৩০ জেলায় হবে ধানের গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানের সাইলো বা গুদাম
ফাইল ছবি

দেশের ৩০টি জেলায় ধান শুকানো, সংরক্ষণ, অন্যান্য সুবিধাসহ অত্যাধুনিক ৩০টি ধানের সাইলো বা গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সাইলোগুলো নির্মাণে মোট ব্যয় হবে ১ হাজার ৪০০ কোটি টাকা। সেই হিসাবে একেকটি সাইলো নির্মাণে খরচ পড়বে ৪৬ কোটি টাকা করে। সরকারি কোষাগার থেকে পুরো টাকার জোগান দেওয়া হবে। খাদ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। আগামী ২০২৩ সালের জুনেই সাইলো নির্মাণের কাজ শেষ করতে চায় খাদ্য অধিদপ্তর।

সাইলো নির্মাণে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং নদীবন্দর স্থাপনে ২৩৫ কোটি টাকা ব্যয় হবে।

এসব সাইলো নির্মাণের পেছনে কী যুক্তি রয়েছে, তা তুলে ধরেছে খাদ্য মন্ত্রণালয়। বলেছে, কৃষকেরা যাতে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান এবং সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে উৎসাহিত হন, সে জন্য সাইলোগুলো নির্মাণ করা হচ্ছে।

যেসব জেলায় সাইলো নির্মাণ করা হবে, সেগুলো হচ্ছে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, শেরপুর, জয়পুরহাট, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, খুলনা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ভোলা ও পটুয়াখালী। প্রকল্পের কাজ শেষ হলে সরকারি খাদ্য ব্যবস্থাপনায় ধারণক্ষমতা দেড় লাখ টন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

একনেক–পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী তিন বছরের মধ্যে দেড় লাখ টন ধান সংরক্ষণ করা সম্ভব হবে। এসব সাইলো নির্মাণ করা হলে সারা বছর কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার সুযোগ সৃষ্টি হবে। কৃষকও তাঁর উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন। এতে কৃষক সহজেই সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে উৎসাহিত হবেন। তিনি আরও বলেন, এসব সাইলোতে কীটনাশকমুক্ত মজুতব্যবস্থার মাধ্যমে দুই থেকে তিন বছর শস্যের পুষ্টিমান বজায় রেখে খাদ্য মজুতব্যবস্থা দৃঢ় করা সম্ভব হবে।

এদিকে আজকের একনেক সভায় ৩০টি জেলায় সাইলো নির্মাণসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৬ হাজার ৬৫১ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় যোগ দেন।

একনেকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুড়িগ্রামের চিলমারী এলাকায় একটি নদীবন্দর স্থাপন। সরকারের এ সিদ্ধান্ত তথা প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ২৩৫ কোটি টাকা। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার নৌপরিবহনব্যবস্থার উন্নয়নে চিলমারী এলাকায় বন্দর অবকাঠামো সুবিধা গড়ে তোলার উদ্যোগটি নেওয়া হয়েছে। ফলে নৌ বাণিজ্য ও অতিক্রমণ প্রটোকলের আওতায় ভারতের আসাম এবং নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা প্রচলনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে চিলমারী এলাকা।