ডলারের সংকট কাটেনি, খোলাবাজারে দাম চড়া

ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য এখন ২৫ টাকায় পৌঁছেছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলার
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দাম যেন কমছেই না। গতকাল বৃহস্পতিবারও ব্যাংকগুলো প্রতি ডলারের জন্য ১১০ টাকার বেশি দাম দিয়ে প্রবাসী আয় এনেছে। তবে রপ্তানি আয় বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৬ টাকার মধ্যে। ফলে অনেক আমদানিকারক ১০৫ টাকা দামেও ডলার পেয়েছে। আগে যা আরও বেশি ছিল। আর বাংলাদেশ ব্যাংক আগের মতোই ৯৫ টাকা দামে ডলার বিক্রি করেছে।

তবে খোলাবাজারে ডলারের দাম ১২০ টাকায় উঠেছে। বিদেশ যেতে ইচ্ছুক অনেকে খোলাবাজার থেকে চাহিদামতো ডলারও পাচ্ছে না। ফলে ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য ২৫ টাকায় পৌঁছেছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

এদিকে চলতি মাসে প্রবাসী আয় আসা বেড়েছে। আমদানি ঋণপত্র খোলাও কমে গেছে। ফলে সামনের দিনে ডলারের সংকট কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশের সিমেন্ট খাতের একজন শীর্ষ উদ্যোক্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমদানি ঋণপত্রের দায় শোধ করতে কয়েক দিন আগেও ১১০ টাকার বেশি দামে ডলার কিনতে হয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার সিমেন্টের কাঁচামাল আমদানির ২৬ লাখ ডলারের দায় পরিশোধ করেছি, তাতে প্রতি ডলারের দাম ধরা হয় ১০৫ টাকা।’

গতকাল দেশের ব্যাংকগুলো বিদেশের রেমিট্যান্স ও এক্সচেঞ্জ হাউসগুলোতে ডলার কেনার জন্য ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত দাম প্রস্তাব করে। যারা বেশি দাম দিয়েছে, তারা ভালো আয় আনতে পেরেছে।

জানতে চাইলে ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার প্রথম আলোকে বলেন, ‘ডলারের বাজার ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের ফলে আমদানি চাপ কমে এসেছে। পাশাপাশি এ সময়ে প্রবাসী আয়ও বাড়ছে। আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। তবে বাজার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে।’

আমদানি খরচ বাড়ায় মে মাস থেকে দেশে ডলারের সংকট দেখা দেয়। তাতে রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি দায় শোধ করা যাচ্ছে না। এর ফলে বেড়ে গেছে ডলারের দাম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১১ আগস্ট পর্যন্ত আমদানি ঋণপত্র খোলা হয়েছে ১৬১ কোটি ডলারের। গত জুলাইয়ের প্রথম ১১ দিনে খোলা হয়েছিল ২৫৫ কোটি ডলারের ঋণপত্র। আর জুনের প্রথম ১১ দিনে খোলা হয়েছিল ২৩৩ কোটি ডলারের।

চলতি মাসের প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৮১ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে ডলারের সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক গতকাল রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও কীটনাশক আমদানির জন্য এ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভ কমে হয়েছে ৩ হাজার ৯৫৯ কোটি ডলার।

ব্যাংক শাখায় মিলবে নগদ ডলার

খোলাবাজার ও মানি চেঞ্জারে ডলারের সংকট ও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে ব্যাংক শাখাগুলোতে নগদ ডলার কেনা ও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে জেলা-উপজেলা পর্যায়ের শাখাগুলোও ডলার কিনতে ও বিক্রি করতে পারবে। আগে শুধু বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) শাখা ডলার কেনাবেচা করতে পারত। এ নিয়ে গতকাল ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিদেশফেরত অনেকের ঘরে বিদেশি মুদ্রা জমা আছে। এর ফলে এসব ডলার ব্যাংকে আসবে, যা বিক্রি করা যাবে।