জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মার্চে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে

চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এ জন্য ইউরোপের দেশগুলোয় গত মার্চ মাসে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। তাতে চলতি বছর প্রথমবারের মতো বৈশ্বিক বাজারে ইভি বিক্রিতে প্রবৃদ্ধি দেখা গেছে।

পরামর্শক প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের (বিএমআই) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার প্রতিবেদনটি প্রকাশ হয়। খবর রয়টার্সের

বিএমআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে গত মার্চে ১৭ লাখ ৪৮ হাজার ব্যাটারিচালিত ও প্লাগ ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন হয়েছে, যা বিক্রয়ের একটি সূচক হিসেবে ধরা। এই নিবন্ধন গত ফেব্রুয়ারি মাসের তুলনায় ৬৯ শতাংশ বেশি। আর গত বছরের মার্চের তুলনায় বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। গত মাসে ইউরোপের দেশগুলোয় ৫ লাখ ৪০ হাজার ইভি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৭ শতাংশ বেশি।

বিএমআইয়ের ডেটা ম্যানেজার চালর্স লেস্টার বলেন, সাধারণত গাড়ির নিবন্ধন বিক্রির তুলনায় কিছুটা পিছিয়ে থাকে। ইভি বিক্রি বৃদ্ধির বড় একটি অংশই পেট্রলের মূল্যবৃদ্ধির কারণে হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকটে যেসব দেশে জ্বালানির দাম বেশি বেড়েছে, সেসব দেশে ইভির চাহিদা বেশি বেড়েছে। যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও থাইল্যান্ড। চীন, ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে অন্য দেশগুলোয় ইভি নিবন্ধন গত মাসে ৭৯ শতাংশ বেড়েছে।

বিএমআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে জার্মানিতে ১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় এই বিক্রি ৪৭ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে ২ লাখ ৩৮ হাজার ইভি বিক্রি হয়েছে।

এ ছাড়া গত মাসে যুক্তরাজ্যে ১ লাখ ৩৯ হাজার ইভি বিক্রি হয়েছে, যা গত বছরের মার্চের তুলনায় ৩০ শতাংশ বেশি। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ইভি বিক্রি দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ইউনিট, যা গত বছরের প্রথম তিন মাসের তুলনায় ২২ শতাংশ বেশি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত মার্চে ফ্রান্সে ৬২ হাজার, নরওয়েতে ১৮ হাজার, সুইডেনে ১৮ হাজার ও নেদারল্যান্ডসে ১৯ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের মার্চের তুলনায় গত মাসে বৈদ্যুতিক গাড়ি বিক্রি ফ্রান্সে বেড়েছে ৫৩ শতাংশ, নরওয়েতে ৩৯, সুইডেনে ২২ এবং নেদারল্যান্ডসে সাড়ে ৫ শতাংশ।

ইউরোপের দেশগুলোয় ইভি বিক্রি বাড়লেও চীনে কমেছে। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় গত মাসে ইভি বিক্রি ১৪ শতাংশ কমে ৮ লাখ ৫১ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। যদিও চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে মোট ১৯ লাখ ইভি বিক্রি হওয়ার তথ্য দিয়েছে বিএমআই।

বিএমআইয়ের ডেটা ম্যানেজার চার্লস লেস্টার বলেন, চীন গাড়ি বদলে ভর্তুকি বন্ধ করেছে। এ ছাড়া ইভি কেনার করছাড়ের মেয়াদ শেষ হয়েছে। আগে ছোট আকারের ইভি কেনায় আগ্রহী চীনা ক্রেতারা এখন বড় গাড়ির দিকে ঝুঁকছেন বলে জানান তিনি।

এ ছাড়া উত্তর আমেরিকায় ইভি নিবন্ধন ৩০ শতাংশ কমে ১ লাখ ২১ হাজার ৫০০–তে নেমেছে। যুক্তরাষ্ট্রে ইভি ট্যাক্স ক্রেডিট স্কিম শেষ হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কার্বন ডাই–অক্সাইড নির্গমন মান আরও শিথিল করার প্রস্তাবে ইভি বিক্রি কমেছে।