হোটেল-মোটেলের বেতন দিতে ৪% সুদে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।

ব্যাংকঋণের সুদহার কমছেই। এ জন্য এবার পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ঋণের সুদহার কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ৪ শতাংশ দেবে সরকার এবং বাকি ৪ শতাংশ গ্রাহকদের দিতে হবে।

আগে যেসব প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, তার সুদহার ধরা হয়েছিল ৯ শতাংশ। এর ৭ শতাংশ পর্যন্ত সরকার ভর্তুকি হিসেবে দিয়েছিল।

বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের জন্য কম সুদের এই ঋণের প্রজ্ঞাপন জারি করেছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ শতাংশ সুদের এই ঋণের ঘোষণা দেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক থেকে চলতি মূলধন হিসেবে ৪ শতাংশ সুদে এই ঋণ নিতে পারবেন হোটেল-মোটেলমালিকেরা। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার কোটি টাকা। আর বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকা পুনঃ অর্থায়ন সুবিধা দেবে। হোটেল-মোটেলমালিকেরা এক বছরের জন্য কম সুদের এই ঋণসুবিধা পাবেন। আগে যেসব গ্রাহক প্রণোদনা ঋণ নিয়েছেন, তাঁরা নতুন করে এই ঋণ পাবেন না। শুধু বেতন-ভাতা পরিশোধের জন্য এই ঋণের টাকা ব্যবহার করা যাবে। ঋণ নেওয়ার পর গ্রাহক সুদের টাকা পরিশোধ করলেই সরকার ভর্তুকি দেবে। বর্তমানে গ্রাহক যেসব ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, শুধু সেই ব্যাংকের মাধ্যমে ঋণের আবেদন করা যাবে।