ডিজিটাল পেমেন্টের জন্য এইচএসবিসির সঙ্গে হা-মীম গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল পেমেন্ট পদ্ধতি আরও সহজ করতে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক কোম্পানি হা-মীম গ্রুপ। চুক্তির আলোকে এইচএসবিসির অনলাইন প্ল্যাটফর্ম এইচএসবিসিনেটের মাধ্যমে হা-মীম গ্রুপের সব ধরনের ডিজিটাল পেমেন্ট পরিচালনা করা হবে।

সম্প্রতি হা-মীম গ্রুপের কার্যালয়ে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারবিষয়ক প্রধান স্টুয়ার্ট রজার্স, গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভবল ফাইন্যান্সের প্রধান ইয়েন ট্যান্ডি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ প্রমুখ।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এইচএসবিসি। ব্যাংকটি বলেছে, হা-মীম গ্রুপের জন্য সহজতর ও সাশ্রয়ী পেমেন্ট পদ্ধতি পরিচালনা করবে এইচএসবিসি। এ ব্যবস্থায় একটি সম্মিলিত ফাইল আপলোডের মাধ্যমে একাধিক বিক্রেতার পেমেন্ট ব্যবস্থাপনা সম্ভব হবে।

পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে জানিয়ে এইচএসবিসি বলেছে, এর মাধ্যমে হা-মীম গ্রুপ ব্যাংকে না গিয়ে পেমেন্ট প্রক্রিয়া অত্যন্ত কম সময়ে ও ত্রুটিহীনভাবে করতে পারবে। এ ছাড়া এ প্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমবে। ফলে পরিবেশও সুরক্ষিত থাকবে।

এ বিষয়ে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, হা-মীম গ্রুপ অল্প সময়ের মধ্যেই রপ্তানি বাণিজ্যে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করার পরিকল্পনা করছে। এইচএসবিসির এই ডিজিটাল উদ্ভাবন সেই কৃতিত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারবিষয়ক প্রধান স্টুয়ার্ট রজার্স বলেন, ডিজিটাল রূপান্তরমূলক কার্যক্রম ব্যাংকের কাজের অবিচ্ছেদ্য অংশ। নতুন এই উদ্যোগ উভয় পক্ষের জন্য লাভজনক হবে। পাশাপাশি হা-মীম গ্রুপের ডিজিটাল যাত্রায় সহায়ক হবে এটি।

এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভবল ফাইন্যান্সের প্রধান ইয়েন ট্যান্ডি বলেন, ‘এইচএসবিসি দেশের নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের সঙ্গে সম্মিলিতভাবে কাজের মাধ্যমে যুগান্তকারী বিভিন্ন আর্থিক সমাধানের সূচনা করে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে হা-মীম গ্রুপকে প্রগতিশীল ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধান দেওয়া আমাদের অঙ্গীকার।’

সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসবিসি জানিয়েছে, তাদের অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম এইচএসবিসিনেট স্থানীয় পেমেন্টের কাজে কাগজনির্ভর প্রক্রিয়ার পরিবর্তে মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজে লেনদেন করার সুবিধা দেয়। এ ছাড়া এইচএসবিসিনেটের নিরাপত্তা ও অডিট ট্রেইলের মাধ্যমে গ্রাহকদের স্বল্প ব্যয়ে দ্রুতগতির ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। এইচএসবিসির এই প্ল্যাটফর্মে অনলাইন ট্রেড প্রসেসিং ও লেনদেন করা সম্ভব। এর মাধ্যমে গ্রাহকেরা বাণিজ্যিক কর্মকাণ্ডে আরও দক্ষতা অর্জন করতে পারবে।