বিএসইসির নিষ্ক্রিয়তার মধ্যেও বড় উত্থান শেয়ারবাজারে

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫২ পয়েন্ট বেড়ে যায়। এ সময় বাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারেরই দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। দিন শেষে ডিএসইএক্স সূচকটি ১৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪২৬ পয়েন্টে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭৫০ কোটি টাকা। গত ১০ জুলাইয়ের পর অর্থাৎ প্রায় এক মাসের ব্যবধানে এটিই ছিল ঢাকার বাজারের সর্বোচ্চ লেনদেন। লেনদেন ও সূচকের এ উত্থান ঘটেছে মূলত ভালো মৌল ভিত্তির শেয়ারের ওপর ভর করে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা কিছুটা শঙ্কামুক্ত হয়েছেন। তাতে বাজারে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এতে বাজারে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই বড় উত্থান হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) খুব একটা দাপ্তরিক কাজ হয়নি। কমিশনের চেয়ারম্যানসহ তিন কমিশনার এদিন কার্যালয়েই আসেননি। এর মধ্যে একজন কমিশনার বিদেশে রয়েছেন বলে কমিশন সূত্রে জানা যায়। শীর্ষ কর্মকর্তাদের অনুপস্থিতিতে অন্য কর্মকর্তাদের বড় অংশ দুপুরের পর কার্যালয় ত্যাগ করে।

* কয়েক বছর পর লেনদেনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক, দাম বেড়েছে সর্বোচ্চ।
* গ্রামীণফোনের শেয়ারের দাম সর্বোচ্চ ২২ টাকা বেড়েছে এক দিনেই।
* ক্রেতার আগ্রহ ছিল না সালমান এফ রহমানের বেক্সিমকো ফার্মার শেয়ারে।

বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে মন্দাভাব চলছে। এর মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়ে। এ সময় বাজারকে গতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নানা চেষ্টা চালানো হতো। বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ফোন করে শেয়ার কেনার ও বাজারকে সাপোর্ট দেওয়ার অনুরোধ করা হতো নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। যেনতেনভাবে বাজার বাড়ানোর এ চেষ্টায় কারসাজিকারকেরাও ছিলেন সক্রিয়। কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হলেও নিয়ন্ত্রক সংস্থা নিশ্চুপই থাকত। এমন পরিস্থিতিতে গতকাল নিয়ন্ত্রক সংস্থার কোনো হস্তক্ষেপ না থাকা ও শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি সত্ত্বেও বাজারে বড় উত্থান হয়েছে। এ উত্থানে বড় ভূমিকা রেখেছে ভালো মৌল ভিত্তির কোম্পানিগুলো।

ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি

গতকালের বাজারে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। এর মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিন পর লেনদেনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক। এদিন ব্যাংকটির ৪৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা বেড়ে দাঁড়ায় ২৯ টাকা ২০ পয়সায়। গত কয়েক বছরের মধ্যে ব্যাংকটি এই প্রথম লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে। এ ছাড়া গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি পেয়েছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোনের। কোম্পানিটির শেয়ারের দাম গতকাল এক দিনেই ২২ টাকা বা প্রায় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ টাকায়। দাম বেড়েছে স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বা বিএটিবিসি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মতো ভালো মৌল ভিত্তির শেয়ারের।

দেশের শীর্ষস্থানীয় তিনটি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এত দিন বাজার ছিল কারসাজির শেয়ারনির্ভর। দেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এ কারণে গতকাল সূচকের বড় উত্থান হয়েছে। যদিও এ উত্থানের পেছনে বিনিয়োগকারীদের ‘আবেগপ্রবণ’ প্রত্যাবর্তনই বড় ভূমিকা রেখেছে। ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হয়েছেন।

ক্রেতা কম বেক্সিমকো ফার্মার শেয়ারে

সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মার খুব বেশি ক্রেতা ছিলেন না। দিনের শুরুতেই এটির শেয়ারের সর্বোচ্চ ৩ শতাংশ বা ৩ টাকার বেশি কমেছে। কোম্পানিটির শেয়ারের প্রতি ক্রেতার আগ্রহ কম থাকায় ১৭ হাজার শেয়ারের হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ১৭ লাখ টাকা।

এদিকে ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল যেসব কোম্পানির শেয়ারের জন্য সূচক সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, রেনাটা। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ারের ২৪ টাকা মূল্যবৃদ্ধিতে ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় ১৬ পয়েন্ট। গ্রামীণফোন ও স্কয়ার ফার্মার কারণে ১৩ পয়েন্ট করে প্রায় ২৬ পয়েন্ট, ব্র্যাক ব্যাংকের মূল্যবৃদ্ধিতে ১১ পয়েন্ট ও রেনাটার কারণে ১০ পয়েন্ট বেড়েছে সূচকটি।