বিশ্বকাপে চাঙ্গা কাতারের আবাসন ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ জিতলে ট্রফিটাই মূল স্মারক, তবে সঙ্গে থাকে অর্থও
রয়টার্স

অবশেষে সাঙ্গ হলো মাসব্যাপী উন্মাদনা। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টাইনরা বিশ্বকাপ জিতে এতক্ষণে হয়তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছেন। কিন্তু বিষয়টি হচ্ছে, যে ৩০ হাজার কোটি ডলার ব্যয় করে কাতার এই বিশ্বকাপ ফুটবল আয়োজন করল, তার কী হবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক সংবাদে বলা হয়েছে, কাতারের আবাসন খাতের ব্যবসায়ীরা মনে করছেন, আগামী দিনে কাতারের আবাসন খাত আরও ফুলে-ফেঁপে উঠবে।

আরও পড়ুন

মিরেজ ইন্টারন্যাশনাল প্রপার্টি কনসালট্যান্টসের সম্পদবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক মুস্তাফা মেস্তো দ্য পেনিনসুলাকে বলেন, ‘ফিফা বিশ্বকাপের মধ্য দিয়ে কাতারে প্রচুর বিদেশি দর্শক এসেছেন, সে কারণে ব্যবসাও ফুলে-ফেঁপে উঠেছে। এই বাজার আর কখনো পড়ে যাবে না। হয়তো ১০ শতাংশ এদিক-সেদিক হবে, তবে বিনিয়োগকারীদের আনাগোনার কারণে বাজার আরও বড় হবে।

কয়েক মাস ধরেই কাতারে নির্মাণ ও আবাসন খাত চাঙা। মুস্তাফা মেস্তো বলেন, এই পরিস্থিতিতে ডেভেলপারদের মধ্যে প্রতিযোগিতাও হয়েছে বেশ। তবে এই প্রবণতা এক দিনে গড়ে ওঠেনি। বাস্তবতা হলো, ২০১০ সালে কাতার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করার পর থেকেই দেশটিতে নির্মাণযজ্ঞ শুরু হয়ে যায়। বিশেষ করে নির্মাণ খাতের বাড়বাড়ন্ত শুরু হয়। অনেক এলাকা নতুন দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত হয়।

আরও পড়ুন

বিশ্বকাপের সময় ও তার আগে মিরেজের গ্রাহকসংখ্যা বেড়েছে। এই সময় তাদের বিনিয়োগ বেড়েছে ২৫ থেকে ৩৪ শতাংশ এবং একই সঙ্গে স্বল্প ও দীর্ঘমেয়াদি ইজারা বেড়েছে। মুস্তাফা মেস্তো বলেন, এই বাজারের গতি আর থামবে না। কাতারে আরও অনেক দর্শক আসবেন এবং এই সংখ্যা দিন দিন বাড়বে।

আবাসন খাতের ব্যবসায়ীরা আশাবাদী, কাতারের আবাসন ব্যবসার এই গতি বজায় থাকবে। সরকার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে এই খাতের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ১৯৬৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বকাপ ও অলিম্পিকের মতো ৩৬টি বড় আয়োজনের মধ্যে ৩১টি আয়োজন লাভজনক হয়নি। গবেষণায় যে ১৪টি বিশ্বকাপের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, তার মধ্যে কেবল একটির আয়োজন লাভজনক ছিল। সেটি ছিল ২০১৮ সালে রাশিয়ার ফুটবল বিশ্বকাপ। ওই বিশ্বকাপ থেকে রাশিয়া ২৩ কোটি ৫০ লাখ ডলার মুনাফা করেছিল। মূলত বিশ্বকাপের প্রচারস্বত্ব বিক্রি করে এই মুনাফা করে দেশটি।

তবে বিনিয়োগের বিপরীতে সেটা আবার খুব বেশি লাভজনক হয়নি, বিনিয়োগের বিপরীতে রাশিয়া ওই আয়োজন থেকে মুনাফা করেছিল মাত্র ৪ দশমিক ৬ শতাংশ। ফলে কাতারের এই বিপুল অবকাঠামো থেকে শেষমেশ কত আয় হবে, তা নিয়ে শঙ্কা থেকেই যায়।