মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

মতিঝিলের হিরাঝিল হোটেলছবি: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হোটেলটির রান্নাঘর অপরিষ্কার, লেবেলবিহীন ঘি ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, হোটেলটির রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। সেখানে ঢাকনাবিহীন ময়লার পাত্র পাওয়া গেছে। এ ছাড়া লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদেরও কোনো স্বাস্থ্যসুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ বুধবার হোটেলটিতে অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণ দেখাতে পারেনি। এসব অনিয়মের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিলে হিরাঝিল হোটেলে এ অভিযান চালানো হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।