সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য হিসাববিদদের সংগঠন আইসিএবি প্রদত্ত অ্যাওয়ার্ড পেয়েছে ৩০ প্রতিষ্ঠান। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্যাংক, বিমা, উৎপাদনশীল খাতসহ মোট ১৫টি খাতে ৩০টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ বা আইসিএবি। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, রৌপ্য ও ব্রোঞ্জ—এ তিনভাবে পুরস্কৃত করা হয়। আইসিএবি জানিয়েছে, এবার এ অ্যাওয়ার্ডের জন্য মোট ৮৮টি প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে।
সেগুলোর মধ্য থেকে ১৩ সদস্যের জুরিবোর্ড সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করে। আইসিএবির এবারের অ্যাওয়ার্ডের জন্য গঠিত জুরিবোর্ডের নেতৃত্ব দেন সাবেক গভর্নর আতিউর রহমান। প্রতিটি খাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এর বাইরে ২৩টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবি সভাপতি মো. মনিরুজ্জামান। এ ছাড়া সেরা প্রতিবেদন নির্বাচনপ্রক্রিয়া তুলে ধরেন আইসিএবির রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টসের (আরসিপিএআর) চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।
এ বছর সেরা আর্থিক প্রতিবেদনের জন্য গোল্ড পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো অগ্রণী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, লংকাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিটি জেনারেল ইনস্যুরেন্স, সাজেদা ফাউন্ডেশন, রবি আজিয়াটা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, ইউনিক হোটেল, ব্যাংক এশিয়া ও ব্র্যাক ব্যাংক।
এ ছাড়া সেরা আর্থিক প্রতিবেদনের জন্য রৌপ্য পুরস্কার পেয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, আরএকে সিরামিকস, রিলায়েন্স ইনস্যুরেন্স, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, ব্র্যাক, গ্রামীণফোন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স।
ব্রোঞ্জ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো রূপালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন, ঘাসফুল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও শাহ্জালাল ইসলামী ব্যাংক।
আইসিএবি জানায়, একাধিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন শ্রেণিতে একাধিক পুরস্কার জিতেছে। সার্বিকভাবে বিজয়ী হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিটি খাতের তিনটি সেরা প্রতিবেদন এ বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রতিযোগিতায় পাঠানো হবে অংশগ্রহণের জন্য। গত বছর বাংলাদেশ থেকে সর্বোচ্চসংখ্যক প্রতিষ্ঠান সাফা অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছে। এ বছরও বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক প্রতিষ্ঠান সাফা অ্যাওয়ার্ড জয় করবে বলে আইসিএবি সভাপতি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে।