ঢাকা-ব্যাংকক পথে থাই এয়ার এশিয়ার উড়ান শুরু
থাইল্যান্ডভিত্তিক বেসরকারি বিমান সংস্থা থাই এয়ার এশিয়া ঢাকা-ব্যাংকক পথে উড়ান চালু করেছে। তুলনামূলকভাবে কম খরচে সপ্তাহে চার দিন এই পথে উড়ান পরিচালনা করবে তারা। যাত্রীদের চাহিদা বাড়লে উড়ান সংখ্যা আরও বাড়ানো হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে একটি উড়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পথে যাত্রী পরিবহন শুরু করে এয়ার এশিয়া। শতভাগ যাত্রী নিয়ে উড়ানটি দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশে থাই এয়ার এশিয়ার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) টাস এভিয়েশন লিমিটেড। সংবাদ সম্মেলনে টাস এভিয়েশনের পরিচালক কাজী শাহ মুযাক্কের আহমাদুল হক বলেন, থাই এয়ার এশিয়ার পক্ষ থেকে চালু এই ফ্লাইটের মাধ্যমে তুলনামূলকভাবে কম খরচে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। ভ্রমণকালীন সুযোগ-সুবিধা যাত্রীর চাহিদা অনুযায়ী নির্ধারণ করা যাবে। যাত্রী তাঁর চাহিদা অনুযায়ী সুবিধা কমবেশি করে নিতে পারবেন। এতে খরচ বাঁচানো যাবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন টাস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার, থাই এয়ার এশিয়ার আঞ্চলিক বাণিজ্যিক প্রধান তানসিতা আক্রারিত্তিপিরম ও দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক প্রধান মনোজ ধারমানি। অনুষ্ঠানে জানানো হয়, শুক্র, রবি, মঙ্গল ও বুধবার—সপ্তাহের এই চার দিন দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারের বিমান ছেড়ে যাবে।