জানুয়ারি থেকে তিন মাস পরপর জিডিপির হিসাব 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি মাস থেকে প্রান্তিকভিত্তিক (তিন মাস পরপর) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর ফলে প্রতি অর্থবছরে চারবার জিডিপির হিসাব পাওয়া যাবে। প্রতিবার আগের তিন মাসের জিডিপির গতিপ্রকৃতির চিত্র মিলবে। পরে বছর শেষে তা গড় করা হবে।

তিন মাস পরপর জিডিপির হিসাব প্রকাশ করতে জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণের কাজ করছে বিবিএস। আগামী জানুয়ারিতে প্রান্তিকভিত্তিক জিডিপির তথ্য প্রকাশ করা হলে সেখানে ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর মাসের চিত্র পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে প্রান্তিকভিত্তিক জিডিপির হিসাব করার তাগিদ দিয়ে আসছিলেন দেশের গবেষক ও অর্থনীতিবিদেরা। দুই বছর আগে এ নিয়ে উদ্যোগও গ্রহণ করে বিবিএস। এ জন্য সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনও নেওয়া হয়। 

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। ঋণের শর্ত হিসেবে আইএমএফ বলেছে, তিন মাস পরপর জিডিপির হালনাগাদ হিসাব প্রস্তুত করতে হবে। পাশাপাশি শ্রমশক্তি জরিপও প্রান্তিকভিত্তিক করতে হবে। এ নিয়ে আইএমএফের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিবিএসের কর্মকর্তারা। ইতিমধ্যে প্রান্তিকভিত্তিক শ্রমশক্তি জরিপ প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ গত মাসে জানুয়ারি-মার্চ প্রান্তিকের শ্রমশক্তি জরিপ প্রকাশ করা হয়। ওই জরিপে দেশের কর্মসংস্থান, বেকারত্বের হালনাগাদ তথ্য উঠে এসেছে। 

জিডিপির প্রান্তিকভিত্তিক হিসাব প্রকাশ করা সম্পর্কে বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘আগামী জানুয়ারি মাস থেকে জিডিপির প্রান্তিকভিত্তিক তথ্য প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করেছি আমরা। এ জন্য এরই মধ্যে আমরা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহায়তা চেয়েছি। কারণ, প্রান্তিকভিত্তিক জিডিপির তথ্য প্রকাশে এসব সংস্থার হালনাগাদ তথ্য লাগবে। ঘন ঘন তথ্য–উপাত্ত (হাই ফ্রিকোয়েন্সি ডেটা) পেলে অর্থনীতির জন্য মঙ্গলজনক।’

বর্তমানে পুরো এক বছরের হিসাব দিয়ে দুই বার জিডিপির তথ্য প্রকাশ করে বিবিএস। সংশ্লিষ্ট অর্থবছরের প্রথম ছয়-সাত মাসের তথ্য–উপাত্তের ভিত্তিতে প্রথমে জিডিপির আকার, প্রবৃদ্ধিসহ সাময়িক হিসাব দেওয়া হয়। পরে পুরো বছরের তথ্য নিয়ে প্রকাশ করা হয় জিডিপির চূড়ান্ত হিসাব। 

তিন মাস পরপর জিডিপিতে কী সুবিধা

প্রান্তিকভিত্তিক জিডিপির হিসাব প্রকাশের নানা ধরনের সুবিধা আছে। সাধারণত কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের মূল্য সংযোজন দিয়ে জিডিপির হিসাব করা হয়। এ জন্য মোটাদাগে ১৯টি খাতের তথ্য–উপাত্ত নেওয়া হয়। এ তালিকায় আছে কৃষি, প্রাণিসম্পদ, কলকারখানা, খুচরা ও পাইকারি ব্যবসা, নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন, শিল্প-সংস্কৃতি, গ্যাস-বিদ্যুৎ ইত্যাদি। 

তিন মাস পরপর হিসাব প্রকাশ করা হলে এসব খাতের মূল্য সংযোজন কত হলো, তা জানা যাবে। কোনো খাতের মূল্য সংযোজন কমে গেলে, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রান্তিকভিত্তিক জিডিপি হিসাব করলে নীতিনির্ধারকেরা অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা ও সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 

এ বছর তিন খাতেই প্রবৃদ্ধি কমেছে

গত সোমবার চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে বিবিএস। সাময়িক হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। গত অর্থবছরে এই হার ছিল ৭ দশমিক ১০ শতাংশ।

বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী, কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের সব কটিতেই প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমেছে। ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতে ৩ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল, এবার তা কমে ২ দশমিক ৬১ শতাংশ হয়েছে। শিল্প খাতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি ৬ দশমিক ২৬ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৮৪ শতাংশ হয়েছে।