রপ্তানি খাত
সুতার দাম নিয়ে মুখোমুখি বস্ত্র ও পোশাকমালিকেরা
প্রতি কেজি সুতার দাম ৪ ডলার ২৫ সেন্ট থেকে ৪ ডলার ৪০ সেন্টে বিক্রি হচ্ছে। গত নভেম্বরে দাম ছিল ৩ ডলারের কম।
আট মাস ধরে সুতার দাম বাড়তি। মাঝে এপ্রিল-মে মাসে বাজার ছিল অস্থির—প্রায় প্রতিদিনই সুতার দাম বাড়ছিল। বর্তমানে সেই পরিস্থিতি না থাকলেও দাম বেশি। পোশাকের কাপড় তৈরিতে বেশি ব্যবহৃত ৩০ কাউন্টের প্রতি কেজি সুতা ৪ ডলার ২৫ সেন্ট থেকে ৪ ডলার ৪০ সেন্টে বিক্রি হচ্ছে। গত নভেম্বরে দাম ছিল ৩ ডলারের কম। তবে হঠাৎ সুতার বাড়তি দাম নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন পোশাক ও বস্ত্র খাতের মালিকেরা।
পোশাকশিল্পের মালিকদের অভিযোগ, চাহিদা বেড়ে যাওয়ায় স্পিনিং মিলগুলো অন্যায্যভাবে সুতার দাম বাড়িয়ে দিয়েছে। সে জন্য কারখানাগুলো পোশাকের ক্রয়াদেশ নিতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে বস্ত্রকলমালিকদের দাবি, আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়তি। করোনার কারণে কনটেইনার ভাড়াও চার থেকে পাঁচ গুণ বেড়েছে। তা ছাড়া মুক্তবাজার অর্থনীতিতে এককভাবে সুতার দাম বাড়ানোর সুযোগ নেই।
জানা যায়, সুতার দাম নিয়ে কয়েক মাস ধরেই বিপদে ছিলেন পোশাকশিল্পের মালিকেরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত মাস থেকে প্রচুর ক্রয়াদেশ আসছে। তবে সুতার বাড়তি দামে ক্রয়াদেশ নিতে ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে সুবিধা করতে পারছেন না মালিকেরা। অনেক ক্রেতাই পোশাকের বাড়তি দাম দিতে চাইছেন না। আবার সুতার বাজার অস্থির থাকায় নতুন করে দাম বাড়লেও বিপদে পড়বেন মালিকেরা।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর গুলশান কার্যালয়ে গত রোববার একটি বৈঠক হয়। তাতে বিজিএমইএ ছাড়াও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ ও টেরিটাওয়েলশিল্প মালিকদের সংগঠন বিটিটিএলএমইএর নেতারা অংশ নেন। সেখানে তাঁরা অভিযোগ করেন, স্পিনিং মিলগুলো সুতার দাম বাড়িয়েই যাচ্ছে, যা এককথায় অসহনীয়। পরে সুতার মূল্য বৃদ্ধিতে কী কী সমস্যা হচ্ছে, সেসব তুলে ধরতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়। উদ্ভূত পরিস্থিতিতে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর নেতারা গতকাল সোমবার বিকেলে নিজেদের অবস্থান জানাতে সভা ডেকেছিলেন। গণমাধ্যমকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়। শেষ মুহূর্তে সভাটি অনিবার্য কারণে বাতিল করে বিটিএমএ।
বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতারা জানান, সুতার দাম নিয়ে পোশাক ও বস্ত্রকলমালিকেরা পাল্টাপাল্টি অবস্থানে গেলে হিতে বিপরীত হবে। দেশের সুনাম ক্ষুণ্ন হবে। প্রতিযোগী দেশগুলো সুযোগ লুফে নেবে। তাই সমস্যা সমাধানে আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা। পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ ব্যবসায়ীদের হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সুতার দামে কী ধরনের সমস্যা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক প্রথম আলোকে বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের স্পিনিং মিলগুলোর সুতার দাম কেজিতে ৫০-৭০ সেন্ট বেশি। ক্রেতারা সুতার দামের এত তফাৎ মানতে চাইছেন না। তাঁরা (ক্রেতারা) বলেছেন, ‘আমরা মিথ্যা বলছি।’ তিনি আরও বলেন, সুতার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় প্রচুর ক্রয়াদেশ থাকলেও তা নেওয়া যাচ্ছে না। ক্রেতারা সেইদাম দিতে চাইছে না। আবার কম লিড টাইমের (ক্রয়াদেশ থেকে পণ্য জাহাজীকরণ পর্যন্ত সময়) জন্য ভারত থেকেও সুতা আমদানি কঠিন হয়ে পড়েছে।
