স্বজনতোষী পুঁজিপতিদের সম্পদ বাড়ছেই, তালিকায় কোন দেশের কী অবস্থান

গ্রাফিক্সইকোনমিস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বেই স্বজনতোষী পুঁজিপতি বা ক্রোনি ক্যাপিটালিস্টদের বাড়বাড়ন্ত হচ্ছে। সুপরিচিত সাময়িকী দ্য ইকোনমিস্টের ক্রোনি ক্যাপিটালিজম ইনডেক্স অনুসারে, ২০২৩ সালে বিশ্বজুড়ে স্বজনতোষণকারী পুঁজিপতিদের সম্পদ বৈশ্বিক জিডিপির ৩ শতাংশে উন্নীত হয়েছে। ২৫ বছর আগে এই অনুপাত ছিল বৈশ্বিক জিডিপির ১ শতাংশ।

২০২৩ সালে স্বজনতোষী পুঁজিপতিদের সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলার। ২৫ বছর আগে যা ছিল ৩১৫ বিলিয়ন বা ৩১ হাজার ৫০০ কোটি ডলার। এই যে স্বজনতোষী পুঁজিপতিদের সম্পদ বৃদ্ধি হয়েছে, তার ৬৫ শতাংশই ঘটেছে হাতে গোনা চারটি দেশে—যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়া।

দ্য ইকোনমিস্ট বলছে, স্বজনতোষী পুঁজিপতিদের সম্পদের সবচেয়ে উর্বর ক্ষেত্র হচ্ছে স্বৈরতান্ত্রিক দেশগুলো। এদের সম্পদের ৪০ শতাংশের উৎস হচ্ছে স্বৈরতান্ত্রিক দেশগুলো। এসব দেশের জিডিপি বা মোট দেশজ উৎপাদনের ৯ শতাংশই এই গোত্রের পুঁজিপতিদের হাতে। বিশ্বের অন্তত ৩১১ জন শতকোটিপতির কথা বলেছে ইকোনমিস্ট, যাদের সম্পদের বড় অংশ রাষ্ট্রের সঙ্গে ‘অন্তরঙ্গ’ লেনদেনের মাধ্যমে এসেছে বলে ধারণা করা হয়।

স্বজনতোষী পুঁজিপতিদের সম্পদ পরিমাপে ফোর্বস ম্যাগাজিনের তথ্য ব্যবহার করেছে দ্য ইকোনমিস্ট।

ক্রোনি ক্যাপিটালিজম কী

দ্য ইকোনমিস্টের সংজ্ঞানুসারে, বিশ্বের অনেক শীর্ষ ধনী প্রচুর অর্থের মালিক হয়েছেন স্রেফ ‘রেন্ট সিকিং’ করে; বাংলায় যাকে বলা যায় অনুপার্জিত আয়। অর্থনীতির ভাষায়, সাধারণ মানুষ কোনো পণ্য কিনতে বা সেবা পেতে যে মূল্য পরিশোধ করে, আর যা করা উচিত ছিল—এই দুইয়ের পার্থক্যই হলো ‘ইকোনমিক রেন্ট’।

স্বজনতোষী পুঁজিবাদের ব্যাখ্যাটা এ রকম—প্রতিটি দেশে এমন অনেক খাত আছে, যেখানে ব্যবসা করতে হলে সরকারের অনুমোদন লাগে অথবা ব্যবসাটি একচেটিয়া ধরনের, যেখানে অন্য কেউ ঢুকতে পারে না বা ঢুকতে দেওয়া হয় না। এসব ব্যবসা পেতে হলে সরকারের সরাসরি লাইসেন্স বা পৃষ্ঠপোষকতা লাগে, ঘুষ দিতে হয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে হয়, আইনের ফাঁকফোকর ব্যবহার করতে হয় বা জমি দখল করতে হয়।

এসব ব্যবসায়ী তাদের উৎপাদিত পণ্য বা সেবার দাম বাড়িয়ে বিক্রি করে, আর সাধারণ মানুষকে বেশি দামে তা কিনতে হয়। দ্য ইকোনমিস্ট যেমনটা বলেছে, তারা কেকের আকার-আকৃতি বৃদ্ধি করতে পারে না, কিন্তু কেকের সবচেয়ে বড় টুকরোটা দখল করে ফেলে। ফলে অন্যরা কম পায়।

কোন দেশে স্বজনতোষীদের কত সম্পদ

যেসব দেশে স্বজনতোষী পুঁজিপতিদের সম্পদ সবচেয়ে বেশি, তাদের মধ্যে রাশিয়া এবারও শীর্ষে রয়েছে। সে দেশের শীর্ষ ধনীদের সম্পদের সিংহভাগ স্বজনতোষণকারী খাত থেকে এসেছে—এর হার জিডিপি বা মোট দেশজ উৎপাদনের ১৯ শতাংশ। তবে ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ার স্বজনতোষীদের সম্পদ এ বছর কিছুটা কমেছে। ২০২১ সালে যা ছিল ৪৫৬ বিলিয়ন বা ৪৫ হাজার ৬০০ কোটি ডলার, ২০২৩ সালে তা এসে দাঁড়িয়েছে ৩৮৭ বিলিয়ন বা ৩৮ হাজার ৭০০ কোটি ডলারে।

২০২২ সালের মার্চ মাসে জি–৭, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার অলিগার্ক বা অতিধনী, অভিজাত, গোষ্ঠী শাসকদের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। এক বছর পরে তারা জানায়, এ প্রক্রিয়ায় রুশ ধনীদের ৫৮ বিলিয়ন বা ৫ হাজার ৮০০ কোটি ডলার জব্দ করা হয়েছে। তবে এর আগে পশ্চিমের দেশগুলো অবাধে রুশ ধনীদের নিজেদের দেশে সম্পদ কিনতে দিয়েছে। বিপত্তি ঘটেছে কেবল যুদ্ধ শুরুর পরে।

এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই ধনীদের ওপর খড়্গহস্ত হয়েছেন। তাঁর অভিযোগ, রাশিয়ার এই ধনীরা বিদেশে সম্পদ পাচার করে বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

যুক্তরাষ্ট্রে স্বজনতোষী খাতের সম্পদ জিডিপি বা মোট দেশজ উৎপাদনের ২ শতাংশ। তবে দ্য ইকোনমিস্ট বলছে, সে দেশের প্রযুক্তি খাত স্বজনতোষী চরিত্র লাভ করছে। ২০১৭ সালে দেশটির প্রযুক্তি খাতের কেনাবেচার অর্ধেকের বেশি করেছে মাত্র ২০টি কোম্পানি। প্রযুক্তি কোম্পানিগুলো লবিংয়েও পারদর্শী। গত বছর এ বাবদ ১০ কোটি ডলার ব্যয় করেছে তারা। ফলে সেখানেও স্বজনতোষী ব্যবস্থা গড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

স্বজনতোষী পুঁজিপতিদের আরেকটি উর্বরভূমি হচ্ছে চীন। দেশটির কমিউনিস্ট পার্টির সরকার ১৯৭০-এর দশকের শেষভাগে যে সংস্কার কার্যক্রম শুরু করে, তাতে সেখানে একপর্যায়ে বেসরকারি খাত অনেকটাই বড় হয়। সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হয়নি, কিন্তু একপর্যায়ে এদের অনেকেই এত বড় হয়ে যায় যে নিজেদের মতো করে চলার চিন্তা করে। পরে তাতে বাদ সাধে চীন সরকার।

এক দশক ধরে চীনের কর্তৃপক্ষ বেসরকারি পুঁজির ওপর খড়্গহস্ত। সে কারণে দেশটির স্বজনতোষণকারী খাতের সম্পদ কমেছে। ২০১৮ সালে এর হার সবচেয়ে বেশি বেড়ে জিডিপির ৪ দশমিক ৪ শতাংশ হয়। তবে ২০২৩ সালে তা নেমে এসেছে ২ দশমিক ৫ শতাংশে।

চীনে এখন সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ না হয়ে বা তার আজ্ঞাবহ না হয়ে ব্যক্তি পুঁজিপতিদের পক্ষে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা–ও কয়েক বছর নিখোঁজ ছিলেন। আরও অনেক পুঁজিপতিও সময়-সময় নিখোঁজ হয়ে যাচ্ছেন দেশ থেকে। সি চিন পিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষের শাস্তি হয়েছে।

ভারতেও স্বজনতোষী খাতের বাড়বাড়ন্ত হচ্ছে। গত কয়েক বছর তার আকার জিডিপির ৫ শতাংশ থেকে ৮ শতাংশে উন্নীত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ ধনী গৌতম আদানির সখ্যের কথা সুবিদিত। তাঁদের এই সখ্যকে সমালোচকেরা স্বজনতোষী পুঁজিবাদের নমুনা হিসেবে আখ্যা দেন।

স্বজনতোষী খাত

এ বছরের প্রতিবেদনে ইকোনমিস্ট খাতগুলোর তালিকা না দিলেও এর আগে দেওয়া তাদের তালিকা অনুসারে, ক্রোনি ক্যাপিটালিজম সৃষ্টি করে, এমন ১০ ধরনের ব্যবসা আছে। যেমন ক্যাসিনো, কয়লা, পাম তেল ও কাঠের ব্যবসা, প্রতিরক্ষার কেনাকাটা, ব্যাংকিং, অবকাঠামো ও পাইপলাইন তৈরি, সমুদ্র ও বিমানবন্দর, রিয়েল এস্টেট ও নির্মাণ, ইস্পাত, অন্যান্য ধাতব, খনন ও পণ্য, সেবা ও টেলিফোন খাত।

ক্রোনি ক্যাপিটালিজম ইনডেক্সে যে ১৮টি দেশের একটি তালিকা ইকোনমিস্ট প্রকাশ করেছে, তার শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে চেক রিপাবলিক। তালিকায় পরের দুটি স্থান মালয়েশিয়া ও সিঙ্গাপুরের।