সাত কোম্পানির বিস্কুট কিনে ভ্যাট ছাড় পেল ডব্লিউএফপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) বাংলাদেশের বিভিন্ন সরকারি–বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিস্কুট সরবরাহ করে। স্থানীয় বিস্কুট উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে বিস্কুট কিনে তা স্কুলে সরবরাহ করে সংস্থাটি। এবার আটটি বড় বিস্কুট কোম্পানির কাছ থেকে চার হাজার টন বিস্কুট কিনবে ডব্লিউএফপি। ওই সাত কোম্পানির কাছ থেকে বিস্কুট কেনায় কোনো মূল্য সংযোজন কর দিতে হবে না। কারণ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ডব্লিউএফপিকে বিস্কুট কেনায় ভ্যাট ছাড় দিয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ওই সাত বিস্কুট কোম্পানি হলো প্রাণ ডেইরি লিমিটেড, জনতা বিস্কুট কোম্পানি, মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডায়মন্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রেসকো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি, নিউ অলিম্পিয়া বিস্কুট ফ্যাক্টরি ও মুনা ফুডস ইন্ডাস্ট্রিজ। জানা গেছে, এসব কোম্পানির কাছ থেকে ৪ হাজার ৪৬ টন বিস্কুট কিনবে ডব্লিউএফপি। এর মধ্যে জনতা বিস্কুট কোম্পানির কাছ থেকে সর্বোচ্চ এক হাজার টন বিস্কুট এবং মুনা ফুডস লিমিটেডের কাছ থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৯০০ টন বিস্কুট কেনা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপির মধ্যকার চুক্তি অনুসারে দেশের ভেতর থেকে খাদ্যসামগ্রী কেনা হলে স্থানীয় শুল্ক ও কর মওকুফ করা হবে। সে জন্য এনবিআর বিস্কুট কেনায় ভ্যাট মওকুফ করেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ওই সব বিস্কুট কোম্পানির সঙ্গে কেনাকাটার চুক্তি করেছে ডব্লিউএফপি। তবে এনবিআর শর্ত দিয়েছে, ওই সব কোম্পানিকে বিনা ভ্যাটে কত বিস্কুট সরবরাহ করল, এর হিসাব সংরক্ষণ করে তা তাদের আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে।