স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের পাওয়া বেশ কিছু সুবিধা বাতিল হয়ে যাবে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্ব বা ট্রিপস চুক্তির আওতায় দেশের ওষুধ খাতও বর্তমানে যে সুযোগ-সুবিধা পাচ্ছে, তা-ও বাতিল হয়ে যেতে পারে। এ অবস্থায় স্থানীয় ওষুধশিল্পকে সুরক্ষা দিতে বিদ্যমান পেটেন্ট (মেধাস্বত্ব) আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে বুধবার অনুষ্ঠিত ‘এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ফার্মাসিউটিক্যাল খাতের প্রস্তুতি’ সংক্রান্ত এক সেমিনারে সালমান এফ রহমান এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) ও ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
ইআরডি সচিব শরিফা খানের সভাপতিত্বে সেমিনারে শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড রিলেটেড অ্যাস্পেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস (ট্রিপস) চুক্তির সুবিধা আর পাওয়া যাবে না। এতে দেশের ওষুধ খাত চাপের মধ্যে পড়বে। এমনকি বেড়ে যেতে পারে অনেক জীবনরক্ষাকারী ওষুধের দাম।
এ রকম অবস্থায় স্থানীয় ওষুধশিল্পের সুরক্ষায় জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘এলডিসি–পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমাদের স্থানীয় ওষুধশিল্পের অগ্রযাত্রা ধরে রাখতে রাখতে হবে। এ জন্য বিদ্যমান পেটেন্ট আইন সংশোধন করা প্রয়োজন।’ পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও যাতে ট্রিপস চুক্তির বিশেষ সুবিধা অব্যাহত রাখা যায়, সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রয়োজনীয় প্রচার চালানোর পরামর্শ দেন তিনি।
এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) তথা ওষুধ শিল্পপার্কে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার তাগিদ দেন সালমান রহমান। তিনি বলেন, এতে দেশীয় ওষুধশিল্পে আরও সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে স্থানীয় ওষুধের পেটেন্ট সম্পর্কিত মেইলবক্স ব্যবস্থা বিলোপের পরামর্শ দেন তিনি।
সেমিনারে ইআরডি সচিব শরিফা খান এলডিসি থেকে উত্তরণ–পরবর্তী সময়ে দেশের ওষুধশিল্পকে সুরক্ষা দিতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে শক্তিশালী অংশীদারত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় জোর দেন।
শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পেটেন্ট আইন সংশোধন করা হবে।
তবে পেটেন্ট প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান।
বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবির বলেন, দেশে মেধাস্বত্বসংক্রান্ত কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য আইনি সক্ষমতা বাড়াতে হবে।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, দেশে জৈবপ্রযুক্তিবিষয়ক গবেষণা এগিয়ে নিতে বায়োটেক পার্ক ও জিনোম ভ্যালি প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ছাড়া পোশাক খাতের মতো দেশের ওষুধশিল্প খাতেও প্রণোদনা প্রদানের পরামর্শ দেন তিনি।
সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশকে বিশ্ব বাণিজ্য সংস্থায় বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে আবেদন করার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুল ইসলাম।