১৩৪ শুল্ক স্টেশন বিলুপ্ত ঘোষণা

* এখন থেকে শুধু ৫০টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি করা যাবে।

* চাঁদপুর ও গোয়ালন্দের মতো ঐতিহাসিক কিছু বাণিজ্যপথ বাদ পড়ল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় দেড় শ শুল্কস্টেশন দিয়ে আমদানি-রপ্তানির সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। দেড় যুগ চেষ্টার পর অবশেষে এসব অকার্যকর শুল্ক স্টেশন বাদ দেওয়া হলো। এখন থেকে সক্রিয় ও কার্যকর মাত্র ৫০টি শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এসব শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বর্তমানে দেশে ১৮৪টি শুল্ক স্টেশন আছে। এর মধ্যে ১৩৪টি শুল্ক স্টেশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বর্তমানে দেশে ১৮৪টি শুল্ক স্টেশন আছে। কাগজে-কলমে এসব শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করার সুযোগ ছিল। এর মধ্যে ১৩৪টি শুল্ক স্টেশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে এনবিআর গত ২৪ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। অবশ্য বিলুপ্ত ঘোষিত শুল্ক স্টেশনগুলো দিয়ে দীর্ঘ সময় ধরে কোনো ধরনের আমদানি-রপ্তানি হয় না।
এর আগে ২০০৭ সালে এসব অকার্যকর শুল্ক স্টেশন বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে গত দেড় যুগে তা করা যায়নি।

আরও পড়ুন

এ বিষয়ে যোগাযোগ করা হলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘এটি ভালো উদ্যোগ। যেসব শুল্ক স্টেশনের কার্যক্রম নেই বললেই চলে, সেগুলো রেখে লাভ নেই। বরং যে ৫০টি শুল্ক স্টেশন রাখা হয়েছে, সেগুলোর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা উচিত। এতে ওই সব শুল্ক স্টেশনের ব্যবস্থাপনা আরও উন্নত হবে।’
মোহাম্মদ হাতেম আরও বলেন, একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে নির্দিষ্ট একটি পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে পণ্যজট হয়। অন্য শুল্ক স্টেশনগুলো দিয়েও আমদানির অনুমতি দেওয়া উচিত। যেমন বেনাপোল দিয়ে শুধু সুতা আমদানি করা যায়। দর্শনা, হিলি ও সোনামসজিদ দিয়েও সুতা আমদানির সুযোগ দেওয়া উচিত।
সচল থাকবে ৫০ শুল্ক স্টেশন

যেসব শুল্ক স্টেশনের কার্যক্রম নেই বললেই চলে, সেগুলো রেখে লাভ নেই। বরং যে ৫০টি শুল্ক স্টেশন রাখা হয়েছে, সেগুলোর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা উচিত।
মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি, বিকেএমইএ

কোন কোন স্টেশন বাদ দেওয়া হবে তা নিয়ে এনবিআরের শুল্ক কর্মকর্তারা দেড় বছর ধরে কাজ করেছেন। এ ব্যাপারে বাণিজ্য, নৌ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে একাধিক সভা করেছে এনবিআর। শেষ পর্যন্ত ৫০টি শুল্ক স্টেশন রেখে বাকি ১৩৪টি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চালু থাকা শুল্ক স্টেশনগুলোর মধ্যে রয়েছে যশোরের বেনাপোল; খুলনার রায়মঙ্গল ও খুলনা সদর; সাতক্ষীরার ভোমরা; চুয়াডাঙ্গার দর্শনা ও দৌলতগঞ্জ; মেহেরপুরের মুজিবনগর; রাজশাহীর সুলতানগঞ্জ, রাজশাহী সদর ও সিরাজগঞ্জ; চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, রহনপুর ও আমনূরা রেলস্টেশন; নওগাঁর ধামইরহাট; দিনাজপুরের হিলি ও বিরল; পঞ্চগড়ের বাংলাবান্ধা; নীলফামারীর চিলাহাটি; লালমনিরহাটের বুড়িমারী; কুড়িগ্রামের সোনাহাট, রৌমারী, চিলমারী ও নুনখাওয়া; মানিকগঞ্জের আরিচাঘাট; জামালপুরের ধানুয়া-কামালপুর; শেরপুরের নাকুগাঁও; ময়মনসিংহের গোবরাকুড়া ও কড়ইতলী।

২০০৭ সালের ১ জুলাই আমদানি-রপ্তানি হয় না এমন ৫০টি শুল্ক স্টেশনকে অকার্যকর ঘোষণা করা হয়েছিল। তবে পূর্বানুমতি নিয়ে এসব শুল্কস্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করার সুযোগ রাখা হয়।

এ ছাড়া আছে সুনামগঞ্জের বড়ছড়া, ছাতক, নোয়ারাই, চেলা ও ইছামতী; সিলেটের তামাবিল, ভোলাগঞ্জ, জকিগঞ্জ ও শেওলা; মৌলভীবাজারের বেতুলী ও চাতলাপুর; হবিগঞ্জের বাল্লা; ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও আখাউড়া; কুমিল্লার বিবিরবাজার; ফেনীর বিলোনিয়া; খাগড়াছড়ির রামগড়; রাঙামাটির তেগামুখ; কক্সবাজার সদর; টেকনাফ; নারায়ণগঞ্জের ফতুল্লা ও মুন্সিগঞ্জের মুক্তারপুর।

প্রকল্প ও প্রতিষ্ঠানভিত্তিক সাত শুল্ক স্টেশন
এর পাশাপাশি প্রকল্প ও প্রতিষ্ঠানভিত্তিক সাতটি শুল্ক স্টেশন করা হয়েছে। এগুলো হলো পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র; রামপাল বিদ্যুৎকেন্দ্র; মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র; এলপি গ্যাস আনার জন্য চট্টগ্রামের কুমিরার মেসার্স প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড, এলপিজি গ্যাস আমদানির জন্য সীতাকুণ্ডের বিএম এনার্জি লিমিটেড, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড, ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের জেটি।

বাদ গেল ঐতিহাসিক কিছু বাণিজ্যপথ
চাঁদপুর ও গোয়ালন্দে একসময় জমজমাট শুল্ক স্টেশন ছিল। কলকাতা থেকে মালবোঝাই বড় বড় নৌকা আসত এ দুটি জায়গায়। ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের পরে তা বন্ধ হয়ে যায়। এরপর বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর কাগজে-কলমে এসব পুরোনো বাণিজ্যপথ থেকে যায়। যদিও বছরের পর বছর কোনো আমদানি-রপ্তানি হয়নি। এবার এ দুটি শুল্ক স্টেশনকে বাদ দেওয়া হয়েছে।
একইভাবে কলকাতা থেকে ফরিদপুর পর্যন্ত একসময় ব্রডগেজ রেলপথ ছিল। পুরোনো শহর ফরিদপুরে শুল্ক স্টেশন ছিল। পাকিস্তান-ভারত যুদ্ধের পর সেই পথও বন্ধ হয়ে যায়। এ ছাড়া কলকাতা থেকে একসময় মুন্সিগঞ্জের মীরকাদিম ও লৌহজংয়ে বড় বড় স্টিমার ভিড়ত। এখানেও শুল্ক স্টেশন ছিল।

আবার ঐতিহ্যগতভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অতিক্রম করতে একাধিক হাঁটাপথ ছিল। যেমন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নোয়াবদী থেকে হাঁটাপথে ভারতের ত্রিপুরার সিঙ্গারবিলের সঙ্গে যুক্ত ছিল। কুমিল্লার চিনাকান্দি সীমান্ত দিয়ে হাঁটাপথে সীমান্ত পাড়ি দিয়ে ত্রিপুরা যাওয়া যেত। এসব পথে শুল্ক স্টেশন ছিল। এখন এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তাহলে স্বাধীনতার অর্ধশতক বছর পরে কেন এসব শুল্ক স্টেশন বন্ধ করা হলো? এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিরা রাজনৈতিক বিবেচনায় অকার্যকর কিছু শুল্ক স্টেশন রাখতে চেয়েছিলেন। আবার কিছু ক্ষেত্রে বাণিজ্য, নৌ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দিতে গড়িমসি ছিল। তাঁরা আরও বলেন, এখন যেসব শুল্ক স্টেশন কার্যকর আছে, সেগুলো আরও ভালো করে চালানোর সুযোগ হয়েছে। বাদ পড়া বহু শুল্ক স্টেশনে ওয়্যারহাউস, পানি–বিদ্যুৎ–গ্যাস কিছুই নেই। এমনকি কোনো অফিসও নেই।

২০০৭ সালের ১ জুলাই আমদানি-রপ্তানি হয় না এমন ৫০টি শুল্ক স্টেশনকে অকার্যকর ঘোষণা করা হয়েছিল। তবে পূর্বানুমতি নিয়ে এসব শুল্কস্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানি করার সুযোগ রাখা হয়। এনবিআর সূত্রে জানা গেছে, গত দেড় যুগে ওই সব শুল্কস্টেশন দিয়ে কেউ আমদানি-রপ্তানি করেননি। ২০১২ সালেও এনবিআর অকার্যকর শুল্ক স্টেশনগুলো বন্ধের উদ্যোগ নেয়। তখন শতাধিক শুল্ক স্টেশন বাদ দেওয়ার সুপারিশ করে একটি প্রতিবেদনও জমা দেয় এনবিআরের গঠিত বিশেষ কমিটি, যা নিয়ে পরে আর অগ্রগতি হয়নি।