আবার বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য পড়বে মূসকসহ ১ হাজার ৩৩ টাকা। এত দিন এর দাম ছিল ৯৯৩ টাকা। আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বেসরকারি খাতের দাম ঠিক হলেও রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। কারণ, উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন হয়নি। সরকারি মালিকানা কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির দামও বাড়ানো হয়েছে। নতুন দাম ঠিক করা হয়েছে লিটারপ্রতি ৫০ টাকা ৫৬ পয়সা। আগে এ দাম ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।
অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গতকাল মঙ্গলবার নতুন এ দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এই সংস্থা। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বিইআরসির সচিব রুবিনা ফেরদৌসী।
জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের দাম প্রকাশ করে সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বিইআরসি। দাম বাড়ানোর বিষয়ে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশেও দাম বাড়ছে। আমদানিমূল্য কমলে দেশেও কমবে।
গত ডিসেম্বরে বিইআরসিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব করে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো। তাদের প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে বিইআরসি। এরপর ব্যবসায়ীদের দাবির মুখে নতুন করে গণশুনানির ঘোষণা দেয় বিইআরসি। এর বিরুদ্ধে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি স্থগিত করে দেন উচ্চ আদালত।