এমসিসিআইয়ের নতুন নেতৃত্ব নির্বাচন, সভাপতি কামরান তানভিরুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরান তানভিরুর রহমান সভাপতি , হাবিবুল্লাহ এন করিম জ্যেষ্ঠ সহসভাপতি ও সিমিন রহমান সহসভাপতি

কামরান তানভিরুর রহমান ২০২৪ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার (এমসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে হাবিবুল্লাহ এন করিম জ্যেষ্ঠ সহসভাপতি ও সিমিন রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় তাঁদের যথাক্রমে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হয়েছে; যা আজ বৃহস্পতিবার সংগঠনের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয়। এমসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এমসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি কামরান তানভিরুর রহমান পাট ও চা খাতের একজন উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস এবং কাপনা টি কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি এর আগে ২০২২ ও ২০২৩ সালে এমসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি এবং ২০১৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হাবিবুল্লাহ এন করিম টেকনোহেভেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ২০০২-০৩ ও ২০০৮-০৯ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন। এ ছাড়া ২০১৯-২১ সালে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এমসিসিআইয়ের নবনির্বাচিত সহসভাপতি সিমিন রহমান ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ট্রান্সকম গ্রুপের আওতাধীন সব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য এবং পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রান্সকম লিমিটেড হচ্ছে মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড, রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং পূবালী ব্যাংক লিমিটেডের অন্যতম প্রধান স্টেকহোল্ডার।

এ ছাড়া সিমিন রহমান দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ট্রান্সকমের কয়েকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্বে আছেন। তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি-বাংলাদেশ) নির্বাহী বোর্ডের সদস্য। ফারাজ হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন সিমিন রহমান।

এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন মডার্ন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ তারেক মো. আলী, শেলটেক (প্রা.) লিমিটেডের এমডি তানভির আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক উজমা চৌধুরী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) এমডি আরিফ দৌলা, পিকার্ড বাংলাদেশের এমডি মো. সায়ফুল ইসলাম, সাতগাঁও টি এস্টেটের ম্যানেজিং পার্টনার আরদাশীর কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস করপোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন এবং এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ।