ভারত থেকে নিত্যপণ্য আমদানিতে কোটা পাওয়া যাবে কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারত পতাকা

ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় ছয় পণ্য আমদানিতে বার্ষিক কোটা (নির্ধারিত পরিমাণ) পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বরং বিশ্ববাজারের ৪০ শতাংশ চাল রপ্তানিকারক ভারত নিজেই গত ২০ জুলাই বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারতজুড়ে এ বছর আখ উৎপাদন কম হওয়ায় নতুন করে চিনি রপ্তানিও বন্ধ করতে পারে দেশটি।

ফলে ভারত থেকে চাল ও চিনিতে কোটা পাওয়া দূরের কথা, এ দুই পণ্যের স্বাভাবিক আমদানি করাই এখন সম্ভব হবে না। বাংলাদেশ যে ছয়টি পণ্যে ভারতের কাছ থেকে কোটা চেয়েছিল, সেগুলো হচ্ছে চাল, গম, পেঁয়াজ, আদা, রসুন ও চিনি।

বাংলাদেশের কোটা চাওয়া অনুযায়ী বাকি থাকে গম, পেঁয়াজ, আদা, রসুন—এই চার পণ্য। এগুলোতেও কোটা পাওয়া যাবে কি না, সে ইঙ্গিত পাওয়া যাবে আরও কয়েক দিন পর। এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় একটি ভার্চ্যুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আজ দুপুরের পর আন্তমন্ত্রণালয়ের বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এতে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকার কথা।

বৈঠকে উপস্থিত থাকার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে কয়েক দফা প্রস্তাব পাঠানো হয়। সেসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারতীয় হাইকমিশন বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়, এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ একটি ভার্চ্যুয়াল বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করতে চায়। সে আলোচনায় অংশ নেওয়ার জন্যই আজ বৈঠক ডাকা হয়েছে।

সাড়ে সাত মাস আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রথম ভারত থেকে আট ধরনের নিত্যপণ্যে কোটা চেয়ে প্রস্তাব দেন। প্রস্তাবের মূল কথা হচ্ছে, পণ্যগুলো আমদানিতে বাংলাদেশের জন্য ভারত যেন বার্ষিক কোটা রাখে। ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পিয়ুশ গয়ালের পক্ষ থেকে লিখিত প্রস্তাবের পরামর্শ দিয়ে তখন এ বিষয়ে সম্মতিও জানানো হয়।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে কথা বলার পর যেটা বুঝতে পেরেছি, কোটা দেওয়ার বিষয়ে ভারত ইতিবাচক। ভার্চ্যুয়াল বৈঠকে সব বোঝা যাবে। ভারতের দিক থেকে একটা বিষয় আছে। আর সেটা হচ্ছে পরিমাণ। কোটা দেওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে পণ্য আমদানি করা হবে কি না, সেগুলো মনে হচ্ছে তারা বুঝতে চায়।’

কোন পণ্য, কত চায় বাংলাদেশ

প্রতিবেশী ভুটান ও মালদ্বীপকে এ ধরনের কোটা দিয়ে আসছে ভারত। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ছয় পণ্য আমদানিতে যে কোটা চেয়েছে, তার মোট পরিমাণ বছরে ৫২ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে চাল ১৫ লাখ টন, গম ২০ লাখ টন, চিনি ১০ লাখ টন, পেঁয়াজ ৬ লাখ টন, আদা ১ লাখ টন ও রসুন ৫০ হাজার টন।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়, চালের কোটায় ৮ থেকে ১০ লাখ টন আমদানি করা হবে সরকারিভাবে। বাকিটা আমদানি করবে বেসরকারি খাত। আর গমের কোটায় সরকার ৫ থেকে ৭ লাখ টন আনবে, বাকিটা আসবে বেসরকারিভাবে। বাকি চার পণ্যের ব্যাপারে সরকারি-বেসরকারি পর্যায়ে কে কী পরিমাণ আমদানি করবে, তা উল্লেখ করা হয়নি।

নয়াদিল্লিতে বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে চালে ২০ লাখ টন, গমে ৪৫ লাখ টন, পেঁয়াজে ৭ লাখ টন, চিনিতে ১৫ লাখ টন, আদায় দেড় লাখ টন, ডালে ৩০ হাজার টন ও রসুনে ১০ হাজার টনের কোটা চাওয়া হয়েছিল। জবাবে ভারত ওই বৈঠকেই বলেছিল, পণ্য তারা বিক্রি করবে, কোটাও রাখতে রাজি। তবে পরিমাণটা গুরুত্বপূর্ণ। কোন পণ্যের জন্য কী পরিমাণ কোটা লাগবে, তা সুনির্দিষ্ট করে জানাতে হবে।

এরপরই পণ্যের চাহিদা নির্ণয় করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। ওই কমিটি ভারত থেকে গত ১০ বছরে পণ্য আমদানির চিত্র বিশ্লেষণ শেষে ছয় পণ্যের কোটার পরিমাণ নির্ধারণ করে, যা ভারতকে পাঠানো হয়।

তবে ডালের ব্যাপারে শুরুর দিকে কোটা চাওয়া হলেও চূড়ান্ত চিঠিতে তা বাদ রাখা হয়। কারণ, ভারত ডিসেম্বরের বৈঠকেই জানায় যে নিজেদের চাহিদার কারণেই ডাল রপ্তানি তাদের পক্ষে সম্ভব হবে না।

বাংলাদেশ ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে ১ হাজার ৩৬৯ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করে। তার আগের অর্থবছরে দেশটি থেকে আমদানি করা হয় ৮৫৯ কোটি ডলারের পণ্য।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভারত তার নিজের খাদ্যনিরাপত্তা বজায় রেখেও সামান্য নমনীয় থাকলে বড় উপকার হতে পারে বাংলাদেশের।

আর বাংলাদেশ-ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারতকে ট্রানজিট দেওয়া হলো, নতুন করে দেশটির সঙ্গে হচ্ছে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। ফলে ভারতের মোট উৎপাদনের তুলনায় বাংলাদেশের চাওয়া তেমন কিছুই না। দর-কষাকষি করার সময় বাংলাদেশের প্রতিনিধিদের এ বিষয়গুলো মাথায় রাখা উচিত।’