খেলাপি ঋণ কমাতে ব্যবসায়ীরা চান রাজনৈতিক সদিচ্ছা, বাণিজ্যসচিব বললেন, দায় সরকারের একার নয়
খেলাপি ঋণ কমাতে না পারলে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আসবে না। যাঁরা ঋণ খেলাপের সঙ্গে যুক্ত এবং যাঁরা সুবিধাভোগী, তাঁরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপি ঋণ কমানো সম্ভব নয়।
রাজধানীর মতিঝিলে আজ বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, খেলাপি ঋণ বন্ধের দায় শুধু সরকারের ওপর দিলে হবে না। বেসরকারি ব্যাংকগুলো কেন জেনেবুঝে ঋণ দেয়, সেই প্রশ্নও তোলেন তিনি।
‘বেসরকারি খাতের দৃষ্টিতে ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’–বিষয়ক এ সেমিনারে উপস্থিত ছিলেন গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান ও পিএইচপি ফ্যামিলির পরিচালক (ফিন্যান্স ও অ্যাডমিন) মোহাম্মদ আলী হোসেন। ডিসিসিআই সভাপতি মো. সামীর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন।
সেমিনারে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘অর্থমন্ত্রী বিভিন্ন সময় খেলাপি ঋণ কমবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ দেখা যাচ্ছে উল্টো তা বাড়ছে। কারণ, সমস্যা হয়তো আমরা বুঝেছি, কিন্তু সমাধানের পথে উল্টো হাঁটছি। দীর্ঘদিন ধরে সুদের হার ও বিনিময় হারের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। বিচার-বিবেচনা ছাড়াই সুদের হারের ওপর সীমা আরোপ করা হয়েছে।’
ঋণ খেলাপের ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালীরা নানা রকম প্রভাব বিস্তার করেন বলে জানান সেলিম রায়হান। তবে খেলাপি ঋণের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি।
অর্থনৈতিকভাবে বর্তমানে বাংলাদেশ একটি ক্রান্তিকালে আছে জানিয়ে সেলিম রায়হান বলেন, এ রকম পরিস্থিতিতে ঋণখেলাপিদের বিরুদ্ধে শক্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপি ঋণ কমবে না বলে মনে করেন ব্যাংকাররাও। বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘যখন এটা (ঋণ খেলাপের প্রবণতা) শুরু হয়েছিল, তখন যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতাম, তাহলে আজকের এ অবস্থায় আসতে হতো না। ১০-১৫ বছর আগেও খেলাপি ঋণ শুধু সরকারি ব্যাংকে দেখা যেত। এখন বেসরকারি খাতের ব্যাংকেও তার ব্যাপ্তি ঘটেছে। সুতরাং এটা বন্ধ করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থঋণ আদালতকেও শক্ত অবস্থান নিতে হবে।’
ডিসিসিআই সভাপতি মো. সামীর সাত্তারও খেলাপি ঋণ বন্ধে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিষয়টিকে শক্তভাবে নজরদারিতে আনতে হবে। কারণ, এ সমস্যার সমাধান করা না গেলে আর্থিক খাতে স্থিতিশীলতা আসবে না।
তবে ঋণখেলাপিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায় শুধু সরকারের একার নয় বলে মনে করেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, বেশির ভাগ ব্যাংক তো বেসরকারি খাতের। ব্যবসায়ীরাই তা পরিচালনা করেন। তারা কেন বুঝেশুনে ঋণ দেয়? তাদের কি কোনো দায়িত্ব নেই?
তপন কান্তি ঘোষ আরও বলেন, ‘সমাজে যদি লাখ লাখ লোক আইন ভাঙেন, সেখানে আইন প্রতিষ্ঠা করা খুব কঠিন। সবই সরকারের ওপরে ছেড়ে দেবেন আর নিজেরা যা ইচ্ছা করবেন, তাহলে কিন্তু হবে না। খেলাপি ঋণ বন্ধে সরকারের পাশাপাশি আপনাদেরও দায়িত্ব রয়েছে।’