সয়াবিন তেল বিক্রি হচ্ছে বোতলের গায়ের দামেই
রাজধানীর তেজতুরী বাজার এলাকা থেকে কারওয়ানবাজারে দৈনন্দিন কেনাকাটা করতে এসেছিলেন গৃহিণী ইয়াসমিন আরা। এক মুদি দোকানে সয়াবিন তেল কেনা নিয়ে দোকানির সঙ্গে তার দ্বন্দ্ব বাঁধে। দোকানির দাবি, তেলের দাম ৯ টাকা বেড়ে গেছে বলে বেশি দামে কিনতে হবে সয়াবিন তেল। ওদিকে ইয়াসমিন বলছেন, দাম বাড়লেও এই দোকানে থাকা বোতলের গায়ে আগের দাম লেখা। ফলে তিনি আগের দামেই কিনবেন। অবশেষে বোতলের গায়ে লেখা দামেই পাঁচ লিটার তেল কেনেন তিনি।
ইয়াসমিন বলেন, ‘ঈদের আগেই পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম বোতলের গায়ে লেখা ৬৮৫ টাকা। তখন কারওয়ানবাজারের দোকানিরা প্রায় ১৫–২০ টাকা কম রাখতেন। এখন আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দোকানিও বেশি চাইলেন। তবে কিনতে গিয়ে বোতলে দেখলাম আগের দামই লেখা। কথা–কাটাকাটি করে ওই দামেই নিলাম।’
আজ রোববার পর্যন্ত ঢাকার কারওয়ানবাজার, শান্তিনগর বাজার ও হাতিরপুল বাজার ঘুরে কোনো দোকানে নতুন দামের তেলের বোতল পাওয়া যায়নি। এসব এলাকায় সয়াবিন তেলের ডিলাররাও জানান, তাঁদের হাতে এখনো নতুন দামের পণ্য আসেনি। আগামীকাল সোমবার নাগাদ নতুন দামের পণ্য আসতে পারে, যা বাজারে সোমবার বিকেলে বা মঙ্গলবারে পাওয়া যেতে পারে। এখন পর্যন্ত পুরোনো দামেই বাজারে পণ্য সরবরাহ করছেন ডিলাররা। তবে অন্য সময় খুচরা বাজারে কেনার সময় ক্রেতাকে কিছুটা ছাড় দেওয়া হতো। এখন আর তেমন ছাড় দিচ্ছেন না খুচরা বিক্রেতারা। বোতলের গায়ে থাকা দামেই বিক্রি হচ্ছে তেল।
সয়াবিন তেল আমদানিকারক ও পরিশোধক কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গত বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম আরও ৯ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে বোতলজাত সয়াবিন তেলের ১ লিটারের দাম হয়েছে ১৫৩ টাকা এবং ৫ লিটারের বোতল পাওয়া যাবে ৭২৮ টাকায়।
অনলাইন নিত্যপণ্যের ওয়েবসাইট চালডালের পরিচালক ইশরাত জাহান বলেন, ঠিক এক মাস আগেও তেলের দাম ৫ টাকা বাড়িয়েছিল কোম্পানিগুলো। পরে বাণিজ্য মন্ত্রণালয় ঈদের আগে তিন টাকা কমিয়ে রাখার নির্দেশ দেয় প্রতিষ্ঠানগুলোকে।
তিনি আরও বলেন, ঈদের পর গত বৃহস্পতিবার নতুন করে আরেক দফা দাম বাড়ানোর ঘোষণা আসে। সেই হিসাবে এতে কাগজ–কলমে তেলের দাম লিটারে ৯ টাকা বাড়লেও ত্রেতাদের প্রতি লিটারে ১২ টাকা দিতে হবে। কেননা ঈদের আগের ছাড় দেওয়া ৩ টাকাও এখানে যুক্ত হয়েছে।
আজ দেখা গেছে অনলাইন ও সুপার মার্কেটগুলোয়ও এখনো পুরোনো দামেই তেল বিক্রি হচ্ছে, অর্থাৎ বোতলের গায়ে যে দাম লেখা, সেই দামে।
এ বিষয়ে ইশরাত বলেন, ‘আমাদের কাছে নতুন দামের পণ্য এসে পৌঁছেছে মাত্র। তবে আগের দামের পণ্য শেষ না হওয়া পর্যন্ত নতুন দামের পণ্য ওয়েবসাইটে দেওয়া হচ্ছে না।’