খাদ্যপণ্য
এবার ঋণপত্র খুলতে কঠিন সমস্যায় পড়তে হয়েছে
ডলার-সংকটের কারণে কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আবার কাঁচামালের উচ্চ মূল্য, গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে পণ্যের উৎপাদন খরচ। এ মুহূর্তে ব্যবসার বড় সংকট কী, তা জানিয়েছেন ছোট, মাঝারি ও বড় ছয় উদ্যোক্তা ও কোম্পানির শীর্ষ কর্মকর্তা।
প্রতিবছর রোজার বাজারের জন্য ছোলাসহ ডালজাতীয় পণ্য আমদানি করি। কিন্তু এবার ঋণপত্র খুলতে গিয়ে কঠিন সমস্যায় পড়তে হয়েছে। ঋণপত্র খোলার জন্য ব্যাংকে গেলে কর্মকর্তারা বলছেন, ‘ডলার-সংকট, ঋণপত্র খোলা যাবে না।’ এরপরও অনেক যুদ্ধ করে গত ডিসেম্বরে সামান্য পরিমাণ ছোলা আমদানির ঋণপত্র খুলতে সক্ষম হয়েছি। এ অবস্থা শুধু আমার নয়, আমার মতো আরও অনেক ছোট আমদানিকারক এবার স্বাভাবিক সময়ের মতো রোজার পণ্য আমদানির ঋণপত্র খুলতে পারেননি। এতে রোজার পণ্যের হয়তো তীব্র সংকট হবে না। তবে সরবরাহ যদি স্বাভাবিক না থাকে, তাহলে দাম বাড়বে।
ডলার-সংকটের মধ্যেও বড় ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের। যদি সামান্য পরিমাণ পণ্য আমদানিতে এভাবে হিমশিম খেতে হয়, তাহলে আমাদের পক্ষে বাজারে টিকে থাকা কঠিন হয়ে যাবে। রোজার বাজার ধরতে হলে রোজার অন্তত দুই মাস আগে ঋণপত্র খুলতে হয়। সেই হিসাবে এখন যদি অস্ট্রেলিয়া-কানাডা থেকে রোজার পণ্য আমদানির ঋণপত্র খোলা হয়, তাহলে রোজার আগে সেই পণ্য দেশে আনা কঠিন। যদি আশপাশের দেশ থেকে রোজার পণ্য আমদানির ঋণপত্র খোলা যায়, তাহলেও রোজার সময় সরবরাহ কিছুটা হলেও বাড়বে।