পণ্য আমদানি
ব্যবসা সংকুচিত হয়ে এসেছে
ডলার-সংকটের কারণে কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আবার কাঁচামালের উচ্চ মূল্য, গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে পণ্যের উৎপাদন খরচ। এ মুহূর্তে ব্যবসার বড় সংকট কী, তা জানিয়েছেন ছোট, মাঝারি ও বড় ছয় উদ্যোক্তা ও কোম্পানির শীর্ষ কর্মকর্তা।
২০২০ ও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ব্যবসা ভালোভাবে শুরু হয়েছিল। আমরা ঋণপত্র খুলে পোশাক, ওষুধ, চামড়া, প্লাস্টিক খাতের রাসায়নিক ও খাদ্যের উপাদান আমদানি করছিলাম। কিন্তু গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডলার–সংকটের কারণে কোনো ঋণপত্র খুলতে পারিনি। ফলে ব্যবসা সংকুচিত হয়ে এসেছে। আমার মতো হাজারো ছোট আমদানিকারকের পরিস্থিতি একই রকম। ছোটদের সংকটের কথা কেউ বলছে না। বড়রা ঠিকই তাদের প্রভাব কাজে লাগিয়ে নিজেদের সমস্যার সমাধান করে নিচ্ছে।
চলতি মাসে খাদ্যের উপাদান আমদানির জন্য ৩০ হাজার ডলারের ঋণপত্র খোলার আশ্বাস পেয়েছি। আমাদের মতো ছোট আমদানিকারকের কাছ থেকে বড় কারখানাগুলো রাসায়নিক কিনে থাকে। আমরা সরবরাহ করতে না পারলে বড়রা নিজেরাই আমদানি করে নিয়ে আসবে। সেটি হলে ছোট প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। যার প্রভাব পড়বে কর্মসংস্থানে। এখন ডলার–সংকটের পাশাপাশি বিদ্যুৎ একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অনেক কারখানা ধানের তুষ, খোসা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। সৌরবিদ্যুতেরও ব্যবস্থা করছে। তবে যাদের কারখানা বড়, তাদের বিদ্যুতের চাহিদার পুরোটা এভাবে সরবরাহ করা সম্ভব নয়। এ জন্য চলমান পরিস্থিতির মধ্যেও নতুন করে বিনিয়োগ করতে হচ্ছে। সামনে গরম এলে বোঝা যাবে, প্রকৃত অবস্থা কী দাঁড়ায়। ফলে এক সংকটের সঙ্গে নতুন নতুন সংকট যুক্ত হচ্ছে। আমরা আশায় আছি পরিস্থিতি ভালো হয়ে যাওয়ার। এ আশা নিয়েই ব্যবসায় টিকে আছে এখনো।