সাধারণ বীমা করপোরেশনের টাকা আত্মসাতে চক্র দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) ব্যবস্থাপক আবুল কাশেম একাই সংস্থাটির ২৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেননি। তিনিসহ একটি সংঘবদ্ধ চক্র তা করেছে। এই চক্রে রয়েছেন এসবিসি, এক্সিম ব্যাংক, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কিছু কর্মকর্তা। অধিকতর তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক তদন্ত প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা পড়েছে। এতে এসবিসির সার্বিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং অভিজ্ঞ সনদপ্রাপ্ত হিসাববিদ (সিএ) ফার্মের মাধ্যমে নিরীক্ষা করিয়ে এর দুর্বলতাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির অংশ হিসেবে এসবিসির শেয়ারের কিছু অংশ পুঁজিবাজারে আনার সুপারিশও করা হয় প্রতিবেদনে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে ১০ বছর ধরে এসবিসির অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ব্যবস্থাপক আবুল কাশেমের (বর্তমানে বরখাস্ত) নেতৃত্বে ২৬ কোটি টাকা আত্মসাতের ঘটনাটি সংস্থার প্রধান কার্যালয়ের না জানাটা রহস্যজনক। এক্সিম ব্যাংকের সহযোগিতা ছাড়াও এই অর্থ আত্মসাৎ অসম্ভব। বিউবো, বিসিএসআইআর ও বুয়েট প্রতিবছরই এসবিসির সঙ্গে বিমা করে থাকে। যথাসময়ে ও যথানিয়মে তারা বিমা করছে কি না, তা এসবিসির অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ, দায় বিভাগ এবং হিসাব ও বাজেট বিভাগের নজরদারিতে থাকার কথা। কিন্তু সাড়ে ১০ বছর বিষয়টি পরিদর্শনের আওতার বাইরে ছিল। আত্মসাতের ঘটনায় বিমাকারী তিন সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারীও জড়িত বলে মনে হচ্ছে।

প্রতিবেদন বলছে, এসবিসি বরাবরই আবুল কাশেমকে পৃষ্ঠপোষকতা করেছে। এমনকি বরখাস্তের আগেও গুরুত্বপূর্ণ অডিট অ্যান্ড কমপ্লায়েন্স এবং হিসাব ও বাজেট বিভাগে পদায়ন করা হয় তাঁকে। এ বিভাগের ব্যবস্থাপকের কাজটি সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে। বিভাগটিতে আবুল কাশেমের মতো কর্মকর্তাকে সরাসরি এমডির নিয়ন্ত্রণে রাখার কারণ বোধগম্য নয়। এর মাধ্যমে তাঁকে অপরাধ করার কাজে উৎসাহিত করা হয়েছে।

এসবিসি আবুল কাশেমকে বরাবরই পৃষ্ঠপোষকতা করেছে।
এক্সিম ব্যাংকের সহযোগিতা ছাড়া অর্থ আত্মসাৎ অসম্ভব।

এসবিসির এমডি সৈয়দ শাহরিয়ার আহসান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনটি আমাদের কাছে আসেনি বলে মন্তব্য করা কঠিন। আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি, নিবিড় তদন্তও করছি। এদিকে দুদকও তদন্ত করছে। চক্রের মধ্যে যিনিই থাকবেন, তাঁকেই আইনের আওতায় আনা হোক, এটা আমাদের চাওয়া।’

এসবিসির এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, আবুল কাশেম জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব খুলে ২০১০ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৫ অক্টোবর পর্যন্ত ২৭ কোটি ৭৭ লাখ টাকা জমা করেন। তা থেকে তিনি চেক ও নগদে টাকা তোলার পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্থানান্তর করেন ২৬ কোটি ১৫ লাখ টাকা। শাখাটিতে এখনো আছে ১ কোটি ৬৩ লাখ টাকা।

প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গত ১৬ মার্চ ‘১০ বছর ধরে জালিয়াতি, ২৬ কোটি টাকা আত্মসাৎ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। আর গত ১৯ জুলাই মতিঝিল এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
প্রতিবেদনে বলা হয়, এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখা গ্রাহকের তথ্য গোপন রাখার বাধ্যবাধকতা রয়েছে, এমন যুক্তিতে আইডিআরএর তদন্ত দলকে তথ্য দিয়ে ব্যাংক কোনো সহযোগিতা করেনি। বলেছে, তদন্ত দল মনে করছে, এই আত্মসাতের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের কেউ কেউ জড়িত।

এদিকে এসবিসির উপমহাব্যবস্থাপক শাহ আলম ব্যবসা উন্নয়ন ও সাধারণ আপ্যায়ন বাবদ পৌনে আট লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে তথ্য পেয়েছে তদন্ত দল। যদিও দলটির কাছে শাহ আলম তা অস্বীকার করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান মো. মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, বহির্নিরীক্ষকের কাছে বিষয়টি কেন এত দিন ধরা পড়ল না, সেটাও এক বিস্ময়কর ঘটনা। আবুল কাশেম তো ধরা পড়লেন, এখন দরকার চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।