যুক্তরাষ্ট্রে মুনাফা পাঠানোর অনুমতি পেল মেটলাইফ

মেটলাইফ ২০১৬-১৯ চার বছরে আয় করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। আইডিআরএ কোম্পানিটির মুনাফা পাঠানো এত দিন আটকে রেখেছিল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটলাইফ

ছয় বছর পর নিজ দেশে মুনাফা পাঠানোর অনুমতি পেল বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রভিত্তিক জীবনবিমা কোম্পানি মেটলাইফ। কোম্পানিটিকে সম্প্রতি এ অনুমতি দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মেটলাইফের চার বছরের (২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত) মুনাফা প্রায় ১ হাজার কোটি টাকা। এ মুনাফা থেকে এক বছরে সমান চার কিস্তিতে কোম্পানিটি ৮১৮ কোটি ৬০ লাখ টাকার সমান ডলার পাঠাতে পারবে বলে আইডিআরএ জানিয়েছে। সংস্থাটির শর্ত অনুযায়ী, মুনাফা থেকে ১৮৩ কোটি টাকা অংশগ্রহণমূলক পলিসির লভ্যাংশ ও আয়কর বাবদ সংরক্ষণ করতে হবে।

আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, মেটলাইফ ২০১৬ সালে ২৩২ কোটি ৭ লাখ, ২০১৭ সালে ১৯১ কোটি, ২০১৮ সালে ২৯৮ কোটি ৩৭ লাখ এবং ২০১৯ সালে ২৮০ কোটি ৪৮ লাখ টাকা মুনাফা করেছে। ডলারের বিনিময়মূল্য ১০৮ টাকা ধরলে এক বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের এ কোম্পানি ৭ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ডলার মুনাফা নিয়ে যাবে। চার বছরের মুনাফা দেশে পাঠানোর অনুমতি পেলেও ২০২০, ২০২১ ও ২০২২ সালের মুনাফা পাঠানোর জন্য এখনো মেটলাইফ আইডিআরএর কাছে ধরনা দিচ্ছে।

যোগাযোগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক মো. মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অনেক বছর ঝুলে ছিল। অবশেষে মুনাফা পাঠানোর সিদ্ধান্ত একটি এসেছে। বিদেশি কোম্পানি তো বটেই, কোনো কোম্পানির ক্ষেত্রেই নীতি সিদ্ধান্ত নিতে এত কালক্ষেপণ করা উচিত নয়।’

বিমা আইন অনুযায়ী, অংশগ্রহণকারী পলিসি ছাড়া অ-অংশগ্রহণকারী পলিসির লভ্যাংশ বণ্টনসংক্রান্ত প্রবিধানমালা জারির কাজ প্রক্রিয়াধীন। যে পলিসির বিপরীতে বোনাস দেওয়া হয়, সেটাকে অংশগ্রহণকারী পলিসি বলা হয়। যে পলিসির বিপরীতে বোনাস দেওয়া হয় না বা দেওয়ার সুযোগ নেই, সেটা হচ্ছে অ-অংশগ্রহণকারী পলিসি।

চার বছরে মেটলাইফের অ-অংশগ্রহণমূলক পলিসির মাধ্যমে অর্জিত মুনাফা প্রায় ৬২৪ কোটি টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ৬২ কোটি ৩৬ লাখ টাকা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ। সংস্থাটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এ তথ্য জানিয়েছে।

মেটলাইফের ওপর বিশেষ নিরীক্ষা করেছে একটি সনদপ্রাপ্ত হিসাববিদ প্রতিষ্ঠান। নিরীক্ষা প্রতিবেদনের তথ্য উল্লেখ করে আইডিআরএ আরও বলেছে, আয়কর কর্তৃপক্ষের ২৪১ কোটি টাকা পাওনা দাবি আছে মেটলাইফের কাছে। বিষয়টি বিভিন্ন পর্যায়ে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ভবিষ্যতে কর দায় মেটানোর জন্য অন্তত ৫০ শতাংশ অর্থাৎ ১২০ কোটি ৫০ লাখ টাকা সংরক্ষণ করতে হবে মেটলাইফকে।

আইডিআরএ ২০১৩ সালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এক প্রতিবেদন দাখিল করে বলেছিল, মেটলাইফ ২০০০-২০০৯ সাল পর্যন্ত ১০ বছরে ৫ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার মুনাফা নিয়ে গেছে। অথচ মেটলাইফ বাংলাদেশে বিমা ব্যবসা শুরু করতে এক পয়সাও নিয়ে আসেনি।

মেটলাইফের যোগাযোগ বিভাগের প্রধান সাইফুর রহমান বলেন, ‘আমরা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দিকনির্দেশনাকে শ্রদ্ধা জানাই। ভবিষ্যতেও তাদের দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হব।’ এর বাইরে কিছু বলতে চাননি তিনি।

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত মেটলাইফ বাংলাদেশে কাজ করছে মূলত শাখা হিসেবে। বিশ্বের ৫০টি দেশে মোট ১০ কোটির বেশি গ্রাহক রয়েছে কোম্পানিটির।

মেটলাইফকে নিয়ে পদক্ষেপ

মেটলাইফ ২০১৩ সালে ১১৪ কোটি ৭১ লাখ ও ২০১৪ সালে ১০৪ কোটি ৩ লাখ টাকা মুনাফা করে। দুই বছরের মুনাফা ২১৮ কোটি ৭৪ লাখ টাকা থেকে প্রতিবছর ৯৩ কোটি ৩৫ লাখ হিসাবে মোট ১৮৬ কোটি ৭৩ লাখ টাকা বাংলাদেশে রাখতে হবে বলে মেটলাইফকে জানিয়েছিল আইডিআরএ। বাকি প্রায় ৩৩ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাঠাতে পারবে।

এদিকে গত বছরের মে মাসে দেশে কর্মরত যেসব জীবনবিমা কোম্পানির মূল ব্যবসাস্থল বা প্রধান কার্যালয় বিদেশে, তারা মূল ব্যবসাস্থলের জন্য কী পরিমাণ খরচ করতে পারবে, তার সীমা বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ।

দেশে বর্তমানে যেসব জীবনবিমা কোম্পানি আছে, তার মধ্যে বিদেশে প্রধান কার্যালয় থাকা কোম্পানি শুধু মেটলাইফ। মেটলাইফের বাইরে ভারতীয় একটি কোম্পানি দেশে আছে, যার নাম লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (এলআইসি) বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে নিবন্ধিত হওয়ায় এ প্রজ্ঞাপন এলআইসির ওপর প্রযোজ্য হবে না।