ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও
ব্রহ্মপুত্রতীরে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’
৪০০ বছরের পুরোনো দত্তের বাজারে এখন পাইকারি ব্যবসায়ী হাতে গোনা, বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন।
পুরোনো ব্রহ্মপুত্র নদের ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা ৪০০ বছরের এক সোনালি ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী একটি গ্রামীণ বাজার। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার দক্ষিণ প্রান্তে এবং কিশোরগঞ্জ জেলার সীমানা ঘেঁষে অবস্থিত প্রাচীন নৌবাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’। উন্নয়নের ধারায় এ বাজারের যোগাযোগব্যবস্থায় এসেছে পরিবর্তন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাজারটির সঙ্গে নানা দিক থেকে সড়কপথে এখন সংযোগ স্থাপিত হয়েছে। নদীমাতৃক বাংলার শিকড়-ছোঁয়া হাটটি ক্রমেই এই জনপদের বাণিজ্য, যোগাযোগ ও সামাজিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে।
ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে গড়ে ওঠা দত্তের বাজারে আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্যের দেখা মেলে। গভীরভাবে দেখলে হাটটি যে কাউকে ফিরিয়ে নিয়ে যায় অতীত স্মৃতির মন্থনে। যেখানে শহুরে আধুনিকতার ছোঁয়া লাগেনি; বরং আশপাশের গ্রাম ও চরগুলোর মানুষ এখনো এই হাটের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। যেমনটি তারা করে এসেছে কয়েক প্রজন্ম ধরে। শত শত বছর ধরে অস্থায়ী দোকাননির্ভর এ হাটে এখন কিছু স্থায়ী দোকান বসেছে। নদের তীরের হাটটিকে দুই ভাগ করে মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও থেকে গাজীপুরের টোক অভিমুখী সড়ক। এই সড়ক স্থাপনের পর দুই পাশে গড়ে উঠেছে স্থায়ী দোকান।
জাতীয় তথ্য বাতায়নের তথ্য বলছে, ১৩৯২ সালে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ এলাকা মুসলিম শাসনে আসে। এরপর মোগল শাসনামলে এ অঞ্চলে বেশ কিছু হাটবাজার প্রতিষ্ঠা লাভ করে। গফরগাঁও উপজেলা ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, দত্তের বাজার একটি ঐতিহাসিক হাট। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী হাটটি পাইকারি মাছ, পাট ও কাঁচাবাজারের জন্য বিখ্যাত।
স্থানীয় মানুষের ধারণামতে, দত্তের বাজারের জন্ম মোগল শাসনামলের মাঝামাঝি কোনো এক সময়ে। অতীতে ব্রহ্মপুত্র নদই ছিল এ অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান পথ। ব্রহ্মপুত্রের অববাহিকায় একসময় প্রচুর শণ জন্মাত। সেই শণ দিয়ে এ অঞ্চলের মানুষ ঘর, ঘরের চালা, বেড়া, ঝাড়ু, রশিসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করত। ফলে শণের প্রচুর চাহিদা থাকায় একসময় বণিকেরা বড় বড় নৌকায় করে শণ নিয়ে এসে কেনাবেচা করতেন। সেই শণের বাণিজ্য ঘিরে সৃষ্টি হয়েছিল একটি হাটের, যা সেই সময়ে স্থানীয় লোকমুখে ‘ছন্নের হাট’ নামে পরিচিতি লাভ করে।
স্থানীয় বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, গফরগাঁওয়ের প্রাচীন বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে দত্তের বাজার অন্যতম। কালের বিবর্তনে হাটের বাণিজ্যের পরিবর্তন ঘটেছে। উনিশ শতকে এই হাট পাটের জন্য বিখ্যাত ছিল। ব্রহ্মপুত্রের নৌপথে পাটের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। ওই সময় এ অঞ্চলে উৎপাদিত পাট যেত বিভিন্ন বড় বাণিজ্যকেন্দ্রে। ইতিহাসবিদ সিরাজুল ইসলামের কমার্শিয়াল হিস্ট্রি অব ঢাকা গ্রন্থে ময়মনসিংহ জেলার পাট সংগ্রহকেন্দ্র হিসেবে গফরগাঁওয়ের নাম উল্লেখ আছে।
হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, শুরু থেকেই প্রতি সপ্তাহে দুই দিন সোম ও শুক্রবার হাট বসে। কালের পরিক্রমায় হাটের নাম হয় ‘দত্তের বাজার’। স্থানীয় মানুষের হিসাবে হাটটি ৪০০ বছরের বেশি পুরোনো। নামের উৎস নিয়ে সরকারি দপ্তরে সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে প্রচলিত ধারণা, নদীতীরে নৌঘাট আর শণ বেচাকেনাকে ঘিরে গড়ে উঠেছিল ছন্নের হাট। পরে হাটটিতে ব্রিটিশ আমলে বা তারও আগে এখানকার প্রভাবশালী ‘দত্ত’ পরিবারের এক ব্যক্তি স্থায়ী বাজারের গোড়াপত্তন করেন। জনশ্রুতি আছে, তিনি একজন জমিদার, জোতদার বা ধনী ব্যবসায়ী ছিলেন। এরপর ধীরে ধীরে লোকমুখে হাটটি ‘দত্তের বাজার’ নামে পরিচিতি লাভ করে।
৬০ বছরের বেশি সময় ধরে দত্তের বাজারে লবণের ব্যবসা করেন মোহাম্মদ হজরত আলী ফকির। তিনি প্রথম আলোকে জানান, শণের ব্যবসা দিয়ে হাটের গোড়াপত্তন হওয়ার পর একসময় এই হাটে পাটের বাণিজ্যও বেশ প্রসার লাভ করেছিল। তখন আশপাশের অঞ্চলগুলোর মানুষ এক নামে জানত যে দত্তের বাজার পাটের ব্যবসার জন্য বিখ্যাত। এরপর ধীরে ধীরে দত্তের বাজার হয়ে ওঠে গফরগাঁও, কিশোরগঞ্জের হোসেনপুর, পাকুন্দিয়া উপজেলাসহ আশপাশের ২৫-৩০ গ্রামের প্রধান হাট।
শণ ও পাটের ঐতিহ্য হারিয়ে গেলেও কৃষিপণ্যনির্ভর বাণিজ্য টিকে আছে। বর্তমানে এ হাটে শাকসবজি, চাল-ডাল, মাছ, মসলা, মাটি ও বাঁশের তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, মিষ্টান্ন, জামাকাপড় থেকে শুরু করে গরু-ছাগল সবই কেনাবেচা হয়। রিকশাচালক তাজুল ইসলাম (৬০) এ হাট নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘ছোটবেলা থেকে দেখছি, দূরদূরান্ত থেকে মানুষ বড় বড় নৌকায় করে এখানে আসত পণ্য কেনাবেচার জন্য। দত্তের বাজারকে সবাই এক নামে চেনে। আমাদের অন্য কোথাও যেতে হয় না। এখানেই দরকারি সব পাওয়া যায়। এটি এ অঞ্চলের সবচেয়ে পুরোনো আর বড় হাট।’
দত্তের বাজার ভৌগোলিকভাবে গফরগাঁও উপজেলার অংশ হলেও এখানে আসা বেশির ভাগ ব্যবসায়ী ও ক্রেতা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বাসিন্দা। গফরগাঁও আর হোসেনপুর ও পাকুন্দিয়াকে আলাদা করে মধ্যে দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই নদের বুক চিরে জন্ম নিয়েছে অনেকগুলো চর। এই চরে উৎপাদিত শাকসবজি নৌকা-ট্রলারে করে আসে দত্তের বাজারে। সোম ও শুক্রবার দুই দিন হাট বসলেও মূল হাট বা বড় হাট বসে সোমবারে। সেদিন হাটে দোকানের সংখ্যা আর লোকসমাগম হয় বেশি, গরু-ছাগলের হাটও বসে এদিন।
সোমবারের হাটে গড়ে পাঁচ হাজারের বেশি লোকসমাগম হয়। হাটে আসা মানুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও লক্ষণীয়। বিশেষ করে ছাগলের হাটের পাশে গাছতলায় বেশ কয়েকজন নারী বিক্রেতা খুচরা চাল বিক্রি করেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিত এখানে তাঁরা চাল কেনাবেচা করেন।
যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে সড়কপথের প্রভাব বাড়লেও দত্তের বাজারে বেশির ভাগ পণ্য এখনো আসে নৌপথে। মেশিনচালিত ছোট-বড় নৌকায় ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসেন। এটি এখনো ধরে রেখেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের বৈশিষ্ট্য। অল্প কিছু স্থায়ী শেড বাদে বেশির ভাগ ব্যবসায়ীই পণ্যের পসরা সাজিয়ে বসেন খোলা আকাশের নিচে, গাছতলায় অথবা অস্থায়ী প্লাস্টিক-ত্রিপলের শেডের নিচে। হাট শেষে সেই শেডগুলো আবার খুলে নিয়ে যান ব্যবসায়ীরা। পুরোনো দিনের মতো খোলা লবণ আর ঘানিতে ভাঙা ভোজ্যতেল বোতলে করে বিক্রির দেখা মেলে এ হাটে। পুরো হাট ঘুরে ডিজিটাল ওয়েট স্কেলের দেখা পাওয়া দুষ্কর; ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা করেন দাঁড়িপাল্লায় মেপে। দুপুর গড়ানোর পর বেলা ২টায় শুরু হওয়া এ হাট চলে রাত ১০টা অবধি।
বর্তমানে গফরগাঁও উপজেলা পরিষদের অধীনে পরিচালিত হওয়া হাটটিতে স্থায়ী-অস্থায়ী মিলে পাঁচ শতাধিক দোকান বসে। বার্ষিক লেনদেনের পরিমাণ ১২০ কোটি টাকার বেশি। গফরগাঁও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘দত্তের বাজার এ অঞ্চলের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ হাট। ঐতিহাসিক হাটটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে এই হাট থেকে বছরে ১২ লাখ টাকা রাজস্ব আয় করছে সরকার।’
এখন এই হাটে পাইকারি ব্যবসায়ী হাতে গোনা, বেশির ভাগ ব্যবসায়ী কেবল নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যস্বত্বভোগী না থাকায় অন্যান্য বাজারের তুলনায় এখানে পণ্যের দাম কম। ফলে স্থানীয় পর্যায়ে হাটটির জনপ্রিয়তা এখনো টিকে রয়েছে।
দত্তের বাজার শুধু একটি হাট নয়, স্থানীয় মানুষের পারস্পরিক সম্পর্ক স্থাপন ও যোগাযোগ রক্ষারও একটি বড় উপলক্ষ। হাটের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্রের পাড়জুড়ে আছে অনেকগুলো চায়ের টংদোকান। বিকেল থেকে দোকানগুলো পরিণত হয় ক্রেতা-বিক্রেতাদের আড্ডাস্থলে। এমন আড্ডায় চা পানরত একজন প্রবীণ জানান, তিনি এসেছেন নদীর ওপারের হোসেনপুর থেকে, পরিচিতজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে গল্পগুজব করতে। শরীর সুস্থ থাকলে প্রতি হাটেই তিনি এখানে আসেন। তাঁর মতো আরও অনেকেই আসেন। আড্ডা থেকে অনেক বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্কের সূত্রপাতও হয়।
৪০০ বছরে প্রমত্ত ব্রহ্মপুত্র এখন সরু খালে পরিণত হয়েছে। সড়ক বদলেছে, ব্যবসার ধরন পাল্টেছে; এমনকি দত্ত পরিবারের নামটুকু কেবল বাজারের নামে টিকে আছে। কিন্তু দত্তের বাজারের পরিচয় শুধু কেনাবেচায় সীমাবদ্ধ থাকেনি; এটি আশপাশের কয়েক ডজন গ্রামের মানুষের সামাজিক যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক ও গ্রামীণ সংস্কৃতির পরিচিত ঠিকানা হয়ে উঠেছে। হাটের শেষে নদীর পাড়ের চায়ের দোকানে ভিড় জমে। কেউ বেচাকেনার হিসাব মেলান, কেউ–বা শুধু নদীর শান্ত জলরাশির দিকে তাকিয়ে থাকেন। নদীর ঘাট, হাটের কোলাহল, কৃষকের পণ্য আর ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি—সব মিলিয়ে দত্তের বাজার যেন আবহমান বাংলার ঐতিহ্যকে পরম যত্নে বুকে ধারণ করা একটি উপন্যাসের পাতা, যা যুগ যুগ ধরে নদীর তীরে দাঁড়িয়ে বাংলার মাটি ও মানুষের কথাই বলে চলেছে।