ডলারের বিপরীতে পাউন্ডের রেকর্ড দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতন চলছেই। গত কয়েক দিনে দফায় দফায় কমেছে পাউন্ডের দর, প্রতিবারই সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে, ৩৭ বছরের মধ্যে পাউন্ডের সর্বোচ্চ দরপতন। আজ সোমবার আবারও দরপতন হয়েছে এই মুদ্রার।

আজ সোমবার এক পাউন্ডের বিপরীতে ১ দশমিক ০৩ ডলার মিলেছে, যদিও এরপর পাউন্ডের দর কিছুটা বেড়ে দাঁড়ায় ১ দশমিক ০৮ ডলার।

কিছুতেই যেন কিছু হচ্ছে না যুক্তরাজ্যের। লিজ ট্রাসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর মিনি বাজেট ও বড় ধরনের কর ছাড় দেওয়া হলো গত শুক্রবার। একই সঙ্গে সেদিন ৪৫ বিলিয়ন পাউন্ডের ভর্তুকি প্যাকেজ দিয়েছে সে দেশের সরকার। এই অর্থায়ন করতে নতুন সরকারকে বিপুল পরিমাণ ঋণ করতে হবে। তাতে মানুষের সুবিধা হলেও পাউন্ডের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ফলাফল—পাউন্ডের দরপতন।

যুক্তরাজ্যের দুর্দশার যেন শেষ দেখা যাচ্ছে না। কোভিডের মধ্যে বড় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংকোচন হয়েছে তাদের অর্থনীতি। এখন পশ্চিমের সঙ্গে রাশিয়ার যে প্রক্সি যুদ্ধ চলছে, তাতেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে দেশের মানুষ। জ্বালানির দর আকাশ ছোঁয়ায় আসন্ন শীতকাল কীভাবে তারা পার করবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। মূলত নানা ধরনের অনিশ্চয়তার কারণে ব্রিটিশ পাউন্ডের ওপর মানুষের নির্ভরতা কমে যাচ্ছে।

ব্রিটিশ সরকারের ঋণ গ্রহণের হার বেড়ে গেছে। এর মধ্যে বাজারের আশঙ্কা, ব্যাংক অব ইংল্যান্ড দ্রুত জরুরি বৈঠক আহ্বান করে নীতি সুদহার বৃদ্ধি করবে।

অর্থনীতিবিদদের ধারণা, ব্যাংক অব ইংল্যান্ড এ মাসেই নীতি সুদহার বৃদ্ধি করে পাউন্ডের দরপতন থামানোর চেষ্টা করবে। এর মধ্য দিয়ে মূল্যস্ফীতির রাশ টানার চেষ্টা করবে তারা। গত সপ্তাহেই ব্যাংক অব ইংল্যান্ড এক দফা নীতি সুদহার বৃদ্ধি করেছে, যা ছিল এ নিয়ে টানা সাতবার এবং তাতে নীতি সুদহার এখন ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে নীতি সুদহার আরেক দফা বৃদ্ধি করা হলে লাখ লাখ মানুষের মাসিক বন্ধকি ঋণ পরিশোধের হার বেড়ে যাবে।

এদিকে পাউন্ডের দরপতন হওয়ায় বাংলাদেশের মতো যুক্তরাজ্যের আমদানি ব্যয়ও বেড়ে যাবে অর্থাৎ যেসব পণ্য ডলারে আমদানি করতে হয়, সেগুলোর দাম বেড়ে যাবে। অন্যদিকে ব্রিটিশ পর্যটকেরা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বেড়াতে গেলে তাঁদের মুদ্রার বিনিময়ে স্থানীয় মুদ্রা কম পাবেন।

তবে ব্রিটেনের অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী পাউন্ডের দরপতন নিয়ে মন্তব্য করেননি।