সাধ্যের মধ্যে ফ্ল্যাট কিনতে চান চট্টগ্রামের ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা। গতকাল তৃতীয় দিনেও ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমজমাট ছিল মেলা। চট্টগ্রাম নগরের র‌্যাডিসন ব্লু হোটেলে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আবাসন মেলার তৃতীয় দিন গতকাল শনিবার আগ্রহী ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে ক্রেতারা ঘুরেফিরে প্রতিষ্ঠিত আবাসন কোম্পানিগুলোর স্টলে ভিড় করেছেন। ক্রেতাদের প্রধান চাওয়া ছিল, তুলনামূলক কম দাম এবং সুযোগ-সুবিধা বেশি আছে, এমন ফ্ল্যাট।

চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চার দিনব্যাপী এ মেলা গত বৃহস্পতিবার শুরু হয়। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলা আয়োজন করে। মেলায় ঢাকা ও চট্টগ্রামের ৪৬টি প্রতিষ্ঠানের ৭১টি স্টল আছে। এর মধ্যে আবাসন প্রতিষ্ঠান আছে ২৯টি। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠান ও ভবন নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

নগরের চান্দগাঁও থেকে মেলায় এসেছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রাশেদুল আলম। সিপিডিএল, জুমাইরা ও ইক্যুইটির স্টলের
কর্মীদের কাছ থেকে ফ্ল্যাটের দর ও সুযোগ-সুবিধার কথা জানতে চাচ্ছিলেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, দাম ও সুযোগ-সুবিধা—এই দুই বিষয় মিলে গেলে মেলায় ফ্ল্যাটের বুকিং দেবেন বলে ভাবছেন।

মেলায় আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতাদের চাওয়া ৬০ থেকে ৭০ লাখ টাকার ফ্ল্যাট। তবে ভালো জায়গায় এখন মাঝারি আকারের ফ্ল্যাটের দরও ৮০ থেকে ৯০ লাখ টাকা। সুযোগ-সুবিধা বাড়লে তা কোটি টাকার বেশি।

মেলায় উইকন প্রপার্টিজের স্টলে কথা হয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রথমবার মেলায় এসে গ্রাহকদের ভালো সাড়া পাচ্ছি। শুধু চট্টগ্রামে নয়, সারা দেশে উইকন প্রপার্টিজ প্রথম স্বয়ংসম্পূর্ণ আবাসন কোম্পানি। নির্মাণে নান্দনিকতা ও প্রকল্পের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে কাজ করছি আমরা।’

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। মেলা শেষ হবে আজ রোববার।

রিহ্যাব চট্টগ্রাম কমিটির সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্মাণ উপকরণের দাম বাড়ছে। মেলা উপলক্ষে কোম্পানিগুলো ফ্ল্যাটের দর সমন্বয় করেনি। অর্থাৎ, এবারের মেলায় পর্যন্ত তুলনামূলক কম দামে ফ্ল্যাট কেনার সুযোগ আছে। এই সুযোগ নিতে প্রকৃত ক্রেতারাই মেলায় আসছেন।