সংকটের মধ্যে সুদহার বেড়েছে যুক্তরাষ্ট্রে, ১৫ বছরে মধ্যে এখন সর্বোচ্চ
ব্যাংক খাতে অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আবারও সুদের হার বাড়িয়েছে। ফেডারেল রিজার্ভ গতকাল বুধবার এক ঘোষণায় জানিয়েছে, তাদের বেঞ্চমার্ক সুদের হার আরও দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ফলে দেশটিতে সুদের হার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হলো। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
এ নিয়ে টানা নয়বারের মতো সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৭ সালের পর থেকে গত ১৫ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার। এক বছর আগেও দেশটিতে সুদের হার ছিল প্রায় শূন্যের কাছাকাছি।
সুদহার বৃদ্ধির প্রভাবে গত বছর থেকেই যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত চাপের মধ্যে রয়েছে। চলতি বছরে এই চাপ রূপ নেয় অস্থিরতায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চলতি মার্চেই দুই মার্কিন ব্যাংক সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক ধসে পড়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে অন্য অনেক আঞ্চলিক ব্যাংকও।
আশঙ্কা করা হচ্ছিল যে আবারও যদি সুদহার বাড়ানো হয়, তবে তা আর্থিক খাতের সংকটকে আরও বাড়াতে পারে। এমনই এক পরিস্থিতিতে আবারও সুদের হার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
সুদহার বাড়িয়ে এক বিবৃতিতে ফেডারেল রিজার্ভ বলেছে, ব্যাংকিং সংকটের প্রভাব ‘অনিশ্চিত’, কিন্তু মূল্যস্ফীতি এখনো ‘অনেক উঁচুতে’ রয়েছে। তাই বাজারে জিনিসের দাম স্থিতিশীল করার জন্য তারা সুদহার, তথা ঋণ করার খরচ বাড়িয়েছে।
সিলিকন ভ্যালি ব্যাংকের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ‘আমাদের আর্থিক ব্যবস্থা শক্তিশালী রয়েছে। এখন আমরা মূল্যস্ফীতির লড়াইয়ে মনোনিবেশ করেছি। যেভাবেই হোক, আমাদের মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনতে হবে।’
জেরোম পাওয়েল বলেন, মূল্যস্ফীতি ২ শতাংশে কমিয়ে আনতে আর্থিক খাতে আমাদের মূল্য দিতে হবে। কিন্তু মূল্যস্ফীতি কমাতে না পারলে যে ক্ষতি হবে, তার মূল্য আরও অনেক বেশি।
তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, ব্যাংকের ব্যর্থতার কারণে সামনের মাসগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মাত্র দশমিক ৪ শতাংশ এবং ২০২৪ সালে ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোতে জিনিসের দাম অনেক বেড়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত গত এক বছরে ৬ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাবার ও বিমানভাড়াসহ বেশ কিছু খাতে দাম অনেক দ্রুত বাড়ছে।
উচ্চ সুদের হার মানে হলো, এখন যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কেনার খরচ ও ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নেওয়া বা অন্য যেকোনো ঋণ গ্রহণের খরচ বেড়ে যাবে। তাতে এ ধরনের কর্মকাণ্ডের চাহিদা কমে আসবে। তাতে বাজারে জিনিসের দামও কমবে।
কিন্তু সুদহার বৃদ্ধির কারণে নতুন আশঙ্কা তৈরি হয়েছে ব্যাংক খাতে। বিশেষ করে বন্ডের ক্ষেত্রে। কারণ, ক্রমবর্ধমান সুদের হারের কারণে বন্ডের মূল্য কমে যেতে পারে। ফলে যেসব ব্যাংকের কাছে বেশি পরিমাণে বন্ড রয়েছে, তারা লোকসানের মধ্যে পড়তে পারে। তবে যতক্ষণ না তারা কম মূল্যে বন্ডগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে, ততক্ষণ সমস্যা হবে না।
উদাহরণ হিসেবে বলা যায়, সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) কথা। বলা হয়, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকটির পতন সুদহার বাড়ানোর কারণেই হয়েছে। কারণ, এসভিবি তার আমানতগুলো দীর্ঘমেয়াদি বিভিন্ন বন্ডে বিনিয়োগ করেছিল। কিন্তু সুদহার বৃদ্ধির কারণে এসব সিকিউরিটিজের মূল্য কমে যায়। তাই লোকসানের আশঙ্কায় আমানতকারীরা তাঁদের আমানত তুলে নিতে শুরু করলে ধসে পড়ে ব্যাংকটি। নিউইয়র্কের সিগনেচার ব্যাংকও একই রকম সংকটের মুখে ধসে পড়ে।
এদিকে বিশ্বজুড়ে অন্যান্য ব্যাংকিং কর্তৃপক্ষও সুদহার বাড়ানোর পক্ষে বলে জানিয়েছে বিবিসি। এসব কর্তৃপক্ষ বলছেন, কিছু ব্যাংকের ব্যর্থতায় সার্বিকভাবে আর্থিক খাতের স্থিতিশীলতা নষ্ট হবে না; বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাকেই তাঁরা প্রাধান্য দিচ্ছেন।
গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তাদের মূল সুদের হার দশমিক ৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। আর আজ বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড তাদের নিজস্ব সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। গতকালই দেশটির ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়ে ১০ দশমিক ৪ শতাংশ হয়েছে।