নাইজেরিয়ার মেলায় অংশ নিল ১০ বাংলাদেশি ওষুধ কোম্পানি

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লেগোসের ল্যান্ডমার্ক সেন্টারে গতকাল মঙ্গলবার ২০২৬ সালের ফার্মা ওয়েস্ট আফ্রিকা প্রদর্শনী শুরু হয়েছে। সেখানে একটি বাংলাদেশি স্টলের ছবিছবি : ইপিবির সৌজন্যে

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লেগোসের ল্যান্ডমার্ক সেন্টারে গতকাল মঙ্গলবার ২০২৬ সালের ফার্মা ওয়েস্ট আফ্রিকা প্রদর্শনী শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। এই বাণিজ্যিক মেলায় বিশ্বের অর্ধশতাধিক দেশের ২৫০টি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ৪ হাজার ৫০০ পেশাদার ক্রেতা অংশগ্রহণ করছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ হাইকমিশন আবুজা, নাইজেরিয়ার ব্যবস্থাপনায় দেশের ১০টি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। ইপিবি গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, এক্‌মি ফার্মাসিউটিক্যালস, এরিস্টোফার্মা, ইনসেপ্‌টা, ইউরো ফার্মা, নিভিয়ান ফার্মাসিউটিক্যালস, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস, জিস্কা ফার্মা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস ও ওরিয়ন ফার্মাসিউটিক্যালস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলাটি পশ্চিম আফ্রিকার দেশগুলোর ওষুধ খাতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ওষুধ খাতের যোগাযোগ সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছে। এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বা মেনা) অঞ্চলের শীর্ষস্থানীয় ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং পেশাদার ক্রেতারা অংশ নেয়।

মেনা অঞ্চলে আলজেরিয়া, বাহরাইন, মিসর, ইরাক, ইরান, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ইত্যাদি দেশ রয়েছে।

এ মেলায় ইপিবির বিশেষ বুথে বাংলাদেশের ওষুধ খাতের ক্রমবিকাশ এবং সম্ভাবনার ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া মেলায় বাংলাদেশের ওষুধ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ওপর একটি ব্রশিওর প্রকাশ করা হয়েছে।