা হোল মিল্ক—কোন ধরনের দুধ পান বেশি স্বাস্থ্যকর?
আখতারুন নাহার আলো: দুধ এমন একটি খাবার, পুষ্টিবিজ্ঞানে যার কোনো বিকল্প নেই। মানবদেহের সব কটি প্রয়োজনীয় উপাদান দুধে পাওয়া যায়। দেহ গঠনের সব কটি প্রয়োজনীয় প্রোটিন দুধে থাকায় শিশু, বাড়ন্ত বয়সী, অন্তঃসত্ত্বা ও স্তন্যদায়ী মায়েদের জন্য দুধ অপরিহার্য। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দুধকে প্রাধান্য দেওয়া হয়। এতে সন্তোষজনক মাত্রায় ফসফরাস থাকে। শিশু ও বাড়ন্ত বয়সে হাড়, দাঁতের গঠন ও মজবুতের জন্য এবং বয়স্ক ব্যক্তিদের হাড়ের ভঙ্গুরতা রোধ করার জন্য দুধ প্রয়োজন। অর্থাৎ সব বয়সের মানুষের দুধ পান করা জরুরি।
ফ্যাট ফ্রি, লো ফ্যাট বা হোল মিল্ক—স্বাস্থ্যের বিভিন্ন অবস্থার কথা বিবেচনা করেই দুধ পান করা উচিত। ফ্রাট ফ্রি বা ননিবিহীন দুধের ভেতর থেকে চর্বি উঠিয়ে নেওয়া হয়। তবে চর্বি তুলে ফেলার সঙ্গে সঙ্গে এর স্বাদ ও ঘ্রাণ কমে যায়। আবার এতে থাকা ভিটামিন এ ও ডি কমে যায়। ফ্যাট ফ্রি দুধ ব্যবহার করা হয় হৃদ্রোগী, উচ্চ রক্তচাপের রোগী এবং যাঁদের রক্তে চর্বির আধিক্য থাকে, তাঁদের ক্ষেত্রে। তবে শিশু ও অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে ফ্যাট ফ্রি বা লো ফ্যাট মিল্ক ব্যবহার করা উচিত নয়। এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা দেয়।
প্রথম আলো: দুধের পুষ্টিসুবিধা কী? দুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কী?
আখতারুন নাহার: দুধে সব ধরনের পুষ্টি উপাদান আছে বলে মানুষ শুধু দুধ পান করেও দিনযাপন করতে পারে। দুধে উচ্চমাত্রায় প্রোটিন আছে। এর জৈবমূল্য ৯০। দুধের প্রোটিন হলো কেজিন আর এর শর্করা হলো ল্যাকটোজ। ল্যাকটোজের জন্যই দুধ মিষ্টি লাগে। স্বাস্থ্যের ওপর দুধের প্রভাব অনেকখানি। দুধে রাইবোফ্লাভিন আছে। এটি মুখের ও জিবের ঘা থেকে রক্ষা করে। দুধে ট্রিফটোফ্যান থাকার কারণে ভালো ঘুমের জন্য দুধ প্রয়োজন। নিয়মিত দুধ পানে হাড়ের ব্যথা উপশম হয়। ত্বক, চুল, নখ উজ্জ্বল হয়। দুধ রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বলে করোনা রোগীদের সুরক্ষা দেয়।
প্রথম আলো: দিন-রাতের কোন সময়ে দুধ পান করা বেশি উপযোগী?
আখতারুন নাহার: দুধপানের সঙ্গে দিন-রাতের সম্পর্ক নেই। চিনি দিয়ে দুধ খেলে এর ক্যালরি বৃদ্ধি পায় এবং স্বাদেও ভিন্নতা আসে।
প্রথম আলো: ঠান্ডা না গরম, কোন অবস্থায় দুধ পান করা উচিত?
আখতারুন নাহার: দুধ ঠান্ডা না গরম পান করবেন, সেটা সম্পূর্ণ শারীরিক ব্যাপার। যেমন পেপটিক আলসারের ক্ষেত্রে ঠান্ডা দুধ এবং মেলিনার (ব্ল্যাক স্টুল) ক্ষেত্রে বরফঠান্ডা দুধ খেলে ভালো হয়। তবে স্বাভাবিক অবস্থায় ঈষদুষ্ণ গরম দুধই ভালো।
প্রথম আলো: বাংলাদেশের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে দুধপানের ভূমিকা কী?
আখতারুন নাহার: বাংলাদেশের পুষ্টি উন্নয়নে দুধপানের ভূমিকা অপরিহার্য। হাড়জনিত সব রোগ উপশমের জন্য দুধ প্রয়োজন। ২০০০ সালে যুক্তরাষ্ট্রের কলেজ অব নিউট্রিশনের এক সমীক্ষায় দেখা যায়, জীবনব্যাপী ক্যালসিয়াম গ্রহণ অস্টিওপোরোসিস প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য হলো দুধ। সুস্থ জাতি গঠনে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে দুধ স্বীকৃত পুষ্টিকর পানীয়।