স্মার্ট এসি যেভাবে স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে

স্মার্ট এসির হেলথ ফিল্টার ও অ্যান্টি-ভাইরাস প্রযুক্তি গ্রাহকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাস নিশ্চিত করছেছবি: ফ্রিপিক

সভ্যতার আধুনিকায়নের সঙ্গে যেন পাল্লা দিয়ে দূষণ বাড়ছে। ধুলাবালু, ধোঁয়া আর অদৃশ্য জীবাণু শ্বাসপ্রশ্বাসের বাতাসকে প্রতিনিয়ত অনিরাপদ করে তুলছে। গরমের দিনে দীর্ঘ সময় ঘরের বদ্ধ পরিবেশে এসির আওতায় থাকা নিয়ে অনেকের মধ্যেই বাতাসের মান ও বিশুদ্ধতার প্রশ্ন দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এসির ভেতরে ধুলাবালু, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব জমে থাকার ঝুঁকি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আধুনিক ও স্মার্ট এসিগুলো এই উদ্বেগ অনেকটাই কমিয়ে এনেছে। আধুনিক এসিগুলোতে উন্নতমানের ফিল্টার ও এয়ার পিউরিফিকেশন প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা বাতাস থেকে ধুলাবালু, অ্যালার্জেন ও ক্ষতিকর অণুজীব অপসারণে কার্যকর ভূমিকা রাখে।

দূষণ বনাম আধুনিক প্রযুক্তি

নগরায়ণের ক্রমবর্ধমান প্রভাবে অনেক ক্ষেত্রেই ঘরের অভ্যন্তরীণ বাতাসের মান বাইরের বাতাসের তুলনায় কম দূষিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ সংকট নিরসনে গ্লোবাল ব্র্যান্ডগুলোর পাশাপাশি দেশের বাজারে থাকা শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোও এখন এসিতে যুক্ত করছে উন্নত ‘এয়ার পিউরিফিকেশন’ সিস্টেম। বর্তমানে বাজারে থাকা স্মার্ট এসিগুলো পিএম ২.৫ ফিল্টার ব্যবহার করে বাতাসের অতি ক্ষুদ্র ধূলিকণা আটকে দিতে সক্ষম। ফলে ঘর কেবল শীতলই হয় না, বরং হয়ে ওঠে সতেজ ও জীবাণুমুক্ত স্থান।

হেলথ ফিল্টার ও অ্যান্টি-ভাইরাস শিল্ড

অনেক ব্র্যান্ড তাদের স্মার্ট এসিতে ব্যবহার করছে ইউভিসি স্টেরিলাইজেশন প্রযুক্তি, যা বাতাস থেকে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া নির্মূলে কার্যকর। জনপ্রিয় ব্র্যান্ডগুলো তাদের নতুন মডেলগুলোতে গুরুত্ব দিচ্ছে মাল্টি-লেয়ার হেলথ ফিল্টারের ওপর, যা বাতাসে ধুলাবালুর পাশাপাশি দুর্গন্ধও দূর করে।

এ প্রসঙ্গে হায়ার বাংলাদেশ লিমিটেডের হেড অব প্রোডাক্ট (এসি) মুহাম্মাদ মুনিম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সময়ে পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঘরের ভেতরের বাতাসের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক স্মার্ট এসিগুলোতে থাকা ইউভিসি প্রো স্টেরিলাইজেশন মূলত ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সহায়তা করে। ফলে এসি থেকে বের হওয়া বাতাস শুধু ঠান্ডাই নয়, বরং অনেক বেশি পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ফুসফুসের সুরক্ষায় এটি একটি বড় সুবিধা।’

আর্দ্রতা নিয়ন্ত্রণ ও আরামদায়ক ঘুম

বাতাস ঠান্ডা বা ধূলিমুক্ত করার পাশাপাশি ঘরের ভেতরের আর্দ্রতা বা ‘হিউমিডিটি’ সঠিক মাত্রায় রাখা সুস্থতার জন্য জরুরি। অতিরিক্ত আর্দ্রতা ভ্যাপসা গরমের অনুভূতি দেয়, যা ঘরে ছাতা বা ফাঙ্গাস জন্মানোর অন্যতম কারণ। আধুনিক স্মার্ট এসিগুলোতে এখন স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ‘ড্রাই মোড’ থাকছে। এটি বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরকে রাখে স্নিগ্ধ। এ প্রযুক্তি বাতাসের জলীয়বাষ্পের ভারসাম্য বজায় রাখে। ফলে দীর্ঘক্ষণ এসি ব্যবহারের পরও শরীর অবসন্ন হয় না, বরং ত্বক ও শ্বাসপ্রশ্বাস সতেজ থাকে।

সুস্থতায় স্মার্ট ইনসুলেশন ও অটো-ক্লিনিং

এসির এয়ার ফিল্টারগুলো নিয়মিত পরিষ্কার না করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে আধুনিক স্মার্ট এসিগুলোতে এখন অটো-ক্লিন ফিচার থাকে। প্রযুক্তির এই ব্যবহার সম্পর্কে মুহাম্মাদ মুনিম বলেন, ‘স্মার্ট এসির সেলফ-ক্লিনিং প্রযুক্তি ইভাপোরেটরের ভেতরে জমে থাকা ধুলা ও আর্দ্রতা দূর করতে ফ্রিজিং ও ড্রাইং প্রক্রিয়া ব্যবহার করে। এতে এসির অভ্যন্তরীণ অংশ স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকে এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া জমার ঝুঁকি কমে যায়। এটি নিয়মিত পরিষ্কারের ঝামেলা কমানোর পাশাপাশি দীর্ঘ মেয়াদে এসির পারফরম্যান্সও ভালো রাখে।’

প্রযুক্তির উন্নতির সঙ্গে পরিবেশগত দূষণের সমস্যা বাড়ছে, যা মানুষের স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ হয়ে উঠেছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট এসির হেলথ ফিল্টার ও অ্যান্টি-ভাইরাস প্রযুক্তি গ্রাহকদের একটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত আবাস নিশ্চিত করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঘর শীতল করার পাশাপাশি পরিবারের সদস্যদের ফুসফুসের সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করছে।