যে কারণে হারিয়ে গেল কোডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় গোটা পৃথিবীতেই বিস্তৃত ছিল তাদের ব্যবসা, তা আকারে যেমন বিশাল, তেমনি সুনাম–সুখ্যাতিতেও ছিল অতুলনীয়। দেশে দেশে ব্যবসা করে দুহাত ভরে শত শত কোটি ডলার আয় করে নিত তারা। নিজেদের ছবি তোলার জন্য সব পর্যায়ের গ্রাহকের কাছেই তারা ব্যাপকভাবে সমাদৃত ছিল। সীমাহীন জৌলুশ যেন ছিল তাদের নিত্যসঙ্গী। কিন্তু তাদের ছিল না শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা আর যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার মতো দক্ষতা, দূরদর্শিতা ও পরিকল্পনা। ব্যবসায়িক ব্যবস্থাপনায় দুর্বলতাও জোরালো হয়ে উঠছিল দিন দিন। পরিণতিতে কালের অতলে হারিয়ে যাওয়া ছাড়া আর যেন কোনো উপায়ই খোলা থাকল না কোম্পানিটির সামনে। কালের অতলে হারিয়ে যাওয়া এই প্রতিষ্ঠান হলো ক্যামেরা ও ফিল্ম তৈরির ব্র্যান্ড কোডাক।

একসময় ক্যামেরা ও ফিল্ম তৈরির কোম্পানি বলতেই মানুষ ভাবত কোডাক ব্র্যান্ডের কথা। কারণ, ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিই গোটা দুনিয়ায় সাধারণ মানুষের কাছে ছবি তোলার সুবিধা পৌঁছে দিয়েছিল। ১০০ বছরের বেশি সময় ধরে কোম্পানিটি ক্যামেরা ও ফিল্মের রমরমা ব্যবসা করে বিশ্বজোড়া নাম–যশ–খ্যাতি অর্জন করেছিল।

ডিজিটাল ক্যামেরার উন্নয়নেও কোডাককে পথিকৃৎ বলা হয়ে থাকে। গত শতকের সত্তরের দশকে তারা ডিজিটাল ক্যামেরা নিয়ে এসেছিল। তা সত্ত্বেও কোডাক ব্যবসায়িকভাবে বেশ মার খায়। কারণ, তারা ডিজিটাল ক্যামেরার ব্যবহার চালু করলেও সেটির আরও উৎকর্ষ সাধন ও বিক্রি বাড়ানোর দিকে তেমন জোর দেয়নি।

গতানুগতিক মুনাফা অর্জনকেই স্বাভাবিক বলে মনে করেছিল। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। ডিজিটাল ক্যামেরার উৎকর্ষ সাধন না করায় ধীরে ধীরে ব্যবসা কমে যায়। একসময় তা মুখ থুবড়ে পড়ে।

কোডাকের যখন পতন শুরু হয়, তখন তারা কিনা ফিল্ম উন্নয়নে মনোযোগ দিতে শুরু করে। তত দিনে অনেক দেরি হয়ে গেছে। কারণ, তখন ফিল্ম প্রায় অচল হয়ে পড়েছে।

এর ওপর ইতিমধ্যে পৃথিবীতে স্মার্টফোনের আবির্ভাব ঘটে গেছে। প্রযুক্তিগত উৎকর্ষের ফলে স্মার্টফোনের দ্রুত উন্নতি ও প্রসার ঘটে। ফলে স্মার্টফোনে অনেক শক্তিশালী ক্যামেরা সংযোজিত হতে থাকে। এ নিয়ে যেন স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতার ভিত্তিতে অধিকতর শক্তিশালী ও নিত্যনতুন সুবিধা ও বৈশিষ্ট্যমণ্ডিত ক্যামেরার সংযোজন ঘটায়। এই সময় ছবি প্রিন্ট করা ও অ্যালবামে রাখার প্রয়োজনীয়তাও বলতে গেলে ফুরিয়ে যেতে থাকে। কারণ, মানুষ এখন অ্যালবামের পরিবর্তে কম্পিউটার, গুগলসহ নানাভাবে ছবি সংরক্ষণের সুযোগ পেয়ে যায়।

এদিকে ক্রমাগত ব্যবসায়িক মন্দার পরিস্থিতিতে কোডাক ২০১২ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করে। ১২৩ বছরের পুরোনো ব্যবসা ছেড়ে ওষুধের কাঁচামাল উৎপাদনের কারখানা গড়ে তোলে। এ জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ৭৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ নেয় কোডাক। এখন ওষুধের কাঁচামাল উৎপাদনই এক সময়কার ক্যামেরা ও ফিল্ম তৈরির ব্র্যান্ড কোডাকের ব্যবসা।

স্মার্টফোনের মহা উত্থান

প্রযুক্তিগত উৎকর্ষের ধারাবাহিকতায় এই শতকে ঝড়ের গতিতে সনাতনী ও ডিজিটাল ক্যামেরাকে হটিয়ে ছবি তোলার প্রধান মাধ্যম হয়ে ওঠে স্মার্টফোন। ফলে একসময়ের জনপ্রিয় অনেক পণ্য ‘অচল’ হয়ে পড়ে। এর মধ্যে অন্যতম একটি হলো কোডাকের ‘ডিজিটাল ক্যামেরা’। ছবি তুলতে মানুষ এখন আর ডিজিটাল ক্যামেরা তেমন ব্যবহার করেন না। এই অভিমত ক্যামেরা অ্যান্ড ইমেজিং প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের (সিআইপিএ)। বিশেষজ্ঞদের মতে, ১৯৫১ সাল থেকে ডিজিটাল ক্যামেরার ব্যবহার শুধু বেড়েছে। এর মধ্যে ২০০৮ ও ২০১০ সালে ডিজিটাল ক্যামেরার বাজারের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। এরপরই এটি প্রবল ধসের মুখে পড়ে। জার্মান বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা সিআইপিএর সদস্য অলিম্পাস, ক্যাসিও, ক্যানন, কোডাক, সনি ও নাইকনের মতো প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে দেখেছে বিশ্বব্যাপী সিআইপিএ সদস্যদের তৈরি ফটো ডিভাইসের প্রবৃদ্ধি অনেক কমেছে।

বিশ্বে ২০১০ সালে সর্বোচ্চ ১২ কোটি ১০ লাখ ইউনিট ডিজিটাল ক্যামেরা বিক্রি হয়। এরপরই বাজারে ডিজিটাল ক্যামেরার চাহিদা ৮৪ শতাংশ কমেছে। ২০১৮ সালে মাত্র ১ কোটি ৯৪ লাখ ইউনিট ক্যামেরা বাজারে এসেছে, যা এর আগের ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকেরা বলছেন, ২০১৭ সালেই বিশ্বজুড়ে ১ হাজার ২০০ বিলিয়ন ছবি তোলা হয়েছিল, যেটাকে মানব ইতিহাসে সর্বোচ্চ বলে মনে করা হয়। এর মধ্যে ৮৫ শতাংশ ছবিই তোলা হয়েছিল স্মার্টফোনে। পরের বছরগুলোয় যে সংখ্যাটি আরও অনেক বেড়েছে, তা বলা বাহুল্য! 

তথ্যসূত্র: গোব্যাংকিংগ্রেটস, এন্ট্রাপ্রেনিউর ডটকম, ইয়াহু।