সুকুক বন্ড দিয়ে অর্থ সংগ্রহে বড় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি বন্ড ও সুকুকের বাজার বড় করতে চায় সরকার। এ জন্য কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এর ফলে যে সম্পদের বিপরীতে সুকুক ছাড়া হবে, তা ট্রাস্টির কাছে হস্তান্তরে কোনো মূলধনি কর দিতে হবে না। অর্থাৎ সম্পত্তি হস্তান্তরে কোনো কর দিতে হবে না।

বর্তমানে সরকার সুকুকের মাধ্যমে বাজার থেকে ৯ হাজার কোটি টাকা তুলছে। আবার সুকুকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপও কয়েক হাজার কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী বলেছেন, ‘উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি পুঁজি সংগ্রহে ব্যাংকের বিকল্প হিসেবে সরকার শক্তিশালী বন্ড মার্কেট বিকাশে নীতিসহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই নীতির অংশ হিসেবে সুকুক বা ইসলামি বন্ডের সহজ প্রচলন ও বাজার শক্তিশালী করার লক্ষ্যে সম্পত্তি হস্তান্তরের সময় প্রযোজ্য মূলধনি কর পরিশোধ হতে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি।’ এই প্রস্তাব সংসদে পাস হলে দীর্ঘ মেয়াদে পুঁজি সংগ্রহ সহজ হবে এবং ব্যাংক নির্ভরতা কমে আসবে। একই সঙ্গে বন্ড মার্কেট উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে, যা অবকাঠামো ও পুঁজিঘন শিল্পের উন্নয়ন ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

ব্যাংক কর্মকর্তারা জানান, কোনো সম্পদের বিপরীতে সুকুক ছেড়ে অর্থ সংগ্রহ করতে হলে ওই সম্পদ কোনো ট্রাস্টির হেফাজতে রাখতে হয়। আবার পরে সেগুলো ট্রাস্টির কাছ থেকে মূল কোম্পানিতে স্থানান্তর করা যায়। সম্পদ হস্তান্তরের সময় যে মূলধনি কর পরিশোধ করতে হয়, সেটি তুলে নেওয়া হচ্ছে। এর ফলে সুকুকের বাজার বড় হবে, খরচ কমবে বলে সুকুকের মাধ্যমে মূলধন সংগ্রহে উদ্যোক্তারাও আগ্রহী হবেন।