সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা নিয়ে যত প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কারণ, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছর পরপর আলাদাভাবে সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। প্রতিবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বার্ষিক আয়কর বিবরণীর সঙ্গে যে সম্পদের বিবরণী জমা দেন, তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেবে এনবিআর। গত রোববার এই সিদ্ধান্ত হয়। এ নিয়ে অবশ্য আইনি জটিলতাও আছে।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, আয়কর বিবরণীতে জমা দেওয়া তথ্য সংরক্ষণ করার বাধ্যবাধকতা আছে। তা প্রকাশেও নিষেধ আছে। এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদালত চাইলে কিংবা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা চাইলেই কেবল ব্যক্তিশ্রেণির করদাতার যেকোনো তথ্য প্রদান করতে পারে এনবিআর।

সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান ১৯৭৯ সালে চালু করা হয়। দেশে বর্তমানে ১৫ লাখ সরকারি কর্মচারী আছেন। চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিতে আচরণ বিধিমালায় এ নিয়ম যুক্ত করা হয়। কিন্তু চার দশক ধরে এই নিয়ম পুরোপুরি প্রতিপালন করা যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার কাছে বারবার তাদের কর্মচারীদের সম্পদের বিবরণী চেয়েও সবার বিবরণী পায়নি।

সরকারি কর্মচারীদের আচরণবিধি মানাতে না পেরে এখন এই নিয়ম বদলে ফেলা হয়েছে। সে অনুযায়ী এনবিআর নিজেই এখন তাঁদের সম্পদ বিবরণী জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। একইভাবে দীর্ঘদিন ধরে মন্ত্রী-এমপিদের সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা বলা হচ্ছে; কিন্তু তা বাস্তবায়ন করা যাচ্ছে না।

অভিযোগ আছে, একশ্রেণির সরকারি কর্মচারী এনবিআরে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রকৃত সম্পদ দেখান না। বেনামে সম্পদ লুকিয়ে রাখেন।

প্রতিটি আয়কর রিটার্ন ফরমের সঙ্গে আইটি ১০বি নামের একটি নামে আলাদা ফরম থাকে। ওই ফরমেই সম্পদ বিবরণী জমা দিতে হয়। সম্পদ বিবরণী জমার তিনটি শর্ত আছে। সে অনুযায়ী সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা অতিক্রম করলে; গাড়ির মালিক হলে এবং সিটি করপোরেশন এলাকায় জমি-বাড়ি কিংবা ফ্ল্যাট থাকলে সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক।

আচরণবিধি অনুযায়ী সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। যাদের টিআইএন আছে এবং ৪০ লাখ টাকার বেশি সম্পদধারী কিংবা বাড়ি-গাড়ি আছে এমন সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক। সরকারি কর্মচারীদের মধ্যে যাঁদের ৪০ লাখ টাকার কম সম্পদ আছে কিংবা বাড়ি-গাড়ি নেই, তাঁদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নিয়ম কীভাবে প্রতিপালিত হবে?

সরকারি কর্মচারী আইন (আচরণ) বিধিমালা, ১৯৭৯–এর বিধি ১২ ও ১৩ অনুসারে সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রি ও সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বাড়ি, জমি, ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদের বিবরণী দিতে বলা হয়েছে। এমনকি কোনো জমি-বাড়ি, ফ্ল্যাটসহ যেকোনো সম্পদ কিনতে ও বিক্রি করতে অনুমতি নিতে হয়। সম্পদ কেনার ক্ষেত্রে টাকার উৎস সম্পর্কে জানাতে হয়। আবার সম্পদ বিক্রি করা হলে মূল্য জানাতে হয়। কারণ, কমবেশি মূল্যে সম্পদ বেচাকেনা হলো কি না, তা যাচাই করার সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের আয়কর বিভাগের সাবেক সদস্য আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত বা রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা কোনো তথ্য চাইলেই আয়কর অধ্যাদেশ অনুসারে কোনো করদাতার তথ্য দিতে পারে এনবিআর। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের আচরণবিধিতে যেভাবে সম্পদের তথ্য চাওয়া হয়, এর ফরম্যাট ভিন্ন। আয়কর বিবরণীতে অন্যভাবে সম্পদের বিবরণী থাকে।

শিগগিরই এনবিআরের আদেশ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া সম্পর্কে আদেশ জারি করা হবে। প্রায় ছয় লাখ সরকারি কর্মচারী বার্ষিক রিটার্ন দিয়ে থাকেন। এখন তাঁদের সম্পদের বিবরণী জমা দিতে হলে তাঁদের প্রত্যেকের সম্পদ বিবরণী ফরমের অনুলিপি (ফটোকপি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। আবার যদি পুরো ব্যবস্থাটি অনলাইন করা হয়, তাহলে সরকারি কর্মচারীদের সবাইকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। কিংবা তাঁদের প্রত্যেকের সম্পদ বিবরণী স্বয়ংক্রিয় সিস্টেমে আপলোড করতে হবে। এনবিআরের এখন এত সক্ষমতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।

আরেকটি বিকল্প আছে, সেটি হলো সরকারি কর্মচারীরা নিজেরাই রিটার্নের সঙ্গে জমা করা সম্পদের বিবরণীর কপি সংরক্ষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেবেন।