‘এখন টিকে থাকাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ’
জ্বালানির তীব্র সংকটের মধ্যে দেশে গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি ব্যবসা ও শিল্পে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে সম্প্রতি প্রথম আলো কথা বলেছে জেলা পর্যায়ের ব্যবসায়ী নেতাদের সঙ্গে। এবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং মিনার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হকের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক।
প্রশ্ন :
বেশ দীর্ঘ সময় ধরেই পুরো দেশে বিদ্যুৎ ও গ্যাস-সংকট চলছিল। আপনার এলাকায় এ সংকট কতটা প্রকট?
মঞ্জুরুল হক: নারায়ণগঞ্জে আগে বিদ্যুৎ-সংকট থাকলেও এখন তা অনেকটাই কমেছে। তবে গ্যাস-সংকট প্রকট। এ কারণে গ্যাসনির্ভর শিল্পকারখানার উৎপাদন তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। রাতে একটু গ্যাস এলেও আবার সকালে চলে যায়। আবার কখনো কখনো গ্যাস আসেই না। গ্যাস-সংকটের কারণে কাপড় ডায়িং করতে না পারায় অনেক পোশাক কারখানায় বিকেলের পরই ছুটি দিয়ে দিতে হচ্ছে।
প্রশ্ন :
এ সংকটের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ল। এই মূল্যবৃদ্ধি এ এলাকার শিল্পে কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
মঞ্জুরুল হক: গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর ফলে উৎপাদনের খরচ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে কাঁচামালের দাম বেড়েছে। আগে ক্রেতারা শিপমেন্টের জন্য তাড়াহুড়ো করতেন, এখন তাঁরা আমদানিতে উৎসাহী হচ্ছেন না। ধীরে চলো নীতি অবলম্বন করছেন। ডলার-সংকটের কারণে ব্যাংকগুলো ব্যাক টু ব্যাক এলসিও খুলতে পারছে না। উৎপাদন কমে গেলেও শ্রমিকদের বেতন পরিশোধ করতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছেন শিল্পমালিকেরা। এভাবে বেশি দিন চললে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়বে।
প্রশ্ন :
কোন ধরনের শিল্প ও ব্যবসা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে?
মঞ্জুরুল হক: গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব শিল্পকারখানার মধ্যে রয়েছে নিট গার্মেন্টস, ওভেন গার্মেন্টস, ডায়িং, সুতা তৈরির কারখানা, হোসিয়ারি শিল্প ইত্যাদি। এ ছাড়া রি-রোলিং মিলসহ আরও বেশ কিছু গ্যাসনির্ভর শিল্পকারখানাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশ্ন :
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিকেরা বলছেন যে গ্যাসের দাম যতটা বেড়েছে, তাতে টিকে থাকতে হলে তাঁদের হয় পণ্যের মূল্য বাড়াতে হবে কিংবা কর্মী ছাঁটাই করতে হবে। তেমন কোনো আশঙ্কা কি আপনি করেন?
মঞ্জুরুল হক: জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহনের খরচ বেড়েছে। জেনারেটরে চালাতে গিয়ে উৎপাদন খরচ বেড়েছে। এখন গ্যাসের যে সংকট, এটার সমাধান না হলে শ্রমিক ছাঁটাই তো হবেই। এ মুহূর্তে ক্রেতারা পণ্যের দাম বাড়াতে আগ্রহী হচ্ছেন না। এখন টিকে থাকাটাই আমাদের শিল্পমালিকদের জন্য বড় চ্যালেঞ্জ। গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। উৎপাদনভিত্তিক অনেক শ্রমিক নিজেরাই আস্তে আস্তে অন্য পেশায় চলে যাচ্ছেন।
প্রশ্ন :
জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি হলো এমন সময়ে, যখন শিল্পের মালিকেরা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। এর বাইরে রয়েছে ডলার-সংকট, ব্যাংকের সমস্যা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন?
মঞ্জুরুল হক: রপ্তানির ক্ষেত্রে যে সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে, তা আমরা বিদ্যুৎ ও গ্যাসের জন্য কাজে লাগাতে পারছি না। সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অকল্পনীয় উন্নতি হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব পোশাক কারখানা বাংলাদেশে। এ বছর রপ্তানি যে ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আগামী বছর তা বেড়ে ২৫ শতাংশ হওয়ার সম্ভাবনা ছিল। আগামী তিন মাসের মধ্যে যদি সমস্যার সমাধান না করা যায়, তাহলে গার্মেন্টস খাতে মহাসংকট দেখা দেবে। রিজার্ভ না বাড়লে, পর্যাপ্ত পরিমাণ ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি না দিলে পরিস্থিতি জটিল হবে। একই সঙ্গে রাস্তা থেকে রপ্তানির পোশাক চুরি বন্ধ করতে হবে।
প্রশ্ন :
পণ্য চুরি সমস্যার কোনো সমাধান আপনারা পাচ্ছেন না?
মঞ্জুরুল হক: এটির সঙ্গে মাফিয়া চক্র জড়িত। তারা রপ্তানির পণ্য সরিয়ে পরিত্যক্ত কাটা কাপড় কার্টনে ভরছে। বিদেশি ক্রেতারা পোশাকের বদলে ঝুট পাচ্ছেন। তাঁরা মালিকদের জরিমানা করছেন, এলসি দেওয়া বন্ধ করে দিয়েছেন। এটিকে দেশ ও শিল্পের স্বার্থে কঠোরভাবে নির্মূল করতে হবে।
প্রশ্ন :
ব্যবসার ওপর যে চাপ তৈরি হয়েছে বা হচ্ছে, সেই ক্ষতি থেকে বেরিয়ে আসতে আপনারা নিজেরা কী করতে পারেন? আর এ ক্ষেত্রে সরকারের কী করার আছে?
মঞ্জুরুল হক: উৎপাদন বাড়াতে আমাদের অটোমেশনে জোর দিতে হবে। জ্বালানির বিষয়টা সরকারের ওপর নির্ভর করছে। উৎপাদন খরচ যাতে না বাড়ে, সে জন্য সরকারকে আপৎকালীন ইনসেনটিভের ব্যবস্থা করতে হবে।