সুযোগ না দিলে টাকা হুন্ডি হবে

আগামী অর্থবছরে দেশের জনগণের মাথাপিছু আয় ৩০৮৯ ডলারে এবং জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশে উন্নীত হবে বলে আশা করেন অর্থমন্ত্রী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ফাইল ছবি

ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ না দিলে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ চলে যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা যদি বন্ধ করে রাখি, তাহলে পিছিয়ে থাকব। অনেকেই সৃজনশীল ধারণা নিয়ে বিদেশে বিনিয়োগের চেষ্টা করছেন। এটা অন্যায় কিছু না। যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে অর্থ চলে যাবে। তার চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়াই ভালো।’

গতকাল রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

সরকার ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ দিয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিধিমালা জারি করেছে। আগে কেস-টু-কেস ভিত্তিতে এ সুযোগ দেওয়া হতো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৩ সালে প্রথম একটি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমতি দেয় সরকার। বর্তমানে দেশের ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমতি থাকলেও সবাই বিনিয়োগ করেনি।

তবে নতুন বিধিমালায় সবাইকে এ সুযোগ দেওয়া হচ্ছে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যাঁরা রপ্তানি করেন, নিজের ব্যাংক হিসাবে রপ্তানির বিপরীতে রিটেনশন মানি (জামানতের অর্থ) যদি থাকে, তাহলে সেখান থেকে ২০ শতাংশ অর্থ বিদেশে বিনিয়োগ করা যাবে। সেই ২০ শতাংশের হিসাবটি এ রকম—মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যে নিট সম্পদ থাকবে, তার সর্বোচ্চ ২৫ শতাংশ টাকা।

নতুন বিধিমালা জারির প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, এটা একটা ভালো উদ্যোগ। এতে দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, আয়ও আসবে। বাংলাদেশের জনগণই বিদেশে গিয়ে চাকরি করবে।

এদিকে আগামী ২০২২–২৩ অর্থবছরে দেশের জনগণের মাথাপিছু আয় ৩ হাজার ৮৯ মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, ‘আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হারও হবে ৭ দশমিক ৫ শতাংশ।’ তবে অর্থমন্ত্রী এটাও বলতে ভোলেননি যে এটা তাঁর একটা মোটামুটি হিসাব।

প্রসঙ্গত, সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত নভেম্বরে জানিয়েছিল যে দেশের জনগণের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার।

চলতি ২০২১–২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ, আর জিডিপির আকার দাঁড়াবে ৪৫৫ বিলিয়ন ডলার—এমন আশাবাদের কথা শোনান অর্থমন্ত্রী। তিনি বলেন, ৪৫৫ বিলিয়ন ডলারকে (৪৫ হাজার ৫০০ কোটি ডলার) মোট জনগোষ্ঠী দিয়ে ভাগ দিলেই মাথাপিছু আয় ২ হাজার ৭৮৫ ডলার হয়। এটা হচ্ছে চলতি অর্থবছরের হিসাব।

অর্থমন্ত্রীর মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবারে বাংলাদেশে জিডিপিতে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলেছে। সংস্থাটি সব দেশের জন্য সব সময়ই রক্ষণশীলভাবে হিসাব করে। তবে অতীতের মতো অর্থমন্ত্রীর বিশ্বাস, তিনি যা বলছেন, সেটাই অর্জন করতে পারবেন।

ক্রয় কমিটিতে গতকাল ২৩৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা নদীতে ১১ হাজার ৮০ মিটার খননসহ ড্রেজিং উপকরণ ব্যবহার করে ক্রস বাঁধ নির্মাণ, রক্ষা ও ক্রস বাঁধে বনায়ন করার একটিসহ মোট ১৬টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবই ৭টি।

এ ছাড়া গতকাল অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২০টি সিলভার রঙের টয়োটা হাইয়েস মাইক্রোবাস কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।