ক্রয়াদেশ বেশি থাকায় পোশাক কারখানার মালিকেরা প্রতিনিয়ত স্পিনিং মিলগুলোতে সুতার জন্য ধরনা দিচ্ছেন। চাহিদা বেশি থাকায় তারাও সুযোগ বুঝে দাম বাড়িয়েছে। এতে ছোট ছোট পোশাক কারখানা বিপদে পড়েছে।মোহাম্মদ হাতেম, সহসভাপতি, বিকেএমইএ
বিটিএমএর তথ্যানুযায়ী, বাংলাদেশের রপ্তানিমুখী নিট পোশাক কারখানার চাহিদার ৮০ শতাংশ সুতার জোগান দেয় দেশীয় স্পিনিং মিলগুলো। ওভেন পোশাক কারখানার ক্ষেত্রে সেটি ৩৫-৪০ শতাংশ। ২০১৯ সালে স্পিনিং মিলগুলো ৩০৬ কোটি ডলার মূল্যের ১০ লাখ টন সুতা রপ্তানিকারকদের সরবরাহ করেছে। করোনার কারণে গত বছর সেটি কমে ৫ লাখ ৬৯ টনে দাঁড়ায়, যা অর্থের হিসাবে ২৭৮ কোটি ডলার।
ওয়েল ফেব্রিকসের স্বত্বাধিকারী সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে কাজাখস্তান থেকে এক কনটেইনার তুলা আমদানিতে ৩ হাজার ডলার লাগত। এখন তা বেড়ে ৮ হাজার ডলার হয়েছে। চীনের সাংহাই থেকে তুলার আমদানিতে কনটেইনার ভাড়া ৯০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১০০ ডলার। তাঁর প্রশ্ন, বাড়তি এই টাকা কোথা থেকে আসবে। তা ছাড়া গত কয়েক দিনে তুলার দাম ৬-১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তিনি বলেন, সুতার দামে কারসাজি করার সুযোগ নেই। একে অন্যকে দোষারোপ না করে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নিতে সবাইকে উদ্যোগ নিতে হবে।
কয়েকজন বস্ত্রকলমালিক জানান, বর্তমানে প্রতি পাউন্ড তুলার দাম কমপক্ষে ১ ডলার ৭ সেন্ট। কেজি দাঁড়ায় ২ ডলার ১৭ সেন্ট। তার সঙ্গে জাহাজ ভাড়া ও অপচয় যোগ হবে। তাতে প্রতি কেজি সুতা উৎপাদনে ৩ ডলারের তুলা লাগছে। তার সঙ্গে গ্যাস, শ্রমিকের মজুরি, ব্যাংকঋণের কিস্তি ও মুনাফা যোগ হয়ে সুতার দাম ৪ ডলার ছাড়িয়ে গেছে।
সুতার দামের বিষয়ে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেমের অভিযোগ, ‘ক্রয়াদেশ বেশি থাকায় পোশাক কারখানার মালিকেরা প্রতিনিয়ত স্পিনিং মিলগুলোতে সুতার জন্য ধরনা দিচ্ছেন। চাহিদা বেশি থাকায় তারাও সুযোগ বুঝে দাম বাড়িয়েছে। এতে ছোট ছোট পোশাক কারখানা বিপদে পড়েছে। তারা ক্রয়াদেশ নিতে পারছে না। তিনি বলেন, ‘বস্ত্রকলমালিকেরা কনটেইনার ভাড়া বৃদ্ধির অজুহাত দিচ্ছেন। কিন্তু সেটি তো সব দেশের জন্যই বেড়েছে। তাহলে দেশে সুতার দাম এত বেশি হবে কেন। বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছে না।’
বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘চলতি মৌসুমে তুলার উৎপাদন কম হয়েছে। অন্যদিকে চাহিদা বেড়েছে ব্যাপক। কনটেইনার ভাড়াও বেড়েছে। তারপরও ভারতের চেয়ে সুতার দাম কেজিতে ১৫-২০ সেন্ট বেশি। এটি স্বাভাবিক। তিনি বলেন, নিজেরা কাদা-ছোড়াছুড়ি করলে ক্রয়াদেশ চলে যাবে। তাই সমস্যা সমাধানে কাল (আজ) বৈঠক হবে। তাতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএর নেতারা ছাড়াও পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।