বাড়ি নির্মাণে দক্ষ পরামর্শক কেন প্রয়োজন
বাড়ি বা ভবন নির্মাণের আগে সবচেয়ে বেশি ভাবতে হয় অবকাঠামোগত দিক নিয়ে। বাড়িটি দেখতে কতটা মজবুত এবং দেখতে কেমন হবে—সেটা নির্ভর করে বাড়ির ডিজাইনের ওপর। বাড়িটি যেন হয় মজবুত, টেকসই ও পরিবেশবান্ধব—সেদিকে নজর রাখতে হবে। আর এসব বিষয় নিশ্চিত করতে বাড়ি নির্মাণের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন দক্ষ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ও ইন্টেরিয়র ডিজাইনার।
সুন্দর বাড়ি তৈরিতে যেমন একজন আর্কিটেক্ট বা স্থপতি দরকার, তেমনি মজবুত কাঠামো নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। যিনি আপনার বাড়ির ভিত্তি (ফাউন্ডেশন), রড, সিমেন্টের সুষম ডিজাইন করে দেবেন। যা বাড়িকে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেবে। তাই বাড়ি নির্মাণের আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া উচিত। বাড়ি তৈরির পূর্বে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করানো জরুরি।
মাটি পরীক্ষার পূর্বে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে নিতে হবে। কারণ, আপনার বাড়ির উচ্চতার সঙ্গে কত গভীরতায় বোরিং করতে হবে, তা তিনি আপনাকে বলে দেবেন। বাড়ি নির্মাণের সময় একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার রাখতে হবে, যাতে কাজের মান ভালো হয় এবং ড্রয়িং অনুযায়ী কাজটি সম্পূর্ণ হয়। এ ছাড়া বাড়ি নির্মাণের সময় ভালো মানের উপকরণ চেনাটাও জরুরি। কারণ, কোন উপকরণগুলো ব্যবহার করছেন, তার ওপর বাড়ির স্থায়িত্ব নির্ভর করে।
থ্রি পয়েন্ট কনসালট্যান্টের প্রধান স্থপতি ও প্রতিষ্ঠাতা তপন কান্তি সরকার বলেন, ‘ভালো বাড়ি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সঠিক প্ল্যান। একটি সুন্দর প্ল্যানই ভালো মানের বাড়ির প্রথম পদক্ষেপ। আর্কিটেক্টরা মূলত একটি বাড়ির সুন্দর নকশা করে থাকেন। সেই নকশা অনুযায়ী সবাই মিলে বাড়িটি তৈরি করেন।’
উদাহরণ দিয়ে তপন কান্তি সরকার বলেন, ‘সুন্দর একটি ডিজাইন আমি মানুষের শরীরের সঙ্গে তুলনা করব। সুন্দর দেখতে হলেই যেমন মানুষ ভালো হয় না, তেমনি ভালো ডিজাইন হলে যে বাড়ি ভালোভাবে নির্মাণ করা যাবে—সেটা বলা যায় না। তাই সুন্দর একটি ডিজাইনের পাশাপাশি বাড়িটি কী উপকরণ দিয়ে তৈরি করছে বা কীভাবে তৈরি করছে, সেটা বিবেচনা করেই একটি বাড়িকে ভালো বাড়ি বলা যায়।’
বাড়ি তৈরির পরে সেটিকে সুন্দরভাবে সাজানোর চিন্তাও থাকতে হবে। ঘর হলো মানুষের মনের প্রতিচ্ছবি, সেটা হোক আবাসস্থল বা কর্মক্ষেত্র। আবাসস্থলের ক্ষেত্রে একটি সুন্দর গোছানো ও রুচিশীল ঘর মানসিক শান্তি দেয়। আভিজাত্য ফুটিয়ে তুলতে সাহায্য করে। বোনাঞ্জা স্টাইলের ডিজাইনার সুবর্ণা মোস্তফা জানান, ‘ঘর বা অফিসের সাজসজ্জা যেমন আমাদের প্রভাবিত করে, তেমনি অন্যদের কাছে আমাদের প্রতিনিধিত্বও করে থাকে।
তাই বলে কেবল দামি আসবাব আর সজ্জা দিয়ে সাজালেই হবে না। সঙ্গে দরকার প্রয়োজনীয় আলো-বাতাসের সুব্যবস্থা ও বৈদ্যুতিক যন্ত্রের নিরাপদ সংযোগ। সব জিনিসের পরিমিত সমন্বয় সমাজে রুচিশীল ও অভিজাত ভাবমূর্তি তৈরি করে। তাই মনের মতো করে আপনার ঘরটি সাজিয়ে নিতে পারেন কোনো ইন্টেরিয়র ডিজাইনের কাছ থেকে। শুধু ঢাকাতেই এখন অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ও ডিজাইনার আছে, যারা এই সুবিধা দিয়ে থাকে।’
আবাসন খাতে ক্যারিয়ার
আবাসন খাতে দেশ অনেক এগিয়েছে। এই খাতে ক্যারিয়ার গড়ার বেশ ভালো সুযোগও রয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের সাবেক প্রধান ও সাউথইস্ট ইউনিভার্সিটি বিজনেস বিভাগের পরিচালক শেখ আবদুর রহিম বলেন, ‘বর্তমানে আমাদের দেশের কয়েকটি সম্ভাবনাময় ক্যারিয়ারের মধ্যে রিয়েল এস্টেট সেক্টর অন্যতম।
শুধু দেশেই নয়, আপনি চাইলে বিদেশেও গড়তে পারেন এ খাতে ক্যারিয়ার। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, হাউজিং কোম্পানি, সরকারি-বেসরকারি ব্যাংক, কনস্ট্রাকশন কোম্পানি, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ অবারিত। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, রাজউক ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানেও ক্যারিয়ার গড়তে পারবেন। বাংলাদেশে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবাসন খাত নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।