১৪ মাসে ভ্যাটের মেশিন বসেছে ৩ হাজার ৪৭৮টি
ব্যবসাপ্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস (ইএফডি) বা ভ্যাটের মেশিন বসানোর উদ্যোগে তেমন গতি নেই। গত ১৪ মাসে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে মাত্র ৩ হাজার ৪৭৮টি মেশিন বসানো হয়েছে। চলতি বছরে ভ্যাটের মেশিন স্থাপনে একদম গতি নেই। বিশেষ করে ভ্যাটের মেশিন কিনতে হবে—এমন ঘোষণার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। ২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রাম শহরে ভ্যাটের মেশিন স্থাপনের কার্যক্রম শুরু হয়। এক বছর বিনা মূল্যে মেশিন দেয় ভ্যাট বিভাগ। কিন্তু গত অক্টোবর মাসে ভ্যাটের মেশিন কিনে ব্যবসাপ্রতিষ্ঠানে স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
বেচাকেনা যা–ই হোক না কেন, বর্তমানে ২৪ ধরনের ব্যবসায় ইএফডি মেশিন বসানো বাধ্যতামূলক। এই তালিকায় আছে মিষ্টির দোকান, রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকান, আবাসিক হোটেল, বিউটি পারলার, পোশাকের শোরুম, ডিপার্টমেন্টাল স্টোর, সুপারশপ, লন্ড্রি, জুয়েলারি বা গয়নার দোকান, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার বা জিম, গৃহস্থালির ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক পণ্যের দোকান, বড় ও মাঝারি ব্যবসা (পাইকারি ও খুচরা)। কিন্তু এসব ব্যবসাপ্রতিষ্ঠানের বেশির ভাগের ইএফডি বা পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন নেই।
গত অক্টোবর মাসে ইএফডি মেশিনের দাম নির্ধারণ করে দেয় এনবিআর। এর দাম ২০ হাজার ৫৩৩ টাকা। এককালীন বা তিন মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। মেশিন বসানোর এক মাসের মধ্যে প্রথম কিস্তিতে ১০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করতে হবে। পরের দুই মাসে ৫ হাজার টাকা করে পরিশোধ করা যাবে।
ইএফডির পাশাপাশি সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) মেশিনও বসানো যাবে। ওই মেশিনের দামও ঠিক করেছে এনবিআর। এসডিসির দাম পড়বে ২৪ হাজার ৫৯৬ টাকা। সে ক্ষেত্রে প্রথম মাসে ১২ হাজার ৫৯৬ টাকার পরিশোধ করতে হবে। পরের দুই মাসে ছয় হাজার টাকা করে পরিশোধ করে মেশিনের মালিক হয়ে যাবেন ব্যবসায়ীরা